কানাডায় প্রবাসীদের ভার্চুয়াল ঈদ
ছবি: সমকাল
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২০ | ০০:০০ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০
কানাডার বিভিন্ন স্থানে উদযাপিত হয়েছে ঈদুল ফিতর। এবারের ঈদ ছিল একেবারেই আলাদা। ঈদ উপলক্ষে প্রবাসী বাঙালিরা মুঠোফোন ও ভার্চুয়াল মাধ্যমে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
কানাডায় এবার ঈদ রবিবার হওয়ায় ছিল বাড়তি আমেজ। তবে ঈদের নামাজ পড়তে না যাওয়া ছিল ব্যতিক্রম। প্রবাসী বাঙালিরা খুব ভোরে নতুন পোশাকে পরিবারের সঙ্গে বাড়িতে ঈদের নামাজ আদায় করেন। অনেকেই ভার্চুয়াল ঈদের নামাজে যোগ দেন ঘরে বসেই।
এরপর ভার্চুয়াল মাধ্যমে সবাই মেতে ওঠেন নানা গল্প-আড্ডায়। তাদের আড্ডায় উঠে আসে বিগত বছরগুলোর ঈদ আনন্দের স্মৃতি।ক্যালগেরির মতই অটোয়া, টরেন্টো, মনট্রিলসহ কানাডাজুড়ে একই আবহে ঈদ উদযাপন করেছেন প্রবাসীরা। দেশের আত্মীয় স্বজনের সঙ্গে টেলিফোনে সজল চোখে তাদের আলাপ তাতে অন্য মাত্রা যোগ করে।
ক্যালগেরির ফ্যামিলি ফিজিশিয়ান ডা. জাকি সিকদার জানান, ঈদ আবার আসবে। এই মুহূর্তে শারীরিক সুস্থতাই গুরুত্বপূর্ণ। ঘরে বসেই তাই ঈদ পালন করছি। এবিএম কলেজের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ড. মো. বাতেন বলেন, বাংলাদেশের মত আনন্দ করে এখানে ঈদ হয় না। এবারের ঈদও আরও কষ্টের। এমন ঈদ তো কখনোই কাম্য নয়। তারপরও সবাইকে ঈদের শুভেচ্ছা।
বেঙ্গল ফার্মেসি ও কমিউনিটি আরএক্স গ্রুপের চেয়ারম্যান ও স্বত্ত্বাধিকারী ড. ইব্রাহিম খান বলেন, ঈদের দিন সময় বের করে দেশে আত্মীয়-বন্ধুদের সঙ্গে ফোনে আলাপ হয়। ক্যালগেরির মাহমুদ হাসান বললেন, 'শৈশবের সেই ঈদ খুব মিস করি। ব্যস্ততাময় এই প্রবাস জীবনে পরিবার, বন্ধুদের নিয়ে যদিও ঈদ করি, কিন্তু সেই সময়ের ঈদ এখন কেবলই স্মৃতি।'