ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

শব্দে-উচ্চারণে বর্ণিল আবৃত্তি উৎসব

শব্দে-উচ্চারণে বর্ণিল আবৃত্তি উৎসব
×

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আবৃত্তি উৎসব ২০২৬ সমকাল

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ০৯:১৩

| প্রিন্ট সংস্করণ

শব্দ ও উচ্চারণের সৌন্দর্য, কণ্ঠনৈপুণ্য আর কবিতার আবেগ মিলেমিশে তৈরি হয়েছিল এক অনন্য নান্দনিক পরিবেশ। যেখানে কবিতার প্রতিটি পঙ্তি হয়ে উঠেছিল সময়, সমাজ ও মানুষের কথার শিল্পিত প্রকাশ। ঠিক এই রূপময় রূপকল্প নিয়েই গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে উদযাপিত হলো আবৃত্তি উৎসব ২০২৬। 

ঢাকার পাশাপাশি দেশের বিভিন্ন জেলা থেকে আগত আবৃত্তিশিল্পীদের পদচারণায় দিনব্যাপী এই আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। 

উৎসবের সূচনায় ছিল এক ভিন্ন মাত্রা। শিল্পকলা একাডেমির যন্ত্রশিল্পীরা এসরাজে আশিকুল ইসলাম ও তবলায় তুষার কান্তি সরকারের সঙ্গতে পরিবেশন করেন মোহনীয় যন্ত্রসংগীত। এর পরই মঞ্চে ওঠেন জেলা ও রাজধানীর আবৃত্তিশিল্পীরা। একের পর এক কবিতার উচ্চারণে মিলনায়তন মুখরিত করে তোলেন তারা। 

আবৃত্তিতে অংশ নেন রংপুরের কাজল চন্দ্র রায়, পঞ্চগড়ের মো. দেলোয়ার, বগুড়ার সুলতানা পারভীন শ্রাবণী, চাঁপাইনবাবগঞ্জের মো. হাসানুজ্জামান, লক্ষ্মীপুরের রাফি নাহিদ, বরগুনার তারিক বিন আনসারি সুমন এবং মাগুরার বি এম সুজন। 
আরও কবিতা পরিবেশন করেন এস এম শফিকুল ইসলাম (কাজল), ফারহানা তৃণা, টিটো মুন্সী, সীমা ইসলাম, মো. মেহেদী হাসান, ইকবাল আহমেদ, এনামুল হক জুয়েল, শাকিলা মতিন মৃদুলাসহ 
আরও অনেকে। 

উৎসবের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। অনুষ্ঠানে স্বাগত জানিয়ে শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন কবি জীবনানন্দ দাশের অমর কবিতা ‘বাংলার মুখ’ আবৃত্তি করেন। সব শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। 
আবৃত্তির ঝঙ্কারের পাশাপাশি উৎসবে নৃত্য পরিবেশনা এনে দেয় বিশেষ আকর্ষণ। মেহরাজ হক তুষারের নির্দেশনায় কবি কাজী নজরুল ইসলামের কবিতা অবলম্বনে শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা পরিবেশন করেন সমবেত নৃত্য ‘বিদ্রোহী’। ফারহানা চৌধুরী বেবীর পরিচালনায় ‘বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস’-এর শিল্পীরা পরিবেশন করেন ‘সৃষ্টি সুখের উল্লাসে’। সব শেষে সুমাইতাহ তাবাসসুম খানম লগ্নের নির্দেশনায় শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীদের সমবেত নৃত্য ‘নারী’ পরিবেশনার মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই বর্ণিল উৎসবের।

আরও পড়ুন

×