ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

সংস্কৃতি

সুর, বাঁশি, ফ্রেম ও স্মৃতির ভুবনে পাঁচ আয়োজন

সুর, বাঁশি, ফ্রেম ও স্মৃতির ভুবনে  পাঁচ আয়োজন
×

রাজধানীর ছায়ানট মিলনায়তনে গতকাল শুক্রবার ‘রবীন্দ্রনাথের বাঁশি’ শীর্ষক আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন শ্রুতিঘর। অনুষ্ঠানে সংগঠনটির আবৃত্তিশিল্পীরা সমবেত ও একক আবৃত্তি পরিবেশন করেন সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ০৯:০০

| প্রিন্ট সংস্করণ

কখনও যন্ত্রের তারে, কখনও বাঁশির মূর্ছনায় ধরা সংগীত। আবার আলোকচিত্রের ফ্রেমে ধরা পড়েছে সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা। গতকাল রাজধানীতে সাংস্কৃতিক আয়োজনগুলো এভাবেই জমে উঠেছিল। 

যন্ত্রের তারে বাংলা গানের ঝংকার
‘যন্ত্রসংগীতে বাংলা গান’ প্রতিপাদ্যে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার ধানমন্ডিতে ছায়ানট সংস্কৃতি ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে বসেছিল ছায়ানটের নিয়মিত আয়োজন ‘শ্রোতার আসর’। আয়োজনের শুরুতে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তুমি কোন কাননের ফুল’ গানের সুর এস্রাজে তোলেন মো. আশিকুল ইসলাম। 

রবীন্দ্রনাথের বাঁশির বহুমাত্রিকতা    
ছায়ানট মিলনায়তনে ‘রবীন্দ্রনাথের বাঁশি’ মঞ্চস্থ করেছে আবৃত্তি সংগঠন শ্রুতিঘর।  
প্রযোজনাটির গ্রন্থনা ও নির্দেশনায় ছিলেন সৈয়দ ফয়সল আহমদ। কথামালা উপস্থাপনা করেছেন অধ্যাপক সায়মা ফিরোজ। আবৃত্তিতে অংশ নেন অতসী হৈমন্তিকা, নীলা হাসান, রেজিনা খন্দকার প্রমুখ।    

প্রেস ক্লাবে বাঁশির মূর্ছনা    
জাতীয় প্রেস ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে উপমহাদেশের প্রখ্যাত বংশীবাদক ওস্তাদ আজিজুল ইসলামের একক বাঁশি সন্ধ্যা। রাগ শ্যাম কল্যাণ দিয়ে শুরু করে তিনি ঝাঁপতাল ও তিনতালে নিবদ্ধ গৎ পরিবেশন করেন। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া। উদ্বোধন ঘোষণা করেন সভাপতি কবি হাসান হাফিজ। অনুষ্ঠান শেষে ওস্তাদ আজিজুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

দৃকে ফটো প্রদর্শনী
পান্থপথের দৃকপাঠ ভবনে শুরু হয়েছে ‘বাংলাদেশ প্রেস ফটো প্রদর্শনী ২০২৬’। দৃক পিকচার লাইব্রেরির আয়োজনে নির্বাচিত ৩২টি ছবিতে উঠে এসেছে ২০২৫ সালের জনজীবন, রাজনীতি, নারী, সংস্কৃতি, প্রকৃতি ও প্রান্তিক মানুষের নানা বাস্তবতা। ২০২ জন আলোকচিত্রী প্রায় এক হাজার ৬০০ ছবি জমা দিয়েছিলেন। ‘পিকচার অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে প্রথম আলোর ডেপুটি হেড অব ফটোগ্রাফি সাজিদ হোসেনের ছবি। প্রদর্শনী চলবে ১২ আগস্ট পর্যন্ত, প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা।

চৌকাঠ নিয়ে সারা জাবীন
আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার লা গ্যালারিতে শুরু হয়েছে সারা জাবীনের দ্বিতীয় একক প্রদর্শনী ‘চৌকাঠ’। উদ্বোধনে উপস্থিত ছিলেন চিত্রশিল্পী মুস্তফা জামান ও ফ্রান্স দূতাবাসের কালচারাল অ্যাটাশে বাতিত্ব ল্যরে। প্রদর্শনীটি চলবে ৮ আগস্ট পর্যন্ত; প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা।

আরও পড়ুন

×