ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

সংস্কৃতি

রং, রেখা ও রবীন্দ্র আলোয় ‘সম্প্রীতি’

রং, রেখা ও রবীন্দ্র আলোয় ‘সম্প্রীতি’
×

রাজধানীর গুলশানে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে গতকাল বৃহস্পতিবার ‘সম্প্রীতি’ শীর্ষক বিশেষ শিল্পপ্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা- সমকাল

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ মে ২০২৬ | ০৮:২৪

| প্রিন্ট সংস্করণ

দেয়ালের প্রথম ক্যানভাসে বাঁশি বাজানোয় মত্ত এক রাখাল। চারপাশে একপাল ছাগল। গ্রামবাংলার চিরচেনা রূপ। একটু সামনে এগোতেই আরেকটি ক্যানভাসে বিস্তৃত শুভ্রতার মধ্যে গাঢ় নীলের ছড়িয়ে পড়া স্তর, কালো রেখা আর মাঝখানে জ্বলজ্বল করা একটি অগ্নিবিন্দু। যেন শীতের ভোরে দূর আকাশে উঁকি দিচ্ছে সূর্য। পাশেই দাঁড়িয়ে আছেন এক নারী। হাতে একতারা, মুখে দৃঢ়তা, চারপাশে লোকজ জীবনের স্পন্দন। লাল, হলুদ ও নীলের ব্যবহারে যেন উঠে আসে বাংলার মাটি, গান আর মানুষের অমলিন আত্মপরিচয়।

গুলশানে ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারে ঢুকতেই এমন দৃশ্য চোখে পড়ে। শিল্প, রং, স্মৃতি এবং দুই দেশের সাংস্কৃতিক সম্পর্কের গভীরতাকে ধারণ করে গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে ‘সম্প্রীতি’ শীর্ষক বিশেষ শিল্পপ্রদর্শনী। 

আইসিসিআরের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১০ ও ১১ এপ্রিল অনুষ্ঠিত হয় ‘সম্প্রীতি’ আর্ট ক্যাম্পের ধারাবাহিকতায় 
এই প্রদর্শনী। ১৯৫০ সালের ৯ এপ্রিল প্রতিষ্ঠিত সংস্থাটি সাত দশকেরও বেশি সময় ধরে শিল্প, সাহিত্য, সংগীত, শিক্ষা ও একাডেমিক বিনিময়ের মাধ্যমে ভারতকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক বন্ধনে যুক্ত করে আসছে।

শুরুতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে কবির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে অংশ নেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা, শিল্পী রফিকুন নবী, মনিরুল ইসলাম, ফরিদা জামান ও আবদুস সাত্তার।
অনুষ্ঠানে হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ভারত ও বাংলাদেশের অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্যের অন্যতম উজ্জ্বল প্রতীক। তাঁর সৃজনশীলতা, মানবতাবাদ এবং সাংস্কৃতিক সম্প্রীতির দর্শন দুই দেশের সম্পর্ককে আজও অনুপ্রাণিত করে। তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক ভাষা, ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের আন্তরিক সংযোগের ওপর দাঁড়িয়ে আছে; আর শিল্প সেই সম্পর্ককে আরও গভীর করে।

প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলাদেশের ৩৩ জন প্রখ্যাত সমকালীন শিল্পী ও আইসিসিআর স্কলার। তাদের মধ্যে রয়েছেন– রফিকুন নবী, মনিরুল ইসলাম, আবদুস শাকুর, ফরিদা জামান, রঞ্জিত দাস, জামাল আহমেদ, নাঈমা হক, আলপ্তগীন তুষার, দুলাল চন্দ্র গাইনসহ আরও অনেকে। পুরো আয়োজনের কিউরেটর ছিলেন সঞ্জয় চক্রবর্তী। তিনি বলেন, ‘সম্প্রীতি’ শুধু একটি শিল্পপ্রদর্শনীর নাম নয়। এটি দুই দেশের সম্পর্ক, স্মৃতি, সংস্কৃতি এবং ভবিষ্যতের এক শিল্পিত উচ্চারণ।

অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত শিল্পী ও আইসিসিআর স্কলার তরুণ ঘোষের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তাঁর একটি শিল্পকর্ম প্রদর্শনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সন্ধ্যার শেষ ভাগে শাহনাজ নাসরিন ইলার কণ্ঠে রবীন্দ্রসংগীত পরিবেশনা পুরো আয়োজনকে আরও আবেগঘন করে তোলে। 
প্রদর্শনীটি ১৭ মে পর্যন্ত গুলশানের আইজিসিসি প্রাঙ্গণে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
 

আরও পড়ুন

×