ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বিএনপির নেতাকর্মীরা সুবিচার থেকে বঞ্চিত: ফখরুল

বিএনপির নেতাকর্মীরা সুবিচার থেকে বঞ্চিত: ফখরুল
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০১৯ | ০৭:৩২ | আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ | ০৯:৪৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্ষমতায় টিকে থাকার জন্য বিএনপি নেতাকর্মীদের পাইকারি হারে গ্রেফতার করা হচ্ছে। সরকার বিএনপির নেতাকর্মীদের আটক করে জেলখানা পূর্ণ করছে। আইন-আদালতেও কোনো প্রতিকার পাওয়া যায় না। আইন-আদালতকে কব্জায় নিয়ে বিএনপি নেতাকর্মীদের সুবিচার থেকে বঞ্চিত করা হচ্ছে।

বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলালের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদে সোমবার এক বিবৃতিতে তিনি এসব বলেন। নাশকতা মামলায় হেলাল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মন্ডলের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান। 

খালেদা জিয়া রাজধানীর বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত আদালতে হাজিরা দিতে যাওয়া পথে বিএনপির নেতাকর্মীদের সেখানে নাশকতা চালানোর অভিযোগে ২০১৪ সালের ২৪ ডিসেম্বর চকবাজার থানায় মামলাটি দায়ের করা হয়।

মির্জা ফখরুল ইসলাম বলেন, সরকারের হুকুমেই বিচার, আদালতের কার্যক্রম চলে বলেই জামিনে থাকা আজিজুল বারী হেলালের ঠিকানা হয়েছে কারাগারে। হীরক রাজার রাজত্বের মতো শাসন চলছে বলেই দেশে আইনের শাসন ও সুষ্ঠু বিচার ব্যবস্থা তিরোহিত হয়ে গেছে।

তিনি আরও বলেন, নির্যাতন নিপীড়নের মাধ্যমে দেশবাসীসহ বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের আতঙ্কিত ও ভীত-সন্ত্রস্ত করে বর্তমান শাসকগোষ্ঠী ভয়ঙ্কর দুঃশাসন কায়েম রেখেছে। দেশকে এখন পুরোপুরি বৃহত্তর কারাগার বানানো হয়েছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক অসত্য মামলা দায়েরের মাধ্যমে গ্রেফতার ও নির্যাতন চালানো হচ্ছে। তারা বিএনপিকে ধ্বংস করে প্রতিবাদী আওয়াজকে নিস্তব্ধ করতে চায়, যাতে অপশাসন দীর্ঘায়িত হয়।

বিএনপি মহাসচিব বলেন, হত্যা-বিচারবহির্ভূত হত্যা-গুম-অপহরণ-মিথ্যা মামলা দায়ের করে গ্রেফতার ও কারারুদ্ধ করার মাধ্যমে দমন-পীড়ন চালিয়ে দেশের বৃহত্তম বিরোধী দল বিএনপিকে নিশ্চিহ্ন করার আকাঙ্ক্ষা এ দেশের গণতন্ত্রমনা ও স্বাধীনতাকামী জনগণ কখনোই বাস্তবায়িত হতে দেবে না। জনগণ এখন ঐক্যবদ্ধ, যে কোনো মুহুর্তে জনগণের প্রবল স্রোত সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনবেই।

আরও পড়ুন

×