ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ভারতের সঙ্গে চুক্তির বিবরণী প্রকাশে প্রধানমন্ত্রীকে বিএনপির চিঠি

ভারতের সঙ্গে চুক্তির বিবরণী প্রকাশে প্রধানমন্ত্রীকে বিএনপির চিঠি
×

প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে বিএনপি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০১৯ | ০২:৫৯ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ | ০৩:০৫

ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব চুক্তি হয়েছে সেগুলোর বিবরণী জনসম্মুখে প্রকাশের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে বিএনপি। 

রোববার দলটির পক্ষ থেকে এ চিঠি দেওয়া হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত চিঠিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়ে যান বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও মোয়াজ্জেম হোসেন আলাল।

চিঠিতে বলা হয়, ‘সর্বশেষ ৫ অক্টোবর ভারত সফরকালে ভারতের সঙ্গে ৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেন প্রধানমন্ত্রী। এছাড়া ৩টি প্রকল্প উদ্বোধন করেন তিনি, যা দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশের ফলে জানা যায়। এর বাইরে আর কোনো চুক্তি করেছেন কিনা তা সংসদে উপস্থাপন এবং জনসম্মুখে প্রকাশের আহ্বান জানাচ্ছি।’ 

‘গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় এসব চুক্তিকে জনগণের স্বার্থবিরোধী বলে সমালোচনার ঝড় উঠেছে’- উল্লেখ করে চিঠিতে বলা হয়, ‘এসব চুক্তি করার আগে জনগণের মতামত নেওয়া হয়নি। এমনকি এসব চুক্তি স্বাক্ষর করা হলেও কোনোটিই জনসম্মুখে কিংবা সংসদে উপস্থাপন করা হয়নি। প্রকৃতপক্ষে ভারতসহ অন্যান্য দেশের সঙ্গে সাম্প্রতিককালে বাংলাদেশের সম্পাদিত চুক্তিগুলো সম্পর্কে জনগণকে অবহিত করা হয়নি।’

চিঠিতে আরো বলা হয়, ‘এমতাবস্থায়, সংবিধানের আর্টিকেল ১৪৫(ক) অনুযায়ী ভারতের সাথে এবং অন্যান্য রাষ্ট্রের সাথে স্বাক্ষরিত সকল চুক্তির পূর্ণ বিবরণী অনতিবিলম্বে জাতীয় সংসদ ও জনসম্মুখে প্রকাশ করে জনমনে সৃষ্ট নানাবিধ প্রশ্ন ও সন্দেহ দূর করার আহ্বান জানাচ্ছি।’

আরও পড়ুন

×