ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

এ সংসদ জনগণের নয়: গয়েশ্বর

এ সংসদ জনগণের নয়: গয়েশ্বর
×

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ০৭:৪৪ | আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ | ১০:০৯

দলীয় সাংসদদের সংসদ থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এই সংসদ আওয়ামী লীগের। এটা জনগণের সংসদ নয়। সেখানে তাদের বিরুদ্ধে কথা বলতে দেবে না। দেশটার কথা একবার ভাবেন। সংসদ থেকে বেরিয়ে আসুন রাস্তায় নেমে আন্দোলন করি।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার স্মরণে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার পর প্রয়াত নেতার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির আন্দোলনের বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, একজন রাজনৈতিক নেতার মুক্তি কখনও আদালতনির্ভর হয় না। রাজনীতির মাধ্যমেই তার মুক্তি হয়। সরকারের ইচ্ছার বাইরে খালেদা জিয়ার মুক্তি আদালতের মাধ্যমে হবে না।

বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য বলেন, তারা একাদশ সংসদ নির্বাচনে গেলেন। নির্বাচনের সময় সাতটি দফা বা শর্ত দেওয়া হয়েছিল। শুধু খালেদা জিয়ার মুক্তি ছাড়া নির্বাচনে যাব না, এই একটি দফা থাকলেই খালেদা জিয়ার মুক্তির মাধ্যমেই নির্বাচন হতো।

সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলামের সভাপতিত্বে বিএনপি দলীয় সাংসদ মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন

×