ত্রিতরঙ্গের হৈমন্তিক সন্ধ্যায় সুরের মায়া
ত্রিতরঙ্গের হৈমন্তিক সন্ধ্যায় নৃত্য পরিবেশন করেন একদল শিল্পী সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৫ | ০৬:৩৭
| প্রিন্ট সংস্করণ
গান-নৃত্য ও কবিতার মায়ায় অনুষ্ঠিত হলো ত্রিতরঙ্গের হৈমন্তিক সন্ধ্যা। এতে দর্শকরা সুরের খেয়ায় ভেসে, ঘুঙুরের ছন্দে নেচে স্বর্ণালি এক সন্ধ্যার সাক্ষী হলেন।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘সাংস্কৃতিক শিক্ষা ছাড়া মানুষের শিক্ষা সম্পূর্ণ হয় না। নিজ দেশের কৃষ্টি-সংস্কৃতি ও ইতিহাস না জানা থাকলে পরিপূর্ণ মানুষ হওয়া যায় না। তাই সংস্কৃতি চর্চার পরিবেশ সুসংহত করার ক্ষেত্রে ত্রিতরঙ্গের মতো সংগঠনের অবদান অনস্বীকার্য।’
গত শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে হৈমন্তিক সন্ধ্যায় সভাপতিত্ব করেন উদযাপন পরিষদের আহ্বায়ক কবি ও নাট্যকার শহিদ মিয়া বাহার। স্বাগত বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আলীউর রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন নাট্যনির্মাতা হিমেল ইসহাক। মেয়রের হাতে অনুষ্ঠান স্মারক তুলে দিয়ে সম্মান জানান, কবি ও শিশুসাহিত্যিক কাসেম আলী রানা।
এতে আবৃত্তিশিল্পী ও সাংবাদিক ফারুক তাহের এবং আবৃত্তি ও সংগীতশিল্পী আরিফা আফরিন এরিনার সঞ্চালনায় একক ও দলীয় সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী আফতাব উদ্দীন এ ডিকেন্স, কান্তা দে, মোস্তাফিজুর রহমান, আকতার কামাল চৌধুরী, মনিকা বৈষ্ণব, রুবাইয়া বিনতে আকবর, ঐশিকা ভৌমিক, মোহাম্মদ মহিউদ্দীন, জিয়া উদ্দীন চৌধুরী রনি, হনুফা আকতার, সালসাবিলা বিনতে এ মুকিত, নুসরাত ভূঁইয়া তাহিয়া, হুমায়রা আদিবা ভুঁইয়া তাসফিয়া। ত্রিতরঙ্গের শিল্পীদের কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘আগুনের পরশমণি’র সঙ্গে নৃত্য পরিবেশন করেন পাপিয়া দে, স্বর্ণা দাশ, অরুন্ধুতী চৌধুরী।
একক আবৃত্তি পরিবেশন করেন শাহেলা শারমিন শাম্মী, ইয়াসমিন আরা বেগম, খুরশীদ আলম এন্ট্রি, শিশির কবির, আবুল মাসুদ তালুকদার, সাদিয়া ফেরদৌসী শর্মী, ফাবিহা তাহের আবৃত্তি, কায়য়ুম আলী রাফি ও ফারিহা তাহের গল্প।
পাহাড়ি দলীয় নৃত্য পরিবেশন করেন জনেস চাকমা, সিবা চাকমা মনা, ক্লিনটন চাকমা, অনামিকা চাকমা, ইতি চাকমা, রিয়া চাকমা, কর্ণি চাকমা। দলীয় সংগীত পরিবেশন করে সুরেলা সংগীত একাডেমি। একক গান ও নৃত্য পরিবেশন করেন কণ্ঠশিল্পী কান্তা দে ও নৃত্যশিল্পী পাপিয়া দে।
আরিফ আহমদ চৌধুরী ও শহিদ মিয়া বাহার রচিত এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের সহকারী অধ্যাপক সুবীর মহাজন নির্দেশিত একাংকিকা নাটক ত্রি-কাঞ্চনে অভিনয় করেন হামিদ উদ্দিন, রুবাইয়া বিনতে আকবর, তাফসিরুল ইসলাম। দ্বৈত সংগীত পরিবেশন করেন শিল্পী কান্তা দে ও ঐশিকা ভৌমিক এবং মোস্তাফিজুর রহমান ও তাছলিমা আক্তার শীলা।
অনুষ্ঠানে গজল পরিবেশন করেন শিল্পী সৈয়দ মোহাম্মদ বাকের। সবশেষে নাটক ‘এখানে অনেক কান্না’ মঞ্চায়িত হয়। নাটকটির রচনা ও একক অভিনয়ে ছিলেন তৃষ্ণা ভট্টাচার্য্য, নির্দেশনায় ছিলেন শহিদ মিয়া বাহার ও সুবীর মহাজন।
- বিষয় :
- শিল্পী
