ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

সহিংস বিরোধী দল না হতে জামায়াতকে সম্পাদকদের পরামর্শ

সহিংস বিরোধী দল না হতে জামায়াতকে সম্পাদকদের পরামর্শ
×

বিরােধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকদের মতবিনিময় হয়েছে। গতকাল সােমবার রাজধানীর মিন্টো রােডে - বিজ্ঞপ্তি

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০৮:২২

| প্রিন্ট সংস্করণ

অতীতের মতো সহিংস বিরোধী দল না হতে জামায়াতে ইসলামীকে পরামর্শ দিয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা। তারা বলেছেন, বিরোধী দলকে রাজপথে সহিংস না হয়ে সরকারের গঠনমূলক সমালোচনা করতে হবে। 

গতকাল সোমবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান এবং সম্পাদকদের মতবিনিময় শেষে এসব কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জামায়াত মনে করে না গণমাধ্যমের সঙ্গে দূরত্ব আছে। সম্পাদকদের সঙ্গে বৈঠক এরই অংশ। 

মতবিনিময় সভায় অংশ নেন দৈনিক যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, প্রথম আলোর নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরীফ, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর, ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীন, প্রতিদিনের বাংলাদেশ সম্পাদক মারুফ কামাল খান, মানবকণ্ঠ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, খবরের কাগজ সম্পাদক মোস্তফা কামাল, আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান, ডেইলি ওয়াদা সম্পাদক শফিকুল আলম, করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, আগামীর সময় সম্পাদক মোস্তফা মামুন প্রমুখ।
জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, ‘সম্পাদকরা পরামর্শ দিয়েছেন, আপনারা বিরোধিতা করুন। সরকারের গঠনমূলক সমালোচনা করুন। জনগণের দাবি নিয়ে প্রয়োজনে রাজপথেও আপনারা থাকেন। কিন্তু আগের বিরোধী দলের মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস কোনো পথে গিয়ে দেশকে আর অস্থিতিশীল করবেন না।’ 

গোলাম পরওয়ার বলেছেন, সম্পাদকদের এই পরামর্শের পর জামায়াতের আমির শফিকুর রহমান বিরোধী দলের ভূমিকা তুলে ধরেছেন। গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সৃষ্ট সংকট ও এর উত্তরণে সংসদে ও রাজপথে বিরোধী দলের ভূমিকা স্পষ্ট করেছেন।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, অতীতে রাজনীতিতে যে খারাপ ঐতিহ্য ছিল, তা ভেঙে ভালো কাজে সরকারকে সহযোগিতা করা এবং জনস্বার্থবিরোধী কাজে প্রতিবাদ করার নীতিতে জামায়াত অটল আছে। সম্পাদকরা এই নীতির প্রশংসা করেছেন। জামায়াত আমির সম্পাদকদের বলেছেন, সব অন্যায় ও জনবিরোধী কাজে বিরোধী দল নিয়মতান্ত্রিক এবং গঠনমূলক বিরোধিতা জারি রাখবে। 
গোলাম পরওয়ার বলেন, উন্নয়নকাজে বরাদ্দে, সংসদে কথা বলায়, আইন প্রণয়নে, নোটিশ গ্রহণে বিরোধী দলের প্রতি বৈষম্য করা হচ্ছে। এসব বিষয় লেখনীর মাধ্যমে তুলে ধরতে সম্পাদকদের সহযোগিতা চেয়েছেন তারা। এ ক্ষেত্রে সরকারকেও দায়িত্বশীল হতে হবে বলে মনে করেন তারা।

আরও পড়ুন

×