দলত্যাগীরা কোন দলে যাবে তা নিয়ে চিন্তিত নয় এলডিপি: ড. রেদোয়ান আহমেদ
ড. রেদোয়ান আহমেদ- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০১৯ | ০৯:৩০
দলত্যাগী আর বাদ পড়া নেতারা কে কোন দলে যাবেন, তা নিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি চিন্তিত নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দলের তিন সিনিয়র নেতার পদত্যাগ ও সম্প্রতি এক নেতাকে বাদ দেওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেন, এলডিপি থেকে বাদ পড়ার পর কে কোন দল করবেন, এটা তাদের ব্যক্তিগত বিষয়। এ নিয়ে এলডিপি চিন্তিত নয়। এলডিপির প্রেসিডেন্ট, মহাসচিবসহ প্রেসিডিয়াম সদস্যরা সভা করেই নিষ্ফ্ক্রিয়দের কমিটিতে না রাখার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন। অযোগ্য, নিষ্ফ্ক্রিয়রা এলডিপি থেকে বাদ পড়বে, এতে বিচলিত হওয়ার কিছু নেই।
তিনি বলেন, তার প্রসঙ্গে কিছু সংবাদমাধ্যমে বলা হয়েছে, সুযোগ পেলে তিনি বিএনপিতে যোগ দেবেন, যা মনগড়া বক্তব্য। এর কোনো ভিত্তি নেই।
রেদোয়ান আহমেদ বলেন, গত বছরের ডিসেম্বরের প্রথম সপ্তাহে এলডিপি থেকে সাবেক তিন সংসদ সদস্য মনোনয়ন না পেয়ে হতাশা থেকে দলত্যাগ করেছেন। জোটগতভাবে নির্বাচনে অংশ নেওয়ায় সবাইকে মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। কারণ তারা দীর্ঘ ১২ বছরেও তাদের এলাকায় কোনো ওয়ার্ড, এমনকি ইউনিয়ন কমিটিও করতে পারেনি।
গত ২৬ জুন এলডিপি থেকে পদত্যাগ করেন জাতীয় সংসদের সাবেক হুইপ ও সাবেক এমপি আব্দুল করিম আব্বাসী, সাবেক এমপি আব্দুল্লাহ ও সাবেক এমপি আব্দুল গণি।
