ভূমি গ্যালারিতে ৬০ চিত্রকর্মে তিন শিল্পীর ‘কন্টিনিউয়াম’
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১৭ | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১০:৫৯
| প্রিন্ট সংস্করণ
দৃশ্যমান বাস্তবতার সঙ্গে শিল্পীর অন্তর্গত অনুভবের মেলবন্ধনে এক অবিরাম যাত্রার গল্প নিয়ে শুরু হয়েছে ‘কন্টিনিউয়াম’। রাজধানীর লালমাটিয়ায় ভূমি গ্যালারিতে গতকাল শনিবার উদ্বোধন হলো তিন শিল্পীর অংশগ্রহণে আয়োজিত এই দলীয় চিত্র প্রদর্শনীর। প্রদর্শনীতে অংশ নিয়েছেন সিদ্ধার্থ তালুকদার, কারু তিতাস ও নাজমুল হক বাপ্পী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পী ও ইমেরিটাস অধ্যাপক হাশেম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থপতি মুস্তাফা খালিদ পলাশ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি গ্যালারির প্রতিষ্ঠাতা সাইফুর রহমান লেনিন। অতিথিদের পাশাপাশি অংশগ্রহণকারী শিল্পীদের পক্ষ থেকে বক্তব্য দেন সিদ্ধার্থ তালুকদার।
প্রদর্শনীর শিল্পকর্মগুলো সাজানো হয়েছে রং ও রেখার বৈচিত্র্যে। একটি ক্যানভাসে নীলাভ অন্ধকারের মধ্যে নৌকা ও জলজ জীবনের আবহ তৈরি হয়েছে। অন্যদিকে কিছু চিত্রে ধূসর, নীল, সাদা ও হলুদের মিশ্রণে প্রকৃতির বিমূর্ত রূপ ফুটে উঠেছে। প্রকৃতিনির্ভর চিত্রকর্মগুলোতে দেখা যায় ঘন সবুজ পাতার ভেতর দিয়ে এসে পড়া আলো, গাছের কাণ্ড, শাখা-প্রশাখা ও মাটির বৈচিত্র্য। তিন শিল্পীর ক্যানভাসে তেলরং, অ্যাক্রিলিক, জলরং ও মিশ্র মাধ্যমে আঁকা মোট ৬০টি চিত্রকর্ম স্থান পেয়েছে প্রদর্শনীতে।
‘কন্টিনিউয়াম’ অর্থ ধারাবাহিকতা বা অবিচ্ছিন্ন প্রবাহ। আয়োজকদের ভাষ্যে, ‘ক্রমবর্ধমান অনিশ্চয়তা, মানবিক মূল্যবোধের অবক্ষয় এবং সামাজিক ও নৈতিক সংকটের সময়ে সৃজনশীলতার চর্চাকে অব্যাহত রাখা গুরুত্বপূর্ণ দায়িত্ব। শিল্প কেবল নান্দনিক প্রকাশের মাধ্যম নয়; এটি সহমর্মিতা, সমালোচনামূলক চিন্তা ও সাংস্কৃতিক ধারাবাহিকতা ধরে রাখারও একটি শক্তিশালী উপায়।’ কন্টিনিউয়াম শেষ হবে আগামী ২৫ সেপ্টেম্বর। এর মধ্যে প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই চিত্র প্রদর্শনী।
- বিষয় :
- চিত্রকর্ম