ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্টাইলে আরামে সোয়েটার কার্ডিগান

স্টাইলে আরামে সোয়েটার কার্ডিগান
×

উল, অ্যাক্রিলিক বা কটন ব্লেন্ড কাপড়ে তৈরি সোয়েটার দীর্ঘদিন ব্যবহার করা যায়

ইমু ইসরাত

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬ | ০৬:৫৯ | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ | ১৪:০১

| প্রিন্ট সংস্করণ

হালকা শীত কিংবা তীব্র ঠান্ডা সব পরিস্থিতিতেই নিজেকে আরামদায়ক ও স্টাইলিশ রাখতে ফ্যাশনপ্রেমীর প্রথম পছন্দ সোয়েটার কার্ডিগান। অফিস, ক্যাম্পাস, আড্ডা কিংবা পারিবারিক অনুষ্ঠান–সব জায়গাতেই চোখে পড়ে এসব পোশাকের ব্যবহার। সময়ের সঙ্গে সঙ্গে সোয়েটার কার্ডিগানের নকশা, রং আর ব্যবহারে এসেছে বৈচিত্র্য। লিখেছেন ইমু ইসরাত

শীত আসার সঙ্গে সঙ্গে জীবনযাত্রার পাশাপাশি পোশাকের ধরনও বদলে যায়। হালকা ঠান্ডা থেকে কনকনে শীত–সব পরিস্থিতিতেই নিজেকে আরামদায়ক ও স্টাইলিশ ফ্যাশনপ্রেমীর পছন্দ কার্ডিগান বা সোয়েটার। একসময় এগুলো শীতে উষ্ণতার জন্য ব্যবহৃত হলেও বর্তমানে ফ্যাশনের গুরুত্বপূর্ণ অংশ। সঠিক স্টাইল ও রঙের কার্ডিগান শুধু ঠান্ডা থেকে রক্ষা করে না, বরং পুরো পোশাকের লুককে করে তোলে আরও পরিপাটি ও আকর্ষণীয়। 

একসময় কার্ডিগান মানেই ছিল সাধারণ, সাদামাটা এক রঙের বোতামওয়ালা সোয়েটার। সময়ের সঙ্গে সঙ্গে এর নকশা, রং আর ব্যবহারে এসেছে বৈচিত্র্য। 
ফ্যাশন ব্র্যান্ড রাইজের হেড অব ডিজাইন তানজিলা তানবিন এ প্রসঙ্গে জানান, সোয়েটার কার্ডিগানের ভেরিয়েশন মূলত ডিজাইন, প্যাটার্ন, ফিট, ফেব্রিক ও ব্যবহারের ধরন অনুযায়ী তৈরি করা হয়। শীতের পোশাকে বর্তমানে আরাম ও আধুনিক স্টাইল–এই দুই দিককে গুরুত্ব দিয়েই কার্ডিগান নকশা করা হয়। তাঁর ভাষায়, এখন ওপেন ফ্রন্ট, বেল্টেড, বাটন-ডাউন, লংলাইন এবং শর্ট বা ক্রপ কার্ডিগান বেশ জনপ্রিয়। 

তিনি আরও জানান, তাদের হাউসে প্রিন্ট ও প্যাটার্ন অনুযায়ী সলিড কালার ছাড়াও চেক, ফ্লোরাল, জিওমেট্রিক ও অ্যাবস্ট্রাক্ট নকশার কার্ডিগান রয়েছে। যারা মিনিমাল লুক পছন্দ করেন তাদের জন্য সলিড ও প্লেইন নিট, আর স্টেটমেন্ট লুকের জন্য রয়েছে জ্যাকুয়ার্ড ও নিট প্যাটার্ন । ফিটের দিক থেকে রেগুলার ও রিলাক্সড বা ওভারসাইজ ফিটের কার্ডিগান নকশা করা হয়, যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করা যায়। ফেব্রিক হিসেবে কটন নিট, কটন-ভিসকস ব্লেন্ড ও মিড-ওয়েট নিট ব্যবহৃত হয়, যা শীতে উষ্ণতার পাশাপাশি আরাম দেয়।  চলুন জেনে নেওয়া যাক শীতে আপনার লুক আরও আকর্ষণীয় করতে কোন কার্ডিগান, সোয়েটার বেছে নিতে পারেন।

ওভারসাইজড কার্ডিগান এবং সোয়েটার 
এই শীতে সবচেয়ে জনপ্রিয় স্টাইল রয়েছে ওভারসাইজড কার্ডিগান সোয়েটারে। বড় ও ঢিলেঢালা এই কার্ডিগান বা সোয়েটার আরামদায়ক হওয়ায় সহজে পরিধানযোগ্য। সাধারণ জিন্স, স্কিনি প্যান্ট বা স্কার্টের সঙ্গে মিলিয়ে পরলে লুক হবে আভিজাত্যপূর্ণ।

ক্ল্যাসিক নিট সোয়েটার
ক্ল্যাসিক নিট সোয়েটার শীতের সবচেয়ে পরিচিত পোশাক। সাধারণত উল, অ্যাক্রিলিক বা কটন ব্লেন্ড কাপড়ে তৈরি এ সোয়েটারগুলো দীর্ঘদিন ব্যবহার উপযোগী। সলিড রঙের নিট সোয়েটার যেমন জনপ্রিয়, তেমনি হালকা টেক্সচার বা কেবল নিট ডিজাইনও বেশ চাহিদাসম্পন্ন। শার্টের ওপর বা জিন্সের সঙ্গে পরলে এটি ক্যাজুয়াল ও স্মার্ট লুক দেয়।

চাঙ্কি নিট সোয়েটার
চাঙ্কি নিট সোয়েটার মূলত মোটা বুননের হয়ে থাকে, যা শীতের তীব্রতায় বেশি উষ্ণতা দেয়। এই ধরনের সোয়েটার সাধারণত একটু ঢিলেঢালা ও আরামদায়ক হয়। এবারের শীতে ওভারসাইজড চাঙ্কি নিট সোয়েটার ট্রেন্ডে রয়েছে। ডেনিম, কর্ড প্যান্ট কিংবা স্কার্টের সঙ্গে এটি পরলে নজরকাড়া লুক দেবে।

ভি ও রাউন্ড নেক সোয়েটার
ভি-নেক সোয়েটার অফিস বা ফরমাল পরিবেশের জন্য বেশ মানানসই। শার্ট ও টাইয়ের সঙ্গে ভি-নেক সোয়েটার পরলে লুক হয় পরিপাটি ও প্রফেশনাল। অন্যদিকে রাউন্ড নেক সোয়েটার ক্যাজুয়াল ব্যবহারে বেশি জনপ্রিয়। টি-শার্ট বা শার্টের ওপর এ সোয়েটার সহজেই মানিয়ে যায়।

বেল্টযুক্ত কার্ডিগান
বেল্ট দিয়ে কোমরে বাঁধা কার্ডিগান এবারের শীতে বিশেষভাবে জনপ্রিয়। অফিস, আড্ডা বা বিশেষ অনুষ্ঠানে সহজে মানিয়ে যায়। বেল্টযুক্ত কার্ডিগান বিভিন্ন রঙে পাওয়া যায়, যা পোশাককে করে তোলে আরও পরিপাটি।

ক্রপড কার্ডিগান
ক্রপড বা ছোট দৈর্ঘ্যের কার্ডিগান তরুণীদের মধ্যে এবারের শীতে বেশি প্রাধান্য পেয়েছে। হাই-ওয়েস্ট জিন্স বা স্কার্টের সঙ্গে মিলিয়ে পরলে পুরো লুক হয় ব্যালান্সড এবং আকর্ষণীয়। সাধারণ আউটিংয়ের জন্য এটি উপযুক্ত।

লং কার্ডিগান
লং কার্ডিগান শীতের আরেকটি জনপ্রিয় স্টাইল। এটি শুধু উষ্ণতা দেয় না, বরং আনুষ্ঠানিক এবং দৈনন্দিন পোশাকের সঙ্গে মিলিয়ে পরলে পোশাকের সৌন্দর্য আরও বেড়ে যায়।

প্রিন্টেড সোয়েটার ও কার্ডিগান
নকশা বা প্রিন্ট করা সোয়েটার বা কার্ডিগান এবারের শীতে বিশেষভাবে নজর কাড়ছে। সাধারণ জ্যাকেট বা সোয়েটারের সঙ্গে মিলিয়ে পরলে পোশাকের লুক হয় আরও আকর্ষণীয়।

সফট কার্ডিগান
নরম ও হালকা কার্ডিগান এবারের শীতে জনপ্রিয়। এটি আরামদায়ক এবং দীর্ঘ সময় পরলেও অস্বস্তি তৈরি হয় না। তাই বাইরে যাওয়ার সময় সহজে ব্যবহার করা যায়।

খোলা স্টাইলের কার্ডিগান
খোলা স্টাইলের কার্ডিগান এবারের শীতে বেশি দেখা যাচ্ছে। এটি সাধারণ আউটফিটের সঙ্গে মানানসই এবং লুককে করে তোলে আরও আকর্ষণীয়।

হুডি কার্ডিগান
হুডি কার্ডিগান শীতের সকালে মাথা গরম রাখার পাশাপাশি ক্যাজুয়াল লুকও দেয়। এটি সাধারণত কটন বা উলের তৈরি হয় এবং বাইরে বের হলে আরামদায়ক ও স্টাইলিশ দেখায়।

ফুল-স্লিভ কার্ডিগান
ফুল-স্লিভ কার্ডিগান পুরো বাহু ঢেকে রাখে এবং হাতে উষ্ণ অনুভূতি দেয়। অফিস বা ঘরোয়া ব্যবহারের জন্য উপযুক্ত এবং বিভিন্ন রঙের কারণে সহজে অন্যান্য পোশাকের সঙ্গে মানিয়ে যায়।

দাম
বর্তমানে বাজারে সোয়েটার ও কার্ডিগান বিভিন্ন দামের মধ্যে পাওয়া যাচ্ছে। রাইজে বেসিক সোয়েটার মিলছে এক হাজার ৫০ থেকে এক হাজার ২০০ টাকায়, প্রিন্টেড সোয়েটার পাওয়া যাবে এক হাজার ৫৫০ থেকে এক হাজার ৬৫০ এবং কার্ডিগান সাধারণত এক হাজার ৩০০ থেকে দুই হাজার ৩০০ টাকার মধ্যে পাওয়া যায়। 
টুয়েলভ ক্লদিংয়ে বিভিন্ন ধরনের সোয়েটারের দাম ৯৫০ টাকা থেকে শুরু। বিভিন্ন শপ বা শপিংমলে সোয়েটারের দাম শুরু হয় ৮০০ টাকা থেকে আর ভালো মানের নিট বা ব্র্যান্ডেড সোয়েটারের দাম হতে পারে দুই হাজার ৫০০ থেকে চার হাজার টাকা পর্যন্ত। কার্ডিগানের দাম সাধারণত এক হাজার ২০০ থেকে তিন হাজার ৫০০ টাকার মধ্যে পাওয়া যায়। এ ছাড়া রাজধানীর নিউমার্কেট, গাউছিয়া, বঙ্গবাজার, নুরজাহান মার্কেটসহ অনলাইন প্ল্যাটফর্মে স্বল্প বাজেটে পেয়ে যাবেন এসব শীতের পোশাক। 

মডেল: দিলরুবা দোয়েল; পোশাক: রাইজ; 
ছবি: ফয়সাল সিদ্দিক কাব্য

আরও পড়ুন

×