ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ইউকে এশিয়ান চলচ্চিত্র উৎসবে মামুনকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী

ইউকে এশিয়ান চলচ্চিত্র উৎসবে মামুনকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের প্রদর্শনী
×

ছবি-সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬ | ১৪:৩৩ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ | ১৪:৪৬

একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশের খ্যাতিমান পোর্ট্রেট ফটোগ্রাফার নাসির আলী মামুনকে নিয়ে নির্মিত পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ (মামুন: ছায়ার প্রশস্তিতে)-এর যুক্তরাজ্য প্রিমিয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ৩ মে লন্ডনের কোভেন্ট গার্ডেনে অবস্থিত গার্ডেন সিটিতে ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভালের ২৮তম আসরে ব্রিটিশ-বাংলাদেশি চলচ্চিত্র নির্মাতা মকবুল চৌধুরীর এ ছবিটি প্রদর্শিত হবে।

প্রদর্শনী শেষে অনিতা হোরামের সঞ্চালনায় একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে, যেখানে অংশ নেবেন মকবুল চৌধুরী।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে নাসির আলী মামুন বাংলাদেশে পোর্ট্রেট ফটোগ্রাফির অন্যতম পথিকৃৎ হিসেবে কাজ করে আসছেন। সত্তরের দশকে তাঁর হাত ধরেই দেশে এই শিল্পধারার সূচনা ঘটে। তাঁর সৃজনশীল দৃষ্টিভঙ্গিতে জাতীয় ও আন্তর্জাতিক পরিসরের প্রায় সহস্রাধিক কবি, শিল্পী, লেখক ও রাজনীতিবিদের প্রতিকৃতি ধারণ করা হয়েছে। সময়ের গুরুত্বপূর্ণ এসব মুখকে তিনি এমন এক প্রেক্ষাপটে তুলে ধরেছেন, যা তাঁর কাজকে একটি জীবন্ত আর্কাইভে রূপ দিয়েছে।

যুক্তরাজ্যপ্রবাসী নির্মাতা মকবুল চৌধুরী, যিনি মুক্তিযুদ্ধভিত্তিক তথ্যচিত্র ও টিভি বিজ্ঞাপন নির্মাণে সুপরিচিত, প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে এই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন। এই দীর্ঘ সময়ে তিনি ঢাকা, কলকাতা, প্যারিস ও নিউইয়র্কসহ বিশ্বের বিভিন্ন শহরে নাসির আলী মামুনের সঙ্গে থেকে তাঁর শিল্পভুবনের অনুসন্ধান করেছেন। পাশাপাশি বিভিন্ন গুণীজনের সঙ্গে তাঁর সম্পর্কের নানা দিক ক্যামেরার মাধ্যমে ধারণ করেছেন। এরই মধ্যে চলচ্চিত্রটি শিল্পানুরাগী ও শিল্পবোদ্ধা মহলে প্রশংসা কুড়িয়েছে।

দক্ষিণ এশীয় চলচ্চিত্রকে কেন্দ্র করে ভারতবর্ষের বাইরে দীর্ঘদিন ধরে আয়োজিত উৎসবগুলোর মধ্যে ইউকে এশিয়ান ফিল্ম ফেস্টিভাল একটি উল্লেখযোগ্য উৎসব। এবারের আসরের প্রতিপাদ্য স্টোরিজ দ্যাট বিহাইন্ড আস—যা যুক্তরাজ্যে বসবাসরত বিভিন্ন জাতিগত ঐতিহ্য, সংস্কৃতি ও প্রজন্মের মধ্যে সংযোগ স্থাপন করে এমন গল্পকে সামনে আনে।

চলচ্চিত্রটি সম্পর্কে উৎসব কর্তৃপক্ষের ভাষ্য, ‘মামুন: ইন প্রেইজ অব শ্যাডোজ’ কেবল একটি প্রামাণ্যচিত্র নয়; এটি নাসির আলী মামুনের চিন্তা ও সৃজনজগতের গভীরে প্রবেশের এক অন্তর্মুখী যাত্রা। তার প্রতিকৃতিগুলো একটি জাতির আত্মপরিচয় ও সামাজিক বাস্তবতাকে ধারণ করে।

স্থিরচিত্র ও চলচ্চিত্র ভাষার সংমিশ্রণে নির্মিত এই ছবিতে শিল্পীর অনুভূতি, দর্শন ও নীরব শক্তিকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যেখানে প্রতিটি মুখ যেন একটি স্বতন্ত্র গল্পে রূপ নেয়। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×