বঙ্গভবনে জামায়াত প্রতিনিধি দল, আমিরের ডিভাইস হ্যাকের বিষয়ে জানানোর দাবি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬ | ২২:৩৩
বঙ্গভবনের নামে ই-মেইল ব্যবহার করে কীভাবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ডিভাইস হ্যাক করা হয় তা ২৪ ঘণ্টার মধ্যে জানানোর দাবি জানিয়েছে দলটি।
আজ মঙ্গলবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সামরিক সচিবের সঙ্গে সাক্ষাৎ করে এ দাবি জানায় জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিরাজুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল। বঙ্গভবন থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের বলেছেন, গত ৩১ জানুয়ারি বিকেল ৪টার পর ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল সাইবার আক্রমণের শিকার হয়। ওইদিন বিকেল ৪টা ৩৭ মিনিটে আপত্তিকর টুইট করা হয়। বিষয়টি শনাক্ত হওয়ার পর বিকেল ৫টা ৯ মিনিটে পাসওয়ার্ড পরিবর্তনের মাধ্যমে জামায়াতের আইটি টিম হ্যান্ডেলটির পূর্ণ নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে। পরে বিকেল ৫টা ২২ মিনিটে হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে একটি জরুরি ঘোষণা দেওয়া হয়। সেই রাতে থানায় জিডি হলেও এখন দায়ী ব্যক্তিদের শনাক্ত করা হয়নি।
সিরাজুল ইসলাম বলেন, জামায়াতের করা ডিজিটাল ফরেনসিকে দেখা গেছে, বঙ্গভবনের নামে একটি ই-মেইল থেকে ফিশিং মেইল পাঠানো হয়েছিল, যার মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়া হয় বা হ্যাক করা হয়। প্রতিক্রিয়া না পাওয়ায় সরাসরি বঙ্গভবনে অভিযোগ জানানো হয়েছে। রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরীকে বিস্তারিত জানানো হয়েছে। তিনি আশ্বস্ত করেছেন, তদন্ত চলছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজুল বলেন, জামায়াত কালক্ষেপণ নয়, ২৪ ঘণ্টার মধ্যে তদন্তের অগ্রগতি ও প্রতিবেদন সরকারিভাবে প্রকাশ চায়।
- বিষয় :
- জামায়াতে ইসলামী
- বঙ্গভবন
- হ্যাকড
