ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

বিজ্ঞান বিতর্ক উৎসব

জয়পুরহাটে চ্যাম্পিয়ন পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

জয়পুরহাটে চ্যাম্পিয়ন পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
×

ছবি- সমকাল

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১৫

জয়পুরহাটে ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের মালিহা মমতাজ।

বুধবার দিনব্যাপী কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়।

উৎসবে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগের ২৪ শিক্ষার্থী অংশ নেয়। পাল্টাপাল্টি যুক্তিতর্কে প্রতিযোগিতা জমে ওঠে। তৃতীয় স্থান অর্জন করে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন এবং কবুতর ও বেলুন উড়িয়ে উৎসবের উদ্বোধন করেন কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ। এ সময় জেলা শিক্ষা কর্মকর্তা মো. আযিযুল হাকিম উপস্থিত ছিলেন।

বিতর্কের মডারেটরের দায়িত্ব পালন করেন আক্কেলপুর উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলী। বিচারক ছিলেন আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান মো. নূরে আলম সিদ্দিকী, কাশিড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দীকুর রহমান তালুকদার এবং গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল বাছেদ।

প্রতিযোগিতায় অংশ নেয় জয়পুরহাট রামদেও সরকারি উচ্চ বিদ্যালয়, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়, কালাই কাকলী শিশু নিকেতন ও সদর উচ্চ বিদ্যালয়, পাঁচবিবি লাল বিহারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, পাঁচবিবি নছির মন্ডল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আক্কেলপুর ফজর উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় এবং জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়।

বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফয়সাল আহমেদ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও সমকাল সুহৃদ সমাবেশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×