শিবিরের বই প্রকাশনায় বক্তারা
জুলাইকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা চলছে
বইয়ের মোড়ক উন্মোচন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ০০:১০
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ৮টি বই প্রকাশ করেছে ইসলামী ছাত্রশিবির। আজ শনিবার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের মিলনায়তনে মোড়ক উন্মোচন করা বইগুলো হল, ‘রক্তে ভেজা সবুজ ডানা’, ‘এক মুঠো রোদ’, ‘আমার জুলাই’, ‘জুলাই বাংলা বর্ণমালা’, ‘জুলাই স্মৃতি (দ্বিতীয় খণ্ড)’, ‘জুলাই রেভল্যুশন ওয়ালস’, ‘Spirit of July : 24 A-Z’ এবং ‘মক্তব’।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এমপি। তিনি বলেন, বিভিন্নভাবে জুলাইয়ের চেতনাকে অবদমনের করার চেষ্টা চলছে। এর মধ্যে সবচেয়ে বড় অপচেষ্টা হল জুলাইকে মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানো। এই বিভাজনের রাজনীতি দেশের জন্য কল্যাণকর নয়। জুলাই ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের আন্দোলন।
সভাপতির বক্তব্যে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেন, গবেষণা, সাহিত্য, বুদ্ধিবৃত্তিক চর্চায় আগামী প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের স্মৃতি ও চেতনা পৌঁছে দেওয়া সম্ভব। যারা জুলাইয়ের গুরুত্বকে ম্লান করার চেষ্টা করছেন, তাদের ধিক্কার জানাই। জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে যদি কেউ মনে করে ক্ষমতা চিরস্থায়ী, তবে তা ভুল ধারণা।
বক্তৃতা করেন শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম এমপি, মঞ্জুরুল ইসলাম, গবেষক ড. মাহফুজুর রহমান আখন্দ, লেখক সাইফুল আরেফিন লেনিন, কবি সোলায়মান আহসান প্রমুখ।
সাইমুমের ‘শিশুদের চোখে জুলাই’
‘শিশুদের চোখে জুলাই’ শিরোনামে সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব শনিবার জাদুঘরের প্রধান মিলনায়তনে শুরু হয়েছে। উদ্বোধন করেন জুলাই শহীদ আনাসের মা।
জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি বলেন, সংসদ থেকে রাজপথ- সর্বত্রই ফ্যাসিবাদের সব অবশেষ দূর করতে হবে।
সাইমুম শিল্পীগোষ্ঠীর ভাইস চেয়ারম্যান ও শিবিরের সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ সিবগা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ১৩৩ জন শিশু শহীদ হয়েছে।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জিএস এস. এম. ফরহাদ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের, সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা প্রমুখ বক্তৃতা করেন।