ঢাকা রোববার, ১৪ জুন ২০২৬

গ্যালারি কায়ার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রদর্শনী: আধুনিক ও সমকালীন শিল্পের এক বিস্তৃত সময়ভ্রমণ

গ্যালারি কায়ার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী প্রদর্শনী: আধুনিক ও সমকালীন শিল্পের এক বিস্তৃত সময়ভ্রমণ
×

প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ২২:১৫ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ১৪:৫৩

উত্তরার গ্যালারি কায়ায় শিল্পচর্চার এক বিস্তৃত ও বহুমাত্রিক পরিসর উন্মোচিত হয়েছে। গ্যালারিটির প্রতিষ্ঠার ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘২২তম অ্যানিভার্সারি এক্সিবিশন’ যেন বাংলাদেশের আধুনিক ও সমকালীন শিল্পধারার এক সংক্ষিপ্ত অথচ গভীর ইতিহাসের পাঠ।

শুক্রবার সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী শহীদ কবির এবং ব্যারিস্টার নিহাদ কবির।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, ‘বাংলাদেশের শিল্পপ্রতিভাকে দীর্ঘ ২২ বছর ধরে সযত্নে তুলে ধরার জন্য গ্যালারি কায়াকে ধন্যবাদ। শিল্প-ঐতিহ্য ভবিষ্যতে আরও বিকশিত হোক, আরও বহু মানুষকে অনুপ্রাণিত করুক; এই প্রত্যাশাই রইল।’

শিল্পীদের সঙ্গে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন (বাঁ থেকে তৃতীয়)। ছবি: মার্কিন দূতাবাসের সৌজন্যে

এই প্রদর্শনীর সবচেয়ে উল্লেখযোগ্য দিক এর বিস্তৃত শিল্পীসমাবেশ। এখানে একসঙ্গে স্থান পেয়েছেন বাংলাদেশের শিল্পকলার বিভিন্ন প্রজন্মের প্রতিনিধিরা—আব্দুস সাত্তার তৌফিক থেকে শাহাবুদ্দিন আহমেদ, ফরিদা জামান থেকে হাশেম খান, রফিকুন নবী থেকে হামিদুজ্জামান খান। পাশাপাশি দক্ষিণ এশীয় শিল্পভুবনের কিংবদন্তি শিল্পী এম. এফ. হুসেইন, যোগেন চৌধুরী, কে. জি. সুব্রামানিয়ান এবং রামকিঙ্কর বৈজের কাজ প্রদর্শনীতে যুক্ত করেছে এক আন্তর্জাতিক মাত্রা।

প্রদর্শনীতে স্থান পেয়েছে ৭৩টি শিল্পকর্ম। ছবি: মার্কিন দূতাবাসের সৌজন্যে

মোট ৪৫ জন শিল্পীর ৭৩টি শিল্পকর্ম নিয়ে সাজানো এই আয়োজন দর্শকদের নিয়ে যায় এক দীর্ঘ সময়ভ্রমণে। ১৯৫৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সৃষ্ট এসব শিল্পকর্মে ব্যবহৃত হয়েছে তেলরং, অ্যাক্রিলিক, জলরং, চারকোল, মিশ্র মাধ্যম, এচিং, লিথোগ্রাফ, লিনোকাট, উডকাট, সেরিগ্রাফ এবং দেশীয় রঞ্জকসহ নানা মাধ্যম। 

গ্যালারি কায়ার এই বিশেষ প্রদর্শনীটি দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে ২৬ জুন পর্যন্ত, প্রতিদিন সকাল সাড়ে ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত।

আরও পড়ুন

×