ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

পঞ্চাশ বসন্তে শিল্পী শাহীনুর রহমানকে নিয়ে নানা আয়োজন

পঞ্চাশ বসন্তে শিল্পী শাহীনুর রহমানকে নিয়ে নানা আয়োজন
×

শাহীনুর রহমান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ নভেম্বর ২০১৯ | ০৩:৪৮ | আপডেট: ০৭ নভেম্বর ২০১৯ | ০৪:১৬

চারুশিল্পী শাহীনুর রহমানের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৭ অক্টোবর তার জন্মদিন। এ উপলক্ষে ৮ নভেম্বর শুক্রবার দিনব্যাপী এই আয়োজন।

এদিন সকাল ১১টায় শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে শাহীনুর রহমানের চিত্রকলা, ডিজাইন করা নাটকের সেট ও পোস্টার প্রদর্শনী করা হবে। প্রদর্শিত হবে তাকে নিয়ে নির্মিত ডক্যুমেন্টরি। একই সঙ্গে তার প্রথম বই ‘দ্বৈতাদ্বৈত’-এর মোড়ক উন্মোচন করা হবে।

বিকেল ৩টায় শাহীনুর রহমানের সঙ্গে আড্ডা এবং সন্ধ্যা ৭টায় অনুস্বর নাট্যদলের ‘অনুদ্ধারণীয়’ নাটকের প্রদর্শনী রয়েছে।


একাধারে চারুশিল্পী, স্থাপত্যশিল্পী, নাট্যকর্মী, কবি, প্রকাশক ও লেখক শাহীন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে পেইন্টিং ও ছাপচিত্র বিষয়ে সম্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

বাংলাদেশের চারুকলা বিষয়ে প্রাতিষ্ঠানিক পাঠে স্নাতক পর্যায়ে প্রথম ফার্স্টক্লাস তার। ১৯৯৫ সালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে তিনি প্রথম প্রদর্শনী করেন। অংশ নিয়েছেন জাতীয় ও আন্তর্জাতিক নানা প্রদর্শনীতে। ১৯তম জাতীয় চারুকলা প্রদর্শনী ২০০৮-এ তার স্থাপনাশিল্প ‘জিরো দ্য প্রাইমারি ইউনিট’ বেস্ট মিডিয়া পুরস্কার পায়।

বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলা ২০১৭ ও ২০১৯-এ শাহীনুর রহমানের ‘বাতিঘর স্টল স্থাপনা’ সেরা শিল্পীত স্থাপনার স্বীকৃতি পায়। তিনি শতাধিক গ্রন্থের প্রচ্ছদ করেছেন। বেশ কিছু লিটল-ম্যাগ দলের সঙ্গে যুক্ত থেকেছেন স্বতঃস্ফূর্ত প্রণোদনায়। ঢাকার মঞ্চের উল্লেখযোগ্য কয়েকটি নাটকের সৃজনশীল সেট-রূপকার তিনি।

চট্টগ্রাম, ঢাকা ও সিলেটের জনপ্রিয় বইয়ের দোকান বাতিঘরের ডিজাইনার শাহীনুর রহমান।

আরও পড়ুন

×