ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঘরোয়া মিষ্টান্ন

ঘরোয়া মিষ্টান্ন
×

আফরোজা খানম মুক্তা

প্রকাশ: ২০ মে ২০২৬ | ০৭:৩৩

| প্রিন্ট সংস্করণ

ঈদের সকাল শুরু হয় সেমাই-মিষ্টান্ন মুখে দিয়ে। এবারের ঈদে রান্না করতে পারেন আফগানিস্তানের শির খোরমা, তুরস্কের বাসবুসা, মধ্যপ্রাচ্যের কুনাফা ইত্যাদি। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা

কুনাফা 
উপকরণ: লাচ্ছা সেমাইয়ের প্যাকেট একটি, তরল দুধ দুই কাপ, ক্রিম বা মাখন এবং চিনি পরিমাণমতো, কর্নফ্লাওয়ার দু-তিন টেবিল চামচ, ঘি বা বাটার কোয়ার্টার কাপ। চিনির সিরার জন্য চিনি আধা কাপ, পানি এক কাপ।
প্রস্তুত প্রণালি: প্রথমে দুধ, চিনি, কর্নফ্লাওয়ার মিশিয়ে চুলায় বসান। ঘন হলে নামিয়ে হালকা ঠান্ডা করে ক্রিম মেশান। একদম কাস্টার্ডের মতো ঘন করে ফেলতে হবে। এবার সেমাইয়ে ঘি মেখে নিন। প্যানে হালকা ঘি ব্রাশ করে সেমাই বিছিয়ে চেপে চেপে সমান করে দিন। ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১০ থেকে ১৫ মিনিট গরম করুন। হালকা বাদামি হলে বের করুন। ওপরে ঠান্ডা করা ক্রিম ঢেলে আরেক লেয়ার সেমাই দিন। এবার ওভেনে ১৮০ ডিগ্রিতে ২০ থেকে ২৫ মিনিট বেক করুন। হালকা বাদামি হলে আগে থেকে করে রাখা গরম চিনির সিরা ছড়িয়ে দিন। সাধারণ তাপমাত্রায় এলে ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন। 

আম দিয়ে ফুলেল পুডিং 
উপকরণ: আমের জুস ২ কাপ, গুঁড়া দুধ আধা কাপ, চিনি ১ কাপ, চায়না গ্রাস ১ মুঠি, ম্যাংগো এসেন্স ২ ফোঁটা, পানি ২ কাপ, ডিম ২টি, হলুদ রং সামান্য। 
প্রস্তুত প্রণালি: আমের জুস, পানি, গুঁড়া দুধ, চিনি, ম্যাংগো এসেন্স দিয়ে ভালো করে ফুটিয়ে নিন। অন্য হাঁড়িতে আধা কাপ পানি দিয়ে চায়না গ্রাস গুলিয়ে নিন। এবার আমের মিশ্রণে ঢেলে ঘন করে নিন। নামিয়ে ফুলের ডাইসে ঢেলে ঠান্ডা হলে ফ্রিজে রাখুন। পরে ডাইস থেকে বের করে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আম দিয়ে ফুলেল পুডিং।

শির খোরমা 
উপকরণ: ফুল ফ্যাট মিল্ক আধা লিটার, ঘি এক টেবিল চামচ, চিনি এক থেকে দেড় চা চামচ, সেমাই দেড় কাপ, খেজুর সাত-আটটি, কাজুবাদাম কুচি সাত-আটটি, কাঠবাদাম কুচি আট-৯টি, পেস্তাবাদাম আট-৯টি, এলাচ চারটি, কিশমিশ এক টেবিল চামচ, গোলাপজল এক চামচ। 
প্রস্তুত প্রণালি: ফ্রাইপ্যানে সেমাই ঘিয়ে ভাজুন। সোনালি রং হলে নামিয়ে নিন। একই প্যানে বাদাম ও খেজুর ৩-৪ মিনিট ভেজে তুলে নিন। সসপ্যানে দুধ জ্বাল দিন। ফুটে উঠলে ৮-১০ মিনিট অল্প আঁচে রেখে দুধ ঘন করুন। দুধে চিনি মেশান। এবার ভাজা সেমাই দুধের পাত্রে ঢেলে অল্প আঁচে ৮-১০ মিনিট রাখুন। সেমাই ও দুধ যেন আঠালো হয়ে যায়। ভেজে রাখা বাদাম-খেজুর এবং এলাচ দিয়ে চুলা বন্ধ করে দিন। শুকনা খেজুর ব্যবহার করলে তা সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। এতে খেজুর নরম হবে। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার শির খোরমা।

বাসবুসা 
উপকরণ: ডিম চারটি, চিনি আধা কাপ, ভ্যানিলা এসেন্স এক চা চামচ, সুজি এক কাপ, সয়াবিন তেল বা বাটার আধা কাপ, টকদই এক কাপের তিন ভাগের এক ভাগ, লবণ স্বাদমতো, কোরানো নারকেল আধা কাপ, বেকিং পাউডার এক চামচ, ময়দা আধা কাপ, বাদাম কুচি সাজানোর জন্য। 
প্রস্তুত প্রণালি: পাত্রে ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। সুজি, তেল, টকদই ও লবণ-ডিমের মিশ্রণে ঢেলে মিশিয়ে নিন। শেষে নারকেল কোরা বা শুকনা নারকেল গুঁড়া, ময়দা, বেকিং পাউডার দিয়ে আগের মিশ্রণের সঙ্গে আবারও মিশিয়ে কেক তৈরির পেস্টের মতো করুন। এবার কাচের বাটি বা কেকের মোল্ডে তেল ব্রাশ করে তৈরি করা মিশ্রণ ঢেলে ওভেনে ১৮০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ থেকে ৪০ মিনিট বেক করুন। পরে সিরা দিয়ে কেটে পরিবেশন করুন।

আরও পড়ুন

×