কানাডায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
আহনাফ আবরার মোরশেদ ওয়ামিক
কানাডা প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬ | ১৭:৩৭ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৬ | ১৮:০০
কানাডার টরন্টোতে সড়ক দুর্ঘটনায় আহনাফ আবরার মোরশেদ ওয়ামিক (২১) নামে এক বাংলাদেশি বংশোদ্ভূত যুবক নিহত হয়েছেন।
রোববার বিকেল ৩টা ৫ মিনিটের ড্যানফোর্থ অ্যাভিনিউতে এ দুর্ঘটনা ঘটে ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, ওয়ামিক মোটরসাইকেল চালিয়ে ড্যানফোর্থ অ্যাভিনিউ দিয়ে পশ্চিমমুখী যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি এসইউভি গাড়ি সড়কের পাশের একটি প্লাজায় ঢোকার জন্য বাম দিকে মোড় নিলে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওয়ামিক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পার্ক করা একটি গাড়িতে সজোরে ধাক্কা দেন।
দুর্ঘটনার পরপরই জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। টরন্টো প্যারামেডিকসের চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
টরন্টোর বাংলাদেশি কমিউনিটিতে ওয়ামিক এর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। নিহত ওয়ামিকের বাবা মোর্শেদুর রহমান মামুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২২তম ব্যাচের সাবেক শিক্ষার্থী।
টরন্টো পুলিশের ইন্সপেক্টর এরল ওয়াটসন বলেন, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ দুর্ঘটনায় অতিরিক্ত গতি, চালকের ভুল সিদ্ধান্ত কিংবা অন্য কোনো পরিস্থিতিগত কারণ—কোনটি দায়ী তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- নিহত
- কানাডা
