ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

পোশাকে ফিউশন

পোশাকে  ফিউশন
×

পালাজ্জো, স্কার্ট কিংবা প্যান্টের সঙ্গে সহজেই মানিয়ে যায় টপস মডেল: আসিন জাহান; পোশাক: লা রিভ ছবি: কাব্য

ফাতেমা তুজ জোহরা মাইসা

প্রকাশ: ১৩ মে ২০২৬ | ০৭:০৫

| প্রিন্ট সংস্করণ

নতুন পোশাক না হলে ঈদের আনন্দ ঠিক জমে না। একসময় ঈদে খুব জমকালো পোশাক প্রাধান্য পেত। সময়ের সঙ্গে সঙ্গে ফ্যাশনে এসেছে ভিন্নতা। কেউ পছন্দ করছেন ঐতিহ্যবাহী পোশাক, কেউ আবার খোঁজেন আধুনিক কাট ও চলতি ধারার নকশা। সবার পছন্দ বিবেচনা করে তাই নকশাকাররাও পোশাকে আনছেন নিত্যনতুন পরিবর্তন। দেশীয় আবহের সঙ্গে পাশ্চাত্য কাট, ডিজাইন ও স্টাইল মিলিয়ে করছেন বৈচিত্র্যময় বা নিরীক্ষাধর্মী পোশাক। এবারের ঈদুল আজহায় পোশাকে থাকছে আরাম, আভিজাত্য ও আধুনিকতার দারুণ সমন্বয়।
ফ্যাশন বিশেষজ্ঞদের মতে, এখনকার প্রজন্ম পোশাকে চায় নিজস্ব স্বকীয়তা। জমকালো পোশাকের বদলে এখন প্রাধান্য পাচ্ছে ঐতিহ্য আর আধুনিকতার ছোঁয়া। 

নারীর পোশাকে ফিউশন
কয়েক বছর ধরে নারীর ফ্যাশনে অনেকটা পরিবর্তন এসেছে। বিশেষ করে জেন-জি ও আলফা জেনারেশনের কথা মাথায় রেখে পোশাকে আনা হয়েছে নতুনত্ব। এখনকার তরুণীরা শুধু উৎসবের আবহে নিজেকে রাঙাতে চায় না, একই সঙ্গে তারা আরাম ও স্বাচ্ছন্দ্যের বিষয়টিও মাথায় রাখে। তাদের জন্য আড়ং, তাগা, বিশ্বরঙ, কে ক্র্যাফট, লা রিভ, আজুরা বাই শান্তা কবির, টুয়েলভ ক্লদিং, রঙ বাংলাদেশ, কিউরিয়াস, রেড, ও কোড, মিথ, জেন্টল পার্ক, এক্সট্যাসি, টেক্সমার্ট, সেইলর, আর্টিসান, স্পার্ক গিয়ারসহ বিভিন্ন দেশীয় ব্র্যান্ডে পাওয়া যাচ্ছে ফিউশনধর্মী বিভিন্ন পোশাক। বর্তমানে কুর্তি, টিউনিক, শ্রাগ, নার্গিসাসসহ বিভিন্ন প্যাটার্নের টপস বেশ জনপ্রিয় তরুণীদের কাছে। 
ফ্যাশন ডিজাইনাররা জানান, বর্তমানে ওভারসাইজড ট্রেন্ডও বেশ জনপ্রিয়। এবারের ঈদে কামিজ, কুর্তি, টপসের প্যাটার্নে কিছুটা পরিবর্তন এসেছে। বিভিন্ন বয়সী নারীরা কুর্তির সঙ্গে পালাজো, শাড়ির সঙ্গে ক্রপ টপ ব্লাউজ কিংবা কামিজের সঙ্গে জ্যাকেট স্টাইল পছন্দ করছেন। জামদানির মোটিভ, ব্লক প্রিন্ট বা হাতের কাজের সঙ্গে পশ্চিমা কাট যোগ হয়ে ফ্যাশনে তৈরি করেছে নতুন লুক। 

কুর্তি-পালাজোতে ট্রেন্ডি লুক
এবারের ঈদে লং কুর্তির সঙ্গে পালাজো কিংবা স্ট্রেইট প্যান্ট বেশ চলছে। স্কার্ট প্যাটার্নের পালাজো, ফরমাল প্যান্টও ক্রেতার নজর কেড়েছে। হালকা এমব্রয়ডারি, ব্লক প্রিন্ট, স্কিন প্রিন্ট, হাতের কাজের ডিজাইন পোশাকে আনছে উৎসবের ছোঁয়া। গরমের কথা মাথায় রেখে ঈদে পোশাকে সুতি, লিনেন, মসলিন ও খাদি কাপড়ের ব্যবহার বেড়েছে। 

কো-অর্ড সেট 
ফ্যাশন হাউসগুলো এবারের ঈদে নিয়ে এসেছে বিভিন্ন ধরনের কো-অর্ড সেট। একই ডিজাইনের টপ ও বটমের এ পোশাকগুলো পরতে যেমন আরামদায়ক, দেখতেও স্মার্ট। এ ছাড়া অ্যাসিমেট্রিক কাট, ওভারসাইজড সিলুয়েট ও কেপ ডিজাইনেরে ফিউশনধর্মী থ্রিপিসও নারীর পছন্দের তালিকায় রয়েছে।

ফারসি সালোয়ার-কামিজ 
এবারের ঈদে ফারসি সালোয়ার-কামিজও বেশ ট্রেন্ডি। ফিউশনধর্মী এই পোশাক ঢিলেঢালা, ওয়াইড-লেগ প্যান্ট এবং ছোট বা মাঝারি কামিজের সমন্বয়ে তৈরি। উৎসবের আমেজে ভারী এমব্রয়ডারি, সিল্ক বা অর্গানজা ওড়নার সেটগুলো ঈদে বেশ জনপ্রিয়। আরামদায়ক সুতি ও কারচুপি কাজের ফারসি পোশাক ঈদের কেনাকাটায় এগিয়ে রয়েছে। 

টিউনিক
ঈদ ফ্যাশনে আরামদায়ক অথচ আকর্ষণীয় চেহারার জন্য টিউনিক একটি দারুণ পছন্দ। দেশি ও বিদেশি ডিজাইনের সমন্বয়ে ফিউশনধর্মী সব টিউনিক এবার ঈদে বেশ চলছে। বিশেষ করে লন বা সিল্কের তৈরি এমব্রয়ডারি টিউনিকগুলো ভালো চলছে। তাছাড়া এ লাইন, বাহারি হাতা বেল স্লিভ, প্রিন্টেড ও অর্গানজা টিউনিকের বেশ জনপ্রিয়তা রয়েছে। 
ঈদুল আজহার পোশাক নিয়ে লা রিভের ডিজাইনার মারুফা শিল্পী জানান, এবারের সংগ্রহে গরমের কথা মাথায় রেখে স্টাইলের সঙ্গে আরামকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেই সঙ্গে পোশাকে যেন যথাযথ উৎসবের ভাব থাকে সেদিকেও খেয়াল রাখা হয়েছে। বিশেষ করে মেডিটেরিয়ান প্রিন্ট, ফারসি সালোয়ার-কামিজ, ম্যাক্রো ফ্লোরাল মোটিফ, স্লিট লাইনে হেভি ওয়ার্ক, আবায়া-স্টাইল কাট, ড্রপ শোল্ডার ও ওয়াইড-লেগ ডিজাইন গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে প্রিন্ট ও প্যাটার্নে নানা বৈচিত্র্য এনে পুরো কালেকশনকে আরও প্রাণবন্ত করা হয়েছে। পোশাকগুলোয় ঐতিহ্য আর আধুনিকতা বজায় রেখে কিছুটা ফিউশনধর্মী করা হয়েছে। তিনি আরও জানান, নারীদের জন্য এবারের কালেকশনে রয়েছে ফারসি সালোয়ার-কামিজ, কো-অর্ড সেট, মিডি ও লং টিউনিক, আবায়া, কেপ, গাউন। এছাড়া লা রিভের প্রিমিয়াম লেবেল ‘নার্গিসাস’-এ পাওয়া যাচ্ছে মসলিন শ্রাগ-গাউন কম্বো, কাফতান-কাট টিউনিক, স্কার্ট-কামিজ সেট ও পার্টি-স্টাইল ফিউশন আউটফিট। 
নারীর জন্য ফ্যাশন ব্র্যান্ড ‘সারা’ নিয়ে এসেছে সিঙ্গেল পিস, থ্রিপিস, ফ্যাশন টপসসহ বিভিন্ন ক্যাটেগরির ফিউশনধর্মী পোশাক। বেশির ভাগ পোশাকই তৈরি করা হয়েছে সিনথেটিক, ব্লেন্ডেড ও কটন ডবি ফেব্রিকের সঙ্গে স্ক্রিন প্রিন্ট ও এমব্রয়ডারির সমন্বয়ে। ফ্যাশন হাউস সেইলরে পাওয়া যাচ্ছে ফ্যাশনেবল কুর্তি, সালোয়ার-কামিজ এবং স্লিমিং ফিট টপস। ফ্যাশন হাউস কে ক্র্যাফটে মিলছে সালোয়ার-কামিজ ও কুর্তির মিশেলে নান্দনিক ডিজাইনের টিউনিক। এ ছাড়া রয়েছে ফ্যাশনেবল কুর্তি, সালোয়ার-কামিজ। 

পুরুষদের পোশাকে নতুনত্ব
এবারের ঈদে পুরুষদের পোশাকেও রয়েছে ফিউশনের ছোঁয়া। সাধারণ এমব্রয়ডারি থেকে শুরু করে হেভি ওয়ার্ক করা পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, পোলো টি-শার্ট, ড্রপ-শোল্ডার টি-শার্ট ও ডেনিম রয়েছে তালিকায়। এথনিক লুকের সঙ্গে আধুনিক ট্রেন্ড মিলিয়ে ডিজাইন করা হয়েছে প্রিমিয়াম পাঞ্জাবিগুলো। পাঞ্জাবির সঙ্গে ডেনিম, শর্ট কুর্তার সঙ্গে চিনো প্যান্ট কিংবা এব্রয়ডারি করা কোট বেশ চলছে। 
কোথায় পাবেন
দেশীয় ফ্যাশন ব্র্যান্ডের পাশাপাশি নিউমার্কেট, গাউছিয়া, বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্কে বিভিন্ন বাজেটের পোশাক পাওয়া যাচ্ছে। চাইলে অনলাইনেও কিনতে পারেন ফিউশনধর্মী বিভিন্ন পোশাক। v

আরও পড়ুন

×