ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

এ বৈশাখে ত্বকের যত্ন

এ বৈশাখে ত্বকের যত্ন
×

গরমে ব্রণ, ফুস্কুরি, ট্যান দূর করতে ত্বকের ধরন বুঝে যত্ন নেওয়া প্রয়োজন

রিক্তা রিচি

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ০৭:০৮

| প্রিন্ট সংস্করণ

দিনকে দিন বাড়ছে তাপপ্রবাহ। কড়া রোদ ও গরমে ত্বক যেমন রুক্ষ হয়, তেমনি বাড়ে কালচে দাগ, ব্রণের সমস্যা। ত্বকের সুস্থতায় বিশেষজ্ঞের পরামর্শ মেনে সঠিক উপায়ে যত্ন নিতে হবে। লিখেছেন রিক্তা রিচি

দিনপঞ্জিকায় বৈশাখ চলছে। সকাল-বিকেল চোখ রাঙাচ্ছে সূর্য। তেজ যেন দিনকে দিন বাড়ছে। এমন গরমে মানুষ তো নাজেহালই, সেইসঙ্গে ত্বকেও পড়ছে বিরূপ প্রভাব। কড়া রোদে বাইরে গেলে, দীর্ঘসময় রোদে কাজ বা ঘোরাঘুরি করলে ত্বকে ট্যান পড়ে। কালচে দাগ বেশ শক্তভাবেই ত্বককে বেছে নেয়, যা দূর করতে কাঠখড় পোড়াতে হয়। আবার র‌্যাশ-ব্রণ-ফুসকুড়িও বেঁকে বসে। তাই এ সময়ের যত্নটা হওয়া চাই বিশেষ। 

শোভন’স মেকওভারের কসমেটোলজিস্ট শোভন সাহা জানান, বৈশাখের গরমে অনেকের ত্বক রুক্ষ হয়ে পড়ে। শীতের পর হুট করে গরম পড়ে বলে এমনটা হয়ে থাকে। ত্বকে ডিহাইড্রেশন হয়। আবার ত্বকে তেল বা ময়েশ্চারাইজার ব্যবহার করলে গরমের কারণে খুব অস্বস্তিতে পড়তে হয়। 
তৈলাক্ত ত্বকের জন্য অয়েল কন্ট্রোল ফেসওয়াশ বা ক্লিনজার ব্যবহার করার পরামর্শ দেন তিনি। তিনি মনে করেন, শুষ্ক বা সেনসিটিভ ত্বকের জন্য এক্সপার্টের সঙ্গে কথা বলে ফেসওয়াশ নির্ধারণ করতে হবে। রুক্ষতা দূর করার জন্য নিয়মিত টোনার ব্যবহার করতে হবে। এতে ত্বকের সংবেদনশীলতাও অনেকটা কমবে। ত্বকে পিগমেন্টেশন, ট্যান থাকলে বিশেষজ্ঞের পরামর্শ মেনেই টোনার বাছাই করতে হবে। এরপর ত্বকে সিরাম ব্যবহার করতে হবে। দিনের বেলা সানব্লক বা সানস্ক্রিন ক্রিম ব্যবহারের আগে ভিটামিন-সি সিরাম লাগাতে পারেন। এতে ত্বক উজ্জ্বল হয়। রাতের জন্য রেটিনল, নিয়াসিনামাইড, গ্লাইকোলিক এসিডসমৃদ্ধ সিরাম ব্যবহার করার পরামর্শ দিয়েছেন শোভন সাহা। 

কেমন সানস্ক্রিন, কেমন নাইট ক্রিম? 
এ গরমে দিনের বেলা ওয়াটারপ্রুফ সানব্লক ক্রিম ব্যবহার করা ভালো। রাতের বেলা ত্বকের ধরন অনুযায়ী নাইট ক্রিম বেছে নিন। ফাইনলাইন থাকলে অ্যান্টি-অ্যাজিং ক্রিম, ড্রাইনেস থাকলে হালকা ময়েশ্চারাইজার, পিগমেন্টেশন থাকলে ভিটামিন-সি জাতীয় ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো বলে মনে করেন রূপবিশেষজ্ঞরা। 

রোদে পোড়া দাগ, দূর হয়ে যাক
গরমে বাইরে গেলে বিশেষ করে দীর্ঘসময় রোদে থাকলে ত্বক পুড়ে যায়। ছুটি কাটাতে বেড়াতে গেলেও রোদে ঘোরাঘুরির জন্য প্রচুর সানবার্ন হয়। এতে ত্বক শুষ্ক হয়ে উঠতে থাকে। শোভন সাহা বলেন, ‘এ ধরনের সমস্যা হলে ফেসিয়াল করলেই যে সমাধান মিলবে তা নয়। বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেওয়া উচিত। ট্যান রিমুভের ক্ষেত্রে আমরা এমন কিছু ধাপ অনুসরণ করি যেন আগে ব্যক্তির ত্বক হাইড্রেটেড হয়। এরপর ট্যান দূরীকরণের পদ্ধতি প্রয়োগ করি। প্রথমেই যদি ট্যান দূর করার জন্য ব্যবস্থা নেওয়া হয়, তাহলে ত্বক আরও বেশি রুক্ষ ও শুষ্ক হয়ে পড়ে।’ 

ঘরোয়া পদ্ধতিতে প্রতিকার
তৈলাক্ত ত্বকের অধিকারীরা রোদে পোড়া দাগ দূর করতে মুলতানি মাটি ব্যবহার করতে পারেন। এ জন্য মুলতানি মাটির সঙ্গে পরিমাণমতো টমেটোর রস মিশিয়ে পেস্ট তৈরি বানান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ধুয়ে মুখ মুছে ময়েশ্চারাইজার লাগান। টমেটোতে প্রচুর পরিমাণে লাইকোপেন ও প্রাকৃতিক এসিড থাকে, যা কালো দাগ দূর করতে সাহায্য করে। মুলতানি মাটি মুখের ময়লা দূর করে।

ট্যান দূর করার জন্য বেসনের সাহায্য নিতে পারেন। পরিমাণমতো বেসনের সঙ্গে আধা চা চামচ হলুদ এবং পরিমাণমতো দুধ মিশিয়ে নিন। দুধ না থাকলে গোলাপজলও মেশাতে পারেন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল হবে। 
রোদে পোড়া দাগ দূর করতে ত্বকে টক দই লাগান। ১০ মিনিট পর ধুয়ে নিন। মুখ মুছে ময়েশ্চারাইজার লাগাতে পারেন। ট্যান দূর করতে স্ক্রাবিং করা যেতে পারে। দুধের সঙ্গে টক দই মিশিয়ে স্ক্রাবিং করলে রোদে পোড়া দাগ অনেকটা কমবে। 
ত্বকের ঔজ্জ্বল্য ফিরিয়ে আনতে বরফ স্ক্রাব এবং অ্যালোভেরা লোশন ব্যবহার করতে পারেন। তবে অ্যালোভেরা জেল ব্যবহার না করাই ভালো। এতে ত্বক আরও রুক্ষ হয়ে যেতে পারে। ত্বক অনেক বেশি শুষ্ক হলে শিট মাস্ক জাতীয় ফেসপ্যাক ব্যবহার করা ভালো। 

ত্বকের শীতলতায়
গরমে ত্বক শীতল রাখা জরুরি। নয়তো জ্বালাপোড়া করতে পারে। অর্ধেক শসা ও এক টেবিল চামচ দই একসঙ্গে ব্লেন্ড করে নিন। এই প্যাক ত্বকে লাগিয়ে ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। এটি ত্বককে অনেকটাই ঠান্ডা রাখবে।
ত্বক ঠান্ডা রাখতে কাপড়ে বরফ পেঁচিয়ে তা দিয়ে ত্বক ঘষতে পারেন। বিশেষ করে মেকআপের আগে এটি করলে মেকআপ ভালোভাবে বসবে। 
গরমে অবশ্যই ওয়াটারবেইসড ময়েশ্চারাইজার ব্যবহার করুন। অনেকে মনে করেন গরমে ময়েশ্চারাইজার ব্যবহার না করলেও চলবে। ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং কোমল ত্বকের জন্য ময়েশ্চারাইজার গুরুত্বপূর্ণ। গ্রীষ্মে ত্বক তৈলাক্ত হয়ে যাওয়ার সমস্যা এড়াতে ‘ওয়াটারবেইসড’ ময়েশ্চারাইজার বেছে নিতে হবে। 

এক্সফলিয়েট জরুরি
ত্বকের মৃত কোষ দূর করে রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে এক্সফলিয়েশন। বাজার থেকে কেনা স্ক্রাবারের সাহায্যে স্ক্রাব করা যেতে পারে। চাইলে নিজেই ঘরে তৈরি করতে পারেন স্ক্রাব। এ জন্য চার থেকে পাঁচ টেবিল চামচ ময়দা, এক চিমটি হলুদ গুঁড়া, কয়েক ফোঁটা গোলাপ জল ও দুধ বা দই একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এটি দিয়ে ত্বক স্ক্রাব করলে উপকার পাওয়া যাবে। v

ছবি: আর্কাইভ
 

আরও পড়ুন

×