ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আওয়ামী লীগ পাকাপোক্তভাবে ক্ষমতায় থাকতে চায়: ফখরুল

আওয়ামী লীগ পাকাপোক্তভাবে ক্ষমতায় থাকতে চায়: ফখরুল
×

মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সমকাল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯ | ০২:১৮ | আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ | ০২:২৯

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ বাকশাল তৈরি করে প্রভু বনে গিয়েছিলো। এখন আবার ১১ বছরে ধরে দেশে প্রভুত্ব করছে। এখন তারা পাকাপোক্তভাবে ক্ষমতায় থাকতে চায়। যেটা তাদের মানসিকতার সমস্যা। গণতান্ত্রিক চেতনা তাদের মধ্যে নেই। তারা নিজেদের রাজা বাদশা ও প্রভু ভাবতে শুরু করেছে। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে কালীরাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

'অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সাহস, শক্তি বা সক্ষমতা নেই বিএনপির'- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের জবাবে বিএনপি মহাসচিব বলেন, তারা এখন নিজেদেরকে প্রভু ভাবতে শুরু করেছে। নিজেদের রাষ্ট্রের প্রভু ভাবা- এটাই তাদের সমস্যা হয়ে গেছে। তারা সবকিছু তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়। ভিন্ন একটা রাজনৈতিক দল কিভাবে চলবে এটাও তারা নিয়ন্ত্রণ করতে চায়। অথচ সংবিধানে পরিষ্কারভাবে সব দলকে সভা-সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার দেওয়া আছে।

তিনি আরো বলেন, আমরা সভা-সমাবেশ করার অনুমতি চাই না, আমরা অবগত করি। কোনো জায়গাতে সমাবেশ করতে চাইলে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতি নিতে হয়। যেমন- সোহরাওয়ার্দী উদ্যানে করলে পিডাব্লিউডি, সড়কে করলে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে হয়। কিন্তু এই সরকার যেটা করছে সেটা গ্রাম্য মোড়লের কায়দায় চলে গেছে। সরকার সভা-সমাবেশের অনুমতি দিতে টালবাহানা করে। সভা-সমাবেশের দুই ঘণ্টা আগে অনুমতি দিয়ে থাকে। এতে সমাবেশ সফলভাবে করা কঠিন হয়ে পড়ে। কখন সমাবেশ হবে সেই খবরটিও পৌঁছানো যায় না।

ফখরুল বলেন, আন্দোলনে নামলে বিএনপিকে পদে পদে বাঁধা দেওয়া হয়। তারা বলছে, সবকিছু ঠিক আছে। বাস্তবে কোনো কিছু ঠিক নেই। পেঁয়াজের বাজারে অস্থিরতা কমছে না। পেঁয়াজের দাম দুই টাকা কমার পর আবার ১০ টাকা বৃদ্ধি পাচ্ছে। চালের বাজারও ঠিক নেই। চালের দাম বৃদ্ধি পাচ্ছে, অথচ কৃষক ধানের সঠিক দাম পাচ্ছে না। এভাবে সবকিছু চলছে। দেশের বাজার সরকারের নিয়ন্ত্রণের বাইরে।

বিএনপি মহাসচিব আরও বলেন, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে যোগ্যদের নিয়োগ দেওয়া হচ্ছে না। বিসিএস পরীক্ষায় টেকার পরে অন্য দল করলে তাদের বাদ দিয়ে নিজেদের লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে দেশে প্রকৃত মেধার অভাব দেখা দিচ্ছে।

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে প্রভাবিত না করে স্বাধীনভাবে চলতে দিন। ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন দিন।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর করিমসহ জেলা বিএনপির নেতাকর্মীরা।

আরও পড়ুন

×