ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

কৃষকদের উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আব্দুল বারী

কৃষকদের উন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী আব্দুল বারী
×

আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা

প্রকাশ: ৩০ মে ২০২৬ | ১৫:২১

কৃষকদের উন্নয়ন ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। শনিবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আব্দুল বারী বলেন, ‘বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষি। দেশের কৃষকদের জীবনমান উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকরা যেন তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান, সেজন্য আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তাঁর আদর্শ ও কর্মধারা অনুসরণ করে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করতে হবে। কৃষি, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে দেশের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, শহীদ জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে তাঁর অবদান স্মরণে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল। অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহমেদ রানা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম পল্টু, আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা আলমগীর চৌধুরী বাদশা, বিএনপি নেতা এম কেরামত আলী, সাবেক কাউন্সিলর আব্দুর রউফ মাজেদ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান তুষার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নেওয়াজ তানভীর, পৌর ছাত্রদলের আহ্বায়ক বায়েজিদ বোস্তামী শাহিদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব নাসিফ নেওয়াজ রমিমসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান স্বাধীনতা যুদ্ধে তাঁর ভূমিকা এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

×