চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে ২ চাচাতো ভাইসহ ৩ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
সমকাল ডেস্ক
প্রকাশ: ৩১ মে ২০২৬ | ১৭:৩৭
চাঁপাইনবাবগঞ্জের নাচোল ও শিবগঞ্জ উপজেলায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুরে পৃথক এই দুটি ঘটনা ঘটে। মৃতদের মধ্যে শিবগঞ্জে নদীতে ডুবে দুজন এবং নাচোলে বালতির পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা এলাকায় পাগলা নদীতে গোসল করতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাফি পানিতে ডুবে যেতে থাকে। এ সময় তাকে উদ্ধার করতে যায় তার চাচাতো ভাই ও সহপাঠী জুবায়ের। এতে দুজন একসাথেই পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা উদ্ধার করার আগেই তাদের মৃত্যু হয়। নিহত সাফি ওই এলাকার কামাল হোসেনের ছেলে এবং জুবায়ের একই এলাকার জামাল হোসেনের ছেলে।
অন্যদিকে, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা (বটপুকুর) গ্রামে নিজ বাড়িতে বালতির পানিতে ডুবে আসমাউল হোসেন নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি ওই গ্রামের মো. মানিকের ছেলে।
তিন শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান এবং নাচোল থানার ওসি আছলাম আলী।
