ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

এনসিপি কার্যালয়ে জামায়াত আমির

এনসিপি কার্যালয়ে জামায়াত আমির
×

এনসিপি কার্যালয়ে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০০:৩৩

এনসিপি কার্যালয়ে গিয়ে দলটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে দেখা করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরের এনসিপি কার্যালয়ে গেলে বিরোধীদলীয় নেতাকে ফুলেল অভ্যর্ত্থনা জানান দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সেখানে শফিকুর রহমান বলেন, আমরা দেশ ও জনগণের জন্য এনসিপিসহ একসঙ্গে কাজ করছি। সংসদের ভিতরে ও বাইরে একসঙ্গে লড়ছি। গঠনমূলক বিরোধীদল হিসেবে দায়িত্ব পালনের চেষ্টা করছি। গণতন্ত্রের দুটি অঙ্গ সরকারি দল এবং বিরোধীদল। এছাড়া দেশ চলে না। বিরোধীদল ছাড়া গণতন্ত্র শূন্য। সংসদে বিরোধীদল হিসেবে যেটুকু পাওনা, তা থেকে আমরা বহুলাংশে বঞ্চিত।

জামায়াত আমির বলেন, সংসদের বাইরেও বৈষম্য পাকাপোক্ত হচ্ছে বলে মনে হচ্ছে। ৩০০ আসনে বরাদ্দের ক্ষেত্রে সরকারি দলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর ধারে কাছেও নেই বিরোধীদলের এমপিরা। সরকারি বরাদ্দ কোনো দলের না। 

বিরোধীদলীয় নেতা বলেন, উন্নয়ন নাগরিকের অধিকার। একটি দেশের ভিতরে যখনই বৈষম্যের সৃষ্টি হয়, তখন সামাজিক অসন্তোষ দেখা দেয়। দেশ কখনো এগিয়ে যেতে পারবে না, যদি একটি স্থিতিশীল সমাজ গড়ে না ওঠে। যা তৈরি করার মূল দায়িত্ব সরকারি দলের। 

শফিকুর রহমান বলেন, সংসদের সংরক্ষিত নারী সদস্যদের ক্ষেত্রেও বৈষম্য করা হচ্ছে। সরকারি দলের সংরক্ষিত নারী সদস্যদের বিরোধীদলের এমপিদের আসনে অতিরিক্ত দায়িত্ব দিয়ে বসানো হয়েছে। একটি দেশ ও জাতি এভাবে এগোতে পারে না।

জামায়াত আমির বলেন, গণভোটের রায় বাস্তবায়নে বিরোধী দল নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন করছে। সরকার বিরোধীদলকে রাজপথে ঠেলে দিয়েছে। আমরা এর সমাধান সংসদের ভিতরে চেয়েছিলাম। 

এসময় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, ডা মাহমুদা মিতু, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ মুহাম্মদ জাহিদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

×