করোনায় নিউইয়র্কে মৃত্যুহীন দিন
নিউইয়র্ক প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২০ | ০০:২২ | আপডেট: ১৮ মে ২০২০ | ০২:০০
নিউইয়র্কে রোববার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। দুই মাসের মধ্যে এই দিনটি পুরো নিউইয়র্কে স্বস্তি নিয়ে এসেছে।
এদিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসায় নিউইয়র্ক রাজ্যের বিভিন্ন অঞ্চলে লকডাউন উঠিয়ে নেওয়ার বিষয়টি জোরালো হচ্ছে। তবে নিউইয়র্ক শহরে খুব দ্রুত লকডাউন উঠিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মেয়র বিল ব্লাজিও।
তবে মেয়রের কথার সঙ্গে শহরবাসীর আচরণের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। গ্রীষ্মের চমৎকার আবহাওয়াকে সামনে রেখে শহরবাসী ঘর থেকে বেরিয়ে আসছেন। কুমো রাজ্যের বিভিন্ন সমুদ্র সৈকত মেমোরিয়াল ডে উইকএন্ডে খুলে রাখার ঘোষণা দিলেও তার সঙ্গে একমত নন নিউইয়র্ক সিটি মেয়র। মেয়রের মতে এখনও সময় হয়নি শহরের সৈকত খুলে দেওয়ার।
এদিকে শনিবার শামসুন নাহার (৬০) ও নিউইয়র্ক পুলিশের অবসরপ্রাপ্ত অফিসার আব্দুল্লাহ আল মামুনের বাবা খোরশেদ আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এই দুইজনকে নিয়ে নিউইয়র্কে এ পর্যন্ত ২৩৭ বাংলাদেশি মারা গেলেন। আর যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ এ মোট ২৫৮ বাংলাদেশি মারা গেছেন।
এদিকে নিউইয়র্কে লকডাউনের মধ্যেও সীমিত আকারে পাবলিক ট্রান্সপোর্ট চালু রয়েছে। একইসঙ্গে সীমিত আকারে ইয়ৈালো ট্যাক্সিও চলছে। কিন্তু বাংলাদেশি ট্যাক্সী চালকদের সিংহভাগ গাড়ি নিয়ে রাস্তায় নামছেন। নিউইয়র্ক শহরের একটা বিরাট অংশ বাংলাদেশি। সংখ্যায় প্রায় ২০ হাজার। আর করোনায় আক্রান্ত হয়ে মারা বাংলাদেশিদের একটা বড় অংশও ট্যাক্সিচালক।