গরমে ঠান্ডা আইসক্রিম
হাসিনা আনসার
প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০৬:৫৯
| প্রিন্ট সংস্করণ
গরমে ছোট-বড় সবাই পছন্দের আইসক্রিম খোঁজেন। স্বাস্থ্যের কথা চিন্তা করে বাজার থেকে কেনার বদলে ঘরেই বানিয়ে নিন মজাদার আইসক্রিম। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী হাসিনা আনসার
ক্রিমি ভ্যানিলা
উপকরণ: হেভি হুইপিং ক্রিম দুই কাপ, চিনি এক কাপ, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ।
প্রস্তুত প্রণালি: একটি পাত্রে চিনি ও ক্রিম নিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। বেশি সেদ্ধ বা বেশি ফোটানো যাবে না। চিনি আর ক্রিম মেশানোর সময়ও ফুটতে দেওয়া যাবে না। চিনি পুরোপুরি গলে গেলে চুলা থেকে নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে ভ্যানিলা এসেন্স দিন। চিনি আর ক্রিমের মিশ্রণ পুরোপুরি বরফ ঠান্ডা না হওয়া পর্যন্ত বিট করবেন না। এতে ক্রিম ঠিকমতো ফোম হবে না। ৫-৬ মিনিট বিট করুন। একটি এয়ারটাইট বক্সে বা পছন্দমতো আইসক্রিম বক্সে ভরে ৬-৭ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন। পুরোপুরি জমলে নামিয়ে পরিবেশন করুন।
মটকা কুলফি
উপকরণ: খাঁটি ফুল ক্রিম দুধ এক লিটার, মাওয়া অথবা খোয়া ক্ষীর কোয়ার্টার কাপ, চিনি আধা কাপ, কনডেন্সড মিল্ক আধা কাপ, এলাচ গুঁড়া আধা চা চামচ, জাফরান সামান্য, পেস্তা ও কাজু বাদাম কুচি দুই টেবিল চামচ, মাটির ছোট মটকা (কুলফি জমানোর জন্য)।
প্রস্তুত প্রণালি: একটি ভারী তেলযুক্ত পাত্রে মাঝারি আঁচে দুধ জ্বাল দিন। দুধ ঘন হলে এতে মাওয়া, চিনি, এলাচ গুঁড়া, জাফরান এবং অর্ধেক বাদাম কুচি দিয়ে আরও ৫-১০ মিনিট ফোটান। চুলা থেকে নামিয়ে মিশ্রণটি সম্পূর্ণ ঠান্ডা করুন। ঠান্ডা দুধের মিশ্রণটি মাটির ছোট মটকায় ঢালুন। ওপরে বাকি বাদাম কুচি ছড়িয়ে দিন। মটকার মুখ অ্যালুমিনিয়াম ফয়েল বা প্লাস্টিক র্যাপার দিয়ে ভালোভাবে ঢেকে দিন। এরপর ডিপ ফ্রিজে ৬-৮ ঘণ্টা বা সারারাত রেখে দিন। জমে গেলে ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
ব্ল্যাক ফরেস্ট
উপকরণ: দুধ আধা কাপ, গুঁড়া দুধ কোয়ার্টার কাপ, কোকো পাউডার আধা চা চামচ, চকলেট ইমালসন বা ভ্যানিলা এসেন্স সামান্য, গলানো চকলেট কোয়ার্টার কাপ, চকলেট স্পঞ্জ কেকের টুকরা এক পিস, ক্রিম আধা কাপ, কনডেন্সড মিল্ক আধা কাপ, চেরি ফিলিং বা চেরি কুচি সাজানোর জন্য।
প্রস্তুত প্রণালি: প্যানে তরল দুধ, গুঁড়া দুধ, কোকো পাউডার, গলানো চকলেট ও চকলেট ইমালশন দিয়ে নাড়ুন। জ্বাল দিয়ে ঘন করে নামিয়ে নিন। হুইপ ক্রিম বিট করে গলানো মিশ্রণ দিন। কনডেন্সড মিল্ক দিয়ে বিট করুন। মিশ্রণটিতে গলানো চকলেট, চেরি কুচি এবং চকলেট কেকের টুকরো মেশান। মিশ্রণটি একটি এয়ারটাইট কনটেইনারে ঢেলে ওপর থেকে আরও কিছু চেরি ও চকলেট কুচি ছড়িয়ে দিন। কনটেইনারের মুখ বন্ধ করে ৭-৮ ঘণ্টা বা সারারাত ডিপ ফ্রিজে রাখুন। এরপর সাজিয়ে পরিবেশন করুন।
ম্যাংগো
উপকরণ: হেভি ক্রিম এক কাপ, তরল দুধ আধা কাপ, আমের পিউরি দেড় কাপ, কনডেন্সড মিল্ক আধা কাপ, ভ্যানিলা এসেন্স সামান্য।
প্রস্তুত প্রণালি: প্রথমে হেভি ক্রিম ও তরল দুধ ব্লেন্ড করুন। এর মধ্যে পাকা আমের পিউরি, কনডেন্সড মিল্ক ও ভ্যানিলা এসেন্স দিয়ে ব্লেন্ড করুন। এবার বক্সে ঢেলে ২-৩ ঘণ্টা ডিপ ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে চামচ বা চাকু দিয়ে টুকরো টুকরো করে আবারও ব্লেন্ড করুন। এতে আইসক্রিম আরও ক্রিমি ও টেস্টি হবে। এবার পছন্দের মোল্ড বা বাক্সে আইসক্রিম সেট করুন। সারারাত ডিপ ফ্রিজে রেখে পরদিন মোল্ডআউট করে পরিবেশন করুন।
- বিষয় :
- খাবার
