ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রতীকী ছবি
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১২:৩৯ | আপডেট: ২০ জুলাই ২০২৬ | ১৩:১৬
ঠাকুরগাঁও সদর উপজেলায় জমি চাষ করার সময় বজ্রপাতে ফজলুর রহমান (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের কাচনা হরিন্দা গ্রামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রায়পুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রমজান আলী।
নিহতের ভাই শাহাজান আলী জানান, আমন ধানের চারা রোপণের জন্য সকালে দুই ভাই পাওয়ার টিলার নিয়ে মাঠে যান। ফজলুর রহমান জমি চাষ করছিলেন, আর তিনি পাশের জমিতে কাজ করছিলেন। সকালে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে কিছুক্ষণ পর দেখি ভাই মাটিতে পড়ে আছেন। পরে স্থানীয়দের সহায়তায় কাছে গিয়ে দেখি, মারা গেছেন। পরে মরদেহ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রমজান আলী বলেন, কয়েকদিন আগেও জেলার জামালপুর ইউনিয়নে বৃষ্টির সময় মাঠে পাট কাটতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছিল। তিনি বৃষ্টির সময় মাঠে কাজ না করে নিরাপদ স্থানে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।
- বিষয় :
- বজ্রপাতে মৃত্যু
- কৃষক
- ঠাকুরগাঁও