ত্বকের যত্নে সিরাম
ত্বক ভেতর থেকে সুস্থ এবং পোরস ছোট করতে সিরাম ব্যবহার করুন মডেল: অদিতি; ছবি: আর্কাইভ
ইসরাত জাহান
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫ | ০৭:০২
| প্রিন্ট সংস্করণ
আধুনিক স্কিনকেয়ার রুটিনে ‘সিরাম’ প্রয়োজনীয় উপাদান। ত্বককে গভীর থেকে সুস্থ করতে সিরাম কার্যকর। ব্রণ, ব্রণের দাগ, রোদে পোড়া দাগ, শুষ্কতা কিংবা বয়সের ছাপ–প্রায় সব সমস্যার জন্যই এখন আলাদা আলাদা সিরাম পাওয়া যায়। তবে সিরাম যত উপকারী, ভুলভাবে ব্যবহার করলে ততটাই ক্ষতিকর হতে পারে। তাই সিরাম ব্যবহারের সঠিক নিয়ম জানা প্রয়োজন। সেই সঙ্গে প্রচলিত কিছু ভুল এড়িয়ে চলা জরুরি।
সিরাম কী এবং কখন ব্যবহার করবেন
সিরাম হলো হালকা, তরল বা জেলজাতীয় স্কিনকেয়ার পণ্য, যাতে উচ্চমাত্রার অ্যাকটিভ উপাদান থাকে। এর অণুগুলো ছোট হওয়ায় এটি সহজেই ত্বকের গভীরে প্রবেশ করতে পারে। ভিটামিন সি, নিয়াসিনামাইড, হায়ালুরোনিক এসিড, রেটিনল–এই উপাদানগুলো সিরামের মাধ্যমে সবচেয়ে ভালো কাজ করে। অধিকাংশ সিরাম দিনে এক বা দুবার ব্যবহার করা হয়। তবে সবসময় লেভেলটি পরীক্ষা করা উচিত। কিছু উপাদান যেমন–রেটিনল, ত্বকে জ্বালা বা অতিরিক্ত সংবেদনশীলতা এড়ানোর জন্য সীমিত পরিমাণে ব্যবহার করা ভালো।
সিরাম ব্যবহারের সঠিক নিয়ম
মুখ ভালোভাবে পরিষ্কার
সিরাম ব্যবহারের আগে অবশ্যই মুখ ক্লিনজার দিয়ে ভালোভাবে পরিষ্কার করতে হবে। ত্বকে ময়লা বা তেল জমে থাকলে সিরাম ঠিকভাবে কাজ করতে পারে না।
টোনার ব্যবহার
টোনার ত্বকের পিএইচ ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে এবং সিরাম শোষণের জন্য ত্বককে প্রস্তুত করে। বিশেষ করে শুষ্ক বা সেনসিটিভ ত্বকের জন্য এটি উপকারী।
পরিমাণ সঠিক রাখা
সিরাম ব্যবহারে ‘বেশি মানেই ভালো’–এই ধারণা ভুল। সাধারণত দুই-তিন ফোঁটা পুরো মুখের জন্য যথেষ্ট। অতিরিক্ত ব্যবহার ত্বকে জ্বালা বা ব্রণ তৈরি করতে পারে।
আলতোভাবে লাগানো
সিরাম মুখে লাগানোর সময় জোরে ঘষা যাবে না। আঙুলের ডগা দিয়ে হালকা চাপ দিয়ে লাগালে এটি ভালোভাবে শোষিত হয়।
ময়েশ্চারাইজার ব্যবহার
সিরামের পর অবশ্যই একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এটি সিরামের উপাদানগুলোকে ত্বকের ভেতরে ধরে রাখতে সাহায্য করে।
সানস্ক্রিন ব্যবহার
ভিটামিন-সি সিরাম সকালে ব্যবহার করুন– দিনব্যাপী পরিবেশগত ক্ষতি থেকে ত্বককে রক্ষা করতে এবং শেষে সানস্ক্রিন ব্যবহার করুন। রেটিনল এবং এক্সফোলিয়েটিং সিরাম রাতে ব্যবহার করা সবচেয়ে ভালো। কারণ এগুলো সূর্যালোকের সংস্পর্শে ত্বকের সংবেদনশীলতা বাড়াতে পারে।
সিরাম ব্যবহারে যেসব ভুল এড়িয়ে চলা উচিত
প্যাচ টেস্ট না করা
নতুন সিরাম ব্যবহার করার আগে অবশ্যই কানের পেছনে বা হাতের ভেতরের অংশে প্যাচ টেস্ট করা উচিত। এতে অ্যালার্জি আছে কিনা তা আগে থেকেই বোঝা যায়।
ভুল সিরাম নির্বাচন
সব সিরাম সব ত্বকের জন্য নয়। তৈলাক্ত ত্বকে ভারী সিরাম ব্রণ বাড়াতে পারে, আবার শুষ্ক ত্বকে অ্যালকোহলযুক্ত সিরাম ত্বক আরও রুক্ষ করে তুলতে পারে। তেলতেলে ত্বক ও বড় পোরস থাকলে নিয়াসিনামাইড সিরাম ব্যবহার করতে পারেন। এ ধরনের সিরাম ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে সাহায্য করে, ব্রণ হওয়ার প্রবণতা কমায় এবং ত্বককে কোমল রাখতে সহায়তা করে।
একসঙ্গে অনেক অ্যাকটিভ উপাদান ব্যবহার
ভিটামিন-সি, রেটিনল, এএইচএ/বিএইচএ–সব একসঙ্গে ব্যবহার করলে ত্বক জ্বলে যেতে পারে। তাই ত্বকের ধরন অনুসারে কোন ত্বকে কেমন সিরাম প্রয়োজন তা রূপবিশেষজ্ঞের কাছ থেকে জেনে নিন।
নিয়মিত ব্যবহার না করা
সিরাম একদিন ব্যবহার করে ফল আশা করা ভুল। সিরাম অবশ্যই নিয়মিত ব্যবহার করতে হবে। অন্তত চার-ছয় সপ্তাহ ব্যবহার করলে ভালো ফল পাওয়া যাবে।
ভুল সময়ে ভুল সিরাম ব্যবহার
রেটিনল বা এক্সফোলিয়েটিং সিরাম রাতের জন্য আর অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম দিনের জন্য বেশি উপযোগী। ভুল সময়ে ব্যবহার করলে উপকারের বদলে ক্ষতি হতে পারে।
মেয়াদোত্তীর্ণ সিরাম ব্যবহার
সিরাম মেয়াদোত্তীর্ণ হয়ে গেলে এর কার্যকারিতা কমে যায় এবং ত্বকের ক্ষতি করতে পারে। রং বা গন্ধ বদলে গেলে তা ব্যবহার না করাই ভালো।
সিরাম নিঃসন্দেহে ত্বকের যত্নে গুরুত্বপূর্ণ উপাদান। তবে সঠিক নিয়ম মেনে এবং নিজের ত্বকের প্রয়োজন বুঝে ব্যবহার করলে এর প্রকৃত উপকার পাওয়া সম্ভব। ত্বকের যত্নে তাড়াহুড়া না করে সঠিক উপায় মেনে চলতে হবে।
তথ্যসূত্র: অনস্কিন, নিউট্রিহার্বস
- বিষয় :
- ত্বকের শুষ্কতা
