শিবিরের গণজমায়েতে বক্তারা
ছাত্রদলকে না সামলালে পরিণতি আওয়ামী লীগের
বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ইসলামী ছাত্রশিবিরের আয়োজিত গণজমায়েতে বক্তারা। ছবি-ফোকাস বাংলা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬ | ২২:২১
ছাত্রদলকে না সামলালে বিএনপি সরকারের পরিণতি আওয়ামী লীগের মতো হবে বলে হুঁশিয়ার করেছেন ইসলামী ছাত্রশিবিরের গণজমায়েতের বক্তারা। আগের দিন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিবিরের ওপর হামলার প্রতিবাদে বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই সমাবেশ করা হয়। কর্মসূচি থেকে গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচারের দাবি জানানো হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শিবিরের কয়েক হাজার নেতাকর্মীর মিছিল টিএসসিতে শেষ হয়। নেতাকর্মীরা হাতে পিভিসি পাইপ বহন করে। মিছিল শেষে জমায়েতে বক্তারা অভিযোগ করেন, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, সন্ত্রাস ও চাঁদাবাজিকে আড়াল করতে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে।
শিবিরের সভাপতি নূরুল ইসলাম অভিযোগ করেন, মঙ্গলবারের হামলাকারীরা প্রকৃত ছাত্র নয়, সন্ত্রাসী। ছাত্রদল ক্যাম্পাসগুলোতে যাদের দিয়ে কমিটি দিয়েছে, তাদের অনেকের ছাত্রজীবন ১৫-২০ বছর আগেই শেষ হয়েছে। তাদের দিয়ে ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের ওপর হামলা চালানো হয়েছে। নারায়ণগঞ্জ ও কেরানীগঞ্জ থেকে ভাড়া করা সন্ত্রাসীদের আনা হয়েছে। ফ্যাসিবাদী আমলের মতো ক্যাম্পাসগুলোতে আবার হল দখল, গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনতে চায় ছাত্রদল।
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শিবির সভাপতি বলেন, ১৭ বছরের আন্দোলন-সংগ্রামে ছাত্রদলের নেতাকর্মীদের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি। সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বারবার বলা হলেও চাপাতি হাতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি।
জামায়াতের হামিদুর রহমান আযাদ বলেন, শিবির প্রতিটি শিক্ষাঙ্গনে ছাত্রসংসদ নির্বাচনে আদর্শ দিয়ে ছাত্রদলকে ধরাশায়ী করেছে। রাজনৈতিক ও আদর্শিক পরাজয়কে আদর্শ দিয়ে মোকাবিলা করতে ব্যর্থ হয়েই ছাত্রদল সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।
শিবিরের সাবেক সভাপতি রফিকুল ইসলাম খান এমপি বলেন, মঙ্গলবার পুলিশের পাহারায় হামলা করা হয়। পুলিশের উচিত আওয়ামী লীগের পরিণতি মনে রাখা।
সমাবেশে বক্তৃতা করেন শিবিরের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, ছাত্রদল ক্যাম্পাসের উন্নয়ন কাজে টেন্ডারবাজি করতে চায়। ছাত্রশিবির তা হতে দিতে চায় না। এ কারণেই দ্বন্দ্ব।
শিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় সাবেক সভাপতি সভাপতি নূরুল ইসলাম এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি আবু সাদিক কায়েমসহ বিভিন্ন ছাত্রসংসদের নেতারা বক্তৃতা করেন।
- বিষয় :
- ছাত্রশিবির