ফারিনার প্রথম একক চিত্রপ্রদর্শনী
প্রদর্শনী ঘুরে দেখছেন এক দর্শনার্থী সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬ | ০৮:১৯
| প্রিন্ট সংস্করণ
শুরু হয়েছে উদীয়মান চিত্রশিল্পী ফারিনা সামহী নিথীর প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’। গতকাল শনিবার বনানীর এশিয়াটিক সেন্টারের বাতিঘর আর্ট স্পেসে ১০ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ভার্টেক্স চেম্বার্স ও সাজিদা ফাউন্ডেশনের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করেছে মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন। এটি বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
প্রদর্শনীতে ফারিনা সামহী নিথীর মোট ৬১টি অ্যাক্রিলিক পেইন্টিং স্থান পেয়েছে। এশিয়াটিক মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশন্স লিমিটেডের আর্ট ডিরেক্টর ফরিদুর রহমান রাজিবের কিউরেশনে সাজানো হয়েছে পুরো আয়োজন।
শব্দহীন বাস্তবতায় বেড়ে ওঠা শ্রবণপ্রতিবন্ধী এই শিল্পীর কাজগুলো শুধু দেখার নয়, বরং গভীর থেকে অনুভব করার মতো। কিউরেটর ফরিদুর রহমান রাজিবের মতে, ফারিনার কাজ একই সঙ্গে ব্যক্তিগত অনুভব ও বৃহত্তর মানবিক অভিজ্ঞতার মেলবন্ধন ঘটিয়েছে, যা দর্শকদের নতুন দৃষ্টিভঙ্গিতে চিন্তা করতে বাধ্য করে।
মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন জানায়, বিশেষ ক্ষমতাসম্পন্ন এই শিল্পীর ভেতরের সম্ভাবনাকে সবার সামনে তুলে ধরতেই তারা এই উদ্যোগ নিয়েছে। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। তিনি বলেন, মানুষের সবচেয়ে গভীর অনুভূতি অনেক সময় ভাষায় প্রকাশ করা যায় না। ফারিনার প্রদর্শনী সেই না বলা অনুভূতিকে দৃশ্যমান করে তোলার উদাহরণ।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অভিনেতা আফজাল হোসেন এবং গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান। আফজাল বলেন, মানুষের অনুভূতি প্রকাশের মাধ্যম কেবল ভাষা নয়, বরং তা গভীর উপলব্ধির বিষয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ভার্টেক্স চেম্বার্সের পক্ষে ব্যারিস্টার জুনায়েদ চৌধুরী এবং সাজিদা ফাউন্ডেশনের পক্ষে ব্যারিস্টার সাজেদা ফারিসা কবির উপস্থিত ছিলেন। মঙ্গলদ্বীপ ফাউন্ডেশনের চেয়ারপারসন সারা যাকের এবং নির্বাহী
পরিচালক শ্রিয়া সর্বজয়াসহ প্রতিষ্ঠানটির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
- বিষয় :
- সংস্কৃতি