ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সম্পর্কে ছন্দপতনের সমাধান খুঁজছেন?

সম্পর্কে ছন্দপতনের সমাধান খুঁজছেন?
×

দুটি পথ দু’দিকে যাচ্ছে বেঁকে? ছবি : সংগ্রহ

শাকিলা ইসরাত

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬ | ০৭:১১

| প্রিন্ট সংস্করণ

সহজাত প্রবণতা থেকে সমাজবদ্ধ হতে চাই আমরা। জড়াতে চাই সম্পর্কে। নিজেকে মিশিয়ে রাখতে চাই ভালোবাসা-আদর-স্নেহে। খুঁজি সম্পর্কের নিরাপত্তায় মানসিক তৃপ্তি। সদ্য নতুন সম্পর্কে দুজন। মস্তিষ্কের থ্যালামাসের জাদুতে কিছুদিন ঘোর লাগা অনুভূতি। এরপর অল্পতেই সেই অনুভূতি কমে যাওয়া। কোথায় যেন ছন্দপতন। মনের ভেতর অজানা অস্বস্তি। ফিকে হতে থাকে সম্পর্কের রং। 

এ কোন সংকেত
সাধারণত মনে হতে পারে দুজনই আছি ঠিকঠাক। তারপরও কোথায় যেন একটু খটকা। এভাবেই ভাঙনের শুরু। একটা সময় পুরো ব্যাপারটা এমনভাবে গ্রাস করে ফেলে মানুষকে, তখন আর কিছুই করার থাকে না। সম্পর্ক তখন বোঝা মনে হয়। আরেক নতুন যুদ্ধে অবতীর্ণ হয় মানব মন। 

সমাধানের খোঁজ
যুদ্ধে যাওয়ার আগে এর সমাধান খুঁজে নিতে পারি। কেননা, সবাই চাই সম্পর্কটা টিকে থাকুক। প্রিয় মানুষের সঙ্গে কাটুক ভালো সময়। চলুন, সমাধান খুঁজি–

সময় দিয়ে শুরু
সম্পর্ক জিইয়ে রাখতে প্রিয় মানুষটিকে সময় দেওয়া একান্ত আবশ্যক। অতি কর্মব্যস্ততার ফলে অনেকেই এ সময়টা বের করতে পারেন না। সম্পর্কে কেয়ারিং না থাকলে তা টেকানো দায় হয়ে দাঁড়ায়। আপনাকে সময় বের করতেই হবে। প্রিয় মানুষটি অন্যের কাছে গিয়ে কখনও যেন না বলে, ‘কখনোই সময় দেয় না’, ‘সারাক্ষণই ব্যস্ত’–এমন কথা। সপ্তাহে না হলেও মাসে অন্তত একদিন তার সঙ্গে নিবিড়ভাবে কাটিয়ে আসুন। প্ল্যান করুন প্রিয় কোনো স্থানে বেড়িয়ে আসার। এই না হলে সম্পর্ক থেকে বেরিয়ে আসবে ভাঙনের সুর। 

অনীহা
তাকে পাওয়া যায় না ফোনে। উত্তর আসে না এসএমএসের। অনেক পরে হয়তো একবার। তাও লেখা থাকে–ব্যস্ত আছি! এমন যদি হয় উত্তর; তবে ধরে নিন, সম্পর্কে গুরুত্ব নেই তার। নিয়মিত যোগাযোগ, খোঁজ-খবর রাখা, ভালো-মন্দ জানতে চাওয়া–এসব যদি কোনো একজনের পক্ষ থেকে দিনের পর দিন না ঘটে তবে সে সম্পর্ক থেকে সরে আসাই ভালো।  

পরিবার থেকে দূরে
আপনার সঙ্গী কি আপনার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু বা অন্যান্য কাছের মানুষ থেকে আপনাকে দূরে রাখে? এমনকি তার পরিবারের লোকদের সঙ্গেও আপনার পরিচয় করিয়ে দিতে চায় না। লুকিয়ে রাখতে চায় আপনাকে। এমনকি আপনার পরিবার-পরিজনের খবরও জানতে চায় না। তবে সাবধান! 

হারিয়ে যাওয়া
একটু ভেবে দেখুন তো, যাকে নিয়ে আপনি ভবিষ্যতের স্বপ্ন দেখছেন, তার ভবিষ্যতে কি নিজেকে খুঁজে পান? একটু কান পেতে শুনুন, তার মুখ থেকে ‘আমি’, ‘আমার’ নাকি ‘আমরা’, ‘আমাদের’ শব্দ বেরিয়ে আসছে। যদি সে বলে, ‘আমি করব’। ‘আমি যাব’। ‘আমি থাকব’। অনেকটা এমন, ‘আমাদের একটা স্বপ্নের বাড়ি হবে’-এর বদলে ‘আমার একটা বাড়ি হবে’। তাহলে সহজেই অনুমান করে নিন তার দৌড় কাকে নিয়ে। 
তাই সরে আসুন, তার একার স্বপ্ন থেকে। নতুন সম্পর্কে জড়ানোর কথা ভাবুন। নিজেকে নিয়ে আপনারও তো আছে অনেক পরিকল্পনা। সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে হাঁটুন! u

আরও পড়ুন

×