ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

ব্রিটিশ-বাংলাদেশিদের নিয়ে লন্ডনে 'শতকণ্ঠে এগিয়ে যাওয়ার গান'

ব্রিটিশ-বাংলাদেশিদের নিয়ে লন্ডনে 'শতকণ্ঠে এগিয়ে যাওয়ার গান'
×

ছবি: সমকাল

লন্ডন প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০১৯ | ০৮:০৬ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৯ | ০৮:০৭

বাংলাদেশের অব্যাহত অগ্রযাত্রা ও ব্রিটিশ-বাংলাদেশিদের সাফল্য উদযাপন উপলক্ষে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে 'শতকণ্ঠে এগিয়ে যাওয়ার গান'। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে একশ' নবীন-প্রবীন শিল্পী একসঙ্গে দেশের গান গেয়েছেন। 

শনিবার লন্ডনের রয়েল রিজেন্সি হলে এটিএন বাংলা ইউকের উদ্যোগে এ অনুষ্ঠান হয়। এতে ব্রিটেনের সেইসব নবীন-প্রবীন শিল্পী অংশ নেন যাদের কেউ কেউ মুক্তিযুদ্ধ করেছেন, কেউ কেউ দেখেছেন, আবার কেউ কেউ বাঙালির সর্বশ্রেষ্ঠ এই অর্জনের উত্তরাধিকার বহন করছেন। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন এটিএন বাংলার প্রোগ্রাম ডিরেক্টর উর্মী মাজহার। গ্রুপ সংগীত নির্দেশনায় ছিলেন শিল্পী ফজলুল বারী বাবু।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. গওহর রিজভী, তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম, বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোশনারা আলী, বাংলাদেশে ব্রিটেনের সাবেক হাইকমিশনার আনোয়ার চৌধুরী ও ব্যবসায়ী মুকিম আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন এটিএন বাংলা ইউকের প্রধান নির্বাহী হাফিজ আলম বকস।

ড. গওহর রিজভী বলেন, শত প্রতিকূলতা মোকাবেলা করে বাঙালি তার সাফল্য উদযাপন করতে জানে এটিএন বাংলার আজকের অনুষ্ঠান সেটিই আবার স্মরণ করিয়ে দিলো।

তথ্য সচিব আব্দুল মালেক বলেন, দেশের বাইরে বসবাসরত বাঙালিরা যে দেশকে কিভাবে বুকের মধ্যে ধারণ করে সেটির প্রমাণ আজকের এই অনুষ্ঠান। এমন একটি উদ্যোগ প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা বিস্তারে ভূমিকা রাখবে।

ব্রিটিশ-বাংলাদেশিদের সাম্প্রতিক সাফল্যের কথা উল্লেখ করে এমপি রোশনারা আলী বলেন, এই সাফল্যের গৌরব শুধু বাংলাদেশের নয়, ব্রিটেনেরও। এই সাফল্য দু'দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।

হাইকমিশনার মুনা তাসনিম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রাম ও নেতৃত্বের ফসল বাংলাদেশ আজ তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বসভায় সমাদৃত। শতকণ্ঠে এগিয়ে যাওয়ার গানের মাধ্যমে আজ সেই সাফল্যই উদযাপন করছি আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের আজকের এগিয়ে যাওয়ার সব সংগ্রামে আপনাদের ইতিবাচক ভূমিকা বাংলাদেশ প্রতিনিয়ত স্মরণ করে।

এটিএন বাংলা ইউকে'র সিইও হাফিজ আলম বক্স বলেন, ব্রিটেনে বেড়ে ওঠা মুক্তিযুদ্ধপরবর্তী প্রজন্মকে মূল শেকড়ে ফিরিয়ে নেওয়ার চিন্তা থেকেই আমাদের 'শতকণ্ঠে এগিয়ে যাওয়ার গান'-এর আয়োজন। দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই আমরা এটি করেছি। 

২০১৬ সালে লন্ডনে প্রথমবারের মতো 'শতকণ্ঠে এগিয়ে যাওয়ার গান' অনুষ্ঠান আয়োজন করে এটিএন বাংলা ইউকে। এবার দ্বিতীয়বারের মতো এ আয়োজন করা হলো।

আরও পড়ুন

×