পাতে থাক মাছ
কোহিনুর বেগম
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬ | ০৭:২২
| প্রিন্ট সংস্করণ
ঈদে তো বেশ পোলাও-মাংস-মিষ্টান্ন খাওয়া হলো। এবার পাতে বিভিন্ন ধরনের মাছের পদ রাখুন। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী–কোহিনুর বেগম
টুনা মাছের কাবাব
উপকরণ: সেদ্ধ টুনা মাছ এক কাপ, সেদ্ধ আলু একটি, ডিম একটি, পেঁয়াজের বেরেস্তা আধা কাপ, কাঁচামরিচ কুচি স্বাদমতো, লবণ স্বাদমতো, শুকনো মরিচ গুঁড়া এক চা চামচ, জিড়া গুঁড়া এক চা চামচ, ধনিয়া গুড়া এক চা চামচ, ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ, আদা-রসুন বাটা এক চা চামচ, তেল ভাজার জন্য।
প্রস্তুত প্রণালি: সব উপকরণ একসঙ্গে মাখিয়ে কাবাবের আকার দিন। গরম তেলে লাল লাল করে ভেজে তুলুন। তারপর পোলাও, ভাত, খিচুড়ি অথবা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন।
আচারি ইলিশ
উপকরণ: ইলিশ মাছ একটি, আদা-রসুন-সরিষা-কাঁচামরিচ-পেঁয়াজ বাটা এক চা চামচ করে, হলুদ-ধনিয়া-জিরা ও শুকনা মরিচের গুঁড়া এক চা চামচ করে, পেঁয়াজ কুচি এক টেবিল চামচ, কাঁচামরিচ ৫-৬টি, সরিষার তেল আধা কাপ।
প্রস্তুত প্রণালি: মাছ টুকরা করে পরিষ্কার করে নিন। পাত্রে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে মাছ ছাড়া সব উপকরণ দিয়ে কষান। এবার সামান্য পানি দিয়ে মাছের টুকরাগুলো দিন। ঢেকে ৫ মিনিট জ্বাল দিন। মাছের ঝোল মাখা মাখা হলে পরিমাণ মতো আমের আচার দিয়ে আরও এক মিনিট ঢেকে রাখুন। তেল ওপরে ভেসে উঠলে চুলা নিভিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
চিংড়ি মাছের মালাইকারি
উপকরণ: চিংড়ি মাছ ৩০০ গ্রাম, আদা-রসুন-পেঁয়াজ-বাদাম বাটা এক চা চামচ করে, মরিচের গুঁড়া-জিরা-ধনিয়া গুঁড়া এক চা চামচ করে, নারকেলের দুধ এক কাপ, কাঁচামরিচ ৫-৬টি, দুধ আধা কাপ, লবণ স্বাদমতো, পেঁয়াজ কুচি এক কাপ, তেল দুই টেবিল চামচ, ঘি দুই টেবিল চামচ, চিনি আধা চা চামচ।
প্রস্তুত প্রণালি: চিংড়িগুলো কেটে ভালো করে ধুয়ে নিন। এবার পাত্রে তেল ও ঘি গরম করে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ বেরেস্তা হয়ে এলে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে কষান। এবার চিংড়ি মাছ দিয়ে আবার ভালো করে কষান। ২-৩ মিনিট ঢেকে রান্না করুন। তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করুন।
রূপচাঁদা মাছের দোপেঁয়াজা
উপকরণ: রূপচাঁদা মাছ ৫০০ গ্রাম, আদা-রসুন-পেঁয়াজ বাটা এক চা চামচ করে, টমেটো কুচি একটি, পেঁয়াজ কুচি এক কাপ, কাঁচামরিচ ৫-৬টি, হলুদ-মরিচ-ধনিয়া-জিরার গুঁড়া এক চা চামচ করে, তেল এক কাপ, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: রূপচাঁদা মাছ ভালো করে ধুয়ে হলুদ, লবণ মাখিয়ে তেলে ভেজে নিন। এবার পেঁয়াজ বেরেস্তা হলে একে একে সব উপকরণ দিয়ে ভালো করে কষান। এবার পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো দিয়ে দুই-তিন মিনিট ঢেকে দিন। তেল ভেসে উঠলে চুলা বন্ধ করে গরম গরম পরিবেশন করুন।
- বিষয় :
- মাছ
