সড়ক দুর্ঘটনায় আমিরাতে ২ বাংলাদেশি নিহত
আরিফ রাজ আজাদ
ইউএই প্রতিনিধি
প্রকাশ: ০১ নভেম্বর ২০১৯ | ১০:২২ | আপডেট: ০১ নভেম্বর ২০১৯ | ১০:২৫
সংযুক্ত আরব আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি। বৃহস্পতিবার সকালে দুবাই শহরের কার্গো ভিলেজ পার্কিং এলাকায় নিহত হন আরিফ রাজ আজাদ ( ৩৫) নামে এক প্রবাসী। এর আগে গত ২৭ অক্টোবর ফুজাইরায় শহরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আব্দুল জব্বার (৩৫) নামে আরেক প্রবাসী।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুবাইয়ের কার্গো ভিলেজ পার্কিং এর তৃতীয় তলায় গাড়ি পার্ক করতে যান আরিফ রাজ আজাদ। পার্ক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িসহ তিনি তৃতীয় তলা থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আরিফের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে।
অন্যদিকে, দেশটির ফুজাইরায় শহরে গত রোববার সকাল ৯টায় গাড়ি চালিয়ে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খেয়ে আব্দুল জব্বার ঘটনস্থলেই প্রাণ হারান। তিনি পেশায় প্রকৌশলী ছিলেন। তার বাড়ি টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায়। জীবিকার তাগিদে ৯ বছর আগে তিনি আরব আমিরাতে পাড়ি জমান।
নিহতের বন্ধু প্রকৌশলী আব্দুল মতিন জানান, 'আব্দুল জব্বার কিছু দিন ধরে মানসিক দুশ্চিন্তায় ছিলেন। তার লাশ দেশে পাঠানো হবে।'
- বিষয় :
- সংযুক্ত আরব আমিরাত
- সড়ক দুর্ঘটনা