ঢাকা রোববার, ২৮ জুন ২০২৬

বিশ্বকাপের রঙে ফ্যাশন দুনিয়া

বিশ্বকাপের রঙে  ফ্যাশন দুনিয়া
×

মডেল: সামিয়া ও অবনী; শাড়ি: হরীতকি; জার্সি, ক্যাপ ও ফুটবল: জার্সি ফ্রিক বিডি; চুড়ি: অরুণিমা; ছবি: ফয়সাল সিদ্দিক কাব্য

রিক্তা রিচি

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ০৭:০২

| প্রিন্ট সংস্করণ

মাঠের লড়াইয়ের পাশাপাশি বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়ে মানুষের জীবনযাপন ও ফ্যাশনেও। প্রিয় দলের প্রতি সমর্থন জানানোর মাধ্যমও বদলেছে সময়ের সঙ্গে। একসময় জার্সিতে সীমাবদ্ধ থাকা সেই আবেগ ও ভালোবাসা এখন জায়গা করে নিয়েছে শাড়ি, কুর্তি, কোঅর্ড সেট, গহনা, ব্যাগ, সানগ্লাস, এমনকি লুঙ্গি ও নেইল আর্টেও। ফিফা বিশ্বকাপ ২০২৬-কে ঘিরে বিশ্বজুড়ে যেমন তৈরি হয়েছে নতুন ফ্যাশন ট্রেন্ড, তেমনি বাংলাদেশেও ফ্যাশন হাউস ও উদ্যোক্তারা ফুটবলের রঙে সাজিয়ে তুলেছেন নানান পোশাক ও অনুষঙ্গ। লিখেছেন রিক্তা রিচি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শুরু থেকেই ফুটবলপ্রেমীর উত্তেজনা তুঙ্গে। এখন বিশ্বকাপের গ্রুপ পর্ব প্রায় শেষের দিকে। শুরু থেকেই খেলা বেশ জমজমাট। প্রতিটি ম্যাচ ছুঁয়ে যাচ্ছে দর্শক ও ভক্তদের। টানটান উত্তেজনা নিয়ে ফুটবল ভক্তরা অপেক্ষা করছে নকআউট পর্বে কোন কোন দল স্থান পায় তা দেখার জন্য। সময় যত গড়াচ্ছে, ফুটবলের প্রতি বিশ্বের মানুষের ভালোবাসা যেমন বাড়ছে, তেমনি ভালোবাসার প্রকাশভঙ্গিও তত বাড়ছে। গ্যালারি, রাস্তাঘাট, শপিংমল, ফ্যাশন হাউস এবং সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের রং। বাড়ির বারান্দা থেকে শুরু করে অফিসেও লক্ষ্য করা যাচ্ছে প্রিয় দলের সারিবদ্ধ কিংবা বিচ্ছিন্ন পতাকা।

একসময় ফুটবলপ্রেমীরা কেবল জার্সি উন্মাদনায় মাতলেও এখন স্কার্ফ, টুপি, স্নিকার্স থেকে শুরু করে নেইল আর্ট কিংবা মেকআপ–সবখানেই ফুটে উঠছে প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থনের প্রকাশ। বিশ্বকাপ থিম বিশ্বফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে। বাংলাদেশও কোনো অংশে পিছিয়ে নেই। দেশের বিভিন্ন ফ্যাশন ব্র্যান্ড, স্পোর্টস ব্র্যান্ড ও অনলাইন ব্র্যান্ড নিয়ে এসেছে বিশ্বকাপ থিমের শাড়ি, সালোয়ার-কামিজ, কুর্তি, ব্যাগ, লুঙ্গি, গহনা, মোবাইল কাভার, জার্সি, ফুটবল, ক্যাপ, চাবির রিং, মগ, ফটোফ্রেমসহ নানা অনুষঙ্গ।

শাড়িতে প্রিয় দল
বিশ্বকাপের ৪৮টি দলের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বেশি সমর্থক রয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনার। এ ছাড়া জার্মানি, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, নেদারর‍্যান্ডস ও ইংল্যান্ডের সমর্থকও রয়েছে। তবে ব্রাজিল-আর্জেন্টিনার মতো এত বেশি নয়। তাই রঙ বাংলাদেশ, হরীতকী, কইন্যা ও স্বপ্নযাত্রা–এই দুই দলের থিমে শাড়ি এনেছে। এসব শাড়িতে ডিজিটাল প্রিন্টের মাধ্যমে দুটি দেশের পতাকার রং ফুটিয়ে তোলা হয়েছে। থিম ও দল এক হলেও একেকটি ব্র্যান্ডের শাড়িতে রয়েছে একেকরকম আবহ। কেউ কেউ আবার শাড়িতে কেবল আর্জেন্টিনার ফুটবল জাদুকর মেসিকেই রেখেছেন। পুরো শাড়িতে আর্জেন্টিনার নীল-সাদা এবং আঁচলে রয়েছে মেসির মতো সূর্যসন্তান। 
হরীতকীর কো-ফাউন্ডার বলরাম পাল বলেন, ‘আমরা মূলত শখের বসে এই শাড়ি এনেছিলাম। মূলত মেয়েরা জার্সি পরতে চায় না– এ ভাবনা থেকেই বাংলাদেশে প্রথম আমরা আর্জেন্টিনা ও ব্রাজিলের শাড়ি এনেছি। এরপর ব্যাপক সাড়া পেয়েছি।’ 
অন্যান্য উদ্যোক্তা ও ফ্যাশন হাউসের মালিকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্বকাপের ভরা জোয়ারে এ শাড়িগুলো খুব দ্রুত স্টক আউট হয়ে যাচ্ছে। আর হবেই না কেন, প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে। বিশেষ করে তরুণীদের মধ্যে এ শাড়িগুলো ব্যাপক প্রভাব ফেলছে। 

কোঅর্ড-কামিজে ফুটবল উন্মাদনা 
যারা শাড়ি পরতে চান না কিন্তু প্রিয় দলের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ করতে চান, তারা অনায়াসে কো-অর্ড কামিজ পরতে পারেন। এ বছর বিশ্বকাপ থিমের কো-অর্ড কামিজ ওয়ান-পিস বেশি দেখা যাচ্ছে। আর্জেন্টিনা-ব্রাজিল তো বটেই, জার্মানি-পর্তুগালের পতাকার রঙেও পাওয়া যাচ্ছে কামিজ-কুর্তি। পিঙ্ক পার্পেল, ইনার প্লেজার, নারী কাব্য থিমেটিক পোশাক নিয়ে এসেছে। পতাকার রঙের সঙ্গে মিলিয়ে স্ট্রাইপ ডিজাইন করা কো-অর্ড সালোয়ার-কামিজ তরুণীদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এ ছাড়া কিছু কিছু ব্র্যান্ড শ্রাগ, টপস ও অন্যান্য পোশাক নিয়ে হাজির হয়েছে।  

লুঙ্গিতে বিশ্বকাপের আমেজ
কেবল শাড়ি নয়, লুঙ্গিতেও রয়েছে বিশ্বকাপের ছোঁয়া। আমানাত শাহ লুঙ্গি অন্যান্য বছরের মতো এবারও জার্মানি, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার আমেজ বজায় রেখে লুঙ্গি নিয়ে এসেছে। এসব লুঙ্গি জার্সির সঙ্গে মিলিয়ে পরে নতুন ট্রেন্ড তৈরি করছে তরুণরা। প্যান্ট বা চিনোসের বাইরে গিয়ে এটি তৈরি করেছে নতুন ধরনের ক্যাজুয়াল ফ্যাশন ট্রেন্ড।

জার্সি-ক্যাপ-চাবির রিং
বিশ্বকাপ এলেই সবচেয়ে বেশি চাহিদা তৈরি হয় জার্সির। দেশের বিভিন্ন স্পোর্টস শপে এখন ক্রেতার ভিড় চোখে পড়ার মতো। কেননা এ শপগুলোয় বিভিন্ন দেশের, বিভিন্ন ক্যাটেগরির জার্সি যেমন হোম জার্সি, অ্যাওয়ে জার্সি, থার্ড জার্সি, ক্যাপসহ অন্যান্য অনুষঙ্গ পাওয়া যায়। জার্সি ফ্রিক বিডির কো-ফাউন্ডার ইমরান হোসাইন জানান, বিশ্বকাপকে কেন্দ্র করে জার্সির চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল, জার্মানি, ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও স্পেনের জার্সির প্রতি ক্রেতার আগ্রহ সবচেয়ে বেশি। শুধু জার্সিই নয়, ফুটবলভিত্তিক বিভিন্ন মার্চেন্ডাইজ ও কাস্টমাইজড প্রিন্টিং সেবার চাহিদাও বেড়েছে। 

ফুটবলের প্রতি ব্যক্তিগত ভালোবাসা এবং বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য মানসম্মত ও সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের জার্সি সহজলভ্য করার লক্ষ্য থেকেই ‘জার্সি ফ্রিক বিডির’ যাত্রা শুরু হয় বলে জানান ইমরান। তিনি বলেন, ‘আমরা দেখেছি, অনেক ফুটবলপ্রেমী তাদের পছন্দের দলের জার্সি সহজে খুঁজে পান না কিংবা মান নিয়ে সন্তুষ্ট হতে পারেন না। সেই জায়গা থেকেই একটি নির্ভরযোগ্য ও গ্রাহকবান্ধব প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নিই। আমাদের লক্ষ্য শুধু জার্সি বিক্রি নয়, বরং বাংলাদেশের ফুটবলপ্রেমীদের জন্য একটি পূর্ণাঙ্গ ফুটবল কমিউনিটি গড়ে তোলা। আমরা নিয়মিত নতুন ডিজাইন, কাস্টমাইজেশন সুবিধা এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার চেষ্টা করছি’–বলেন ইমরান।   

জার্সি থেকে স্ট্রিটওয়্যার
ফুটবল জার্সি এখন আর শুধু স্টেডিয়ামের পোশাক নয়। তরুণদের মধ্যে জার্সি পরার প্রবণতা বেড়েছে ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে। ঢিলেঢালা জিন্স, কার্গো প্যান্ট, স্নিকার কিংবা জ্যাকেটের সঙ্গে জাতীয় দলের জার্সি মিলিয়ে নতুন স্ট্রিটওয়্যার সংস্কৃতি তৈরি হয়েছে। বিশেষ করে রেট্রো অনুপ্রাণিত জার্সিগুলো মাঠের বাইরেও জনপ্রিয় হয়ে উঠছে।

সানগ্লাস-ব্যাগেও রয়েছে ফুটবলের ছোঁয়া
বিশ্বকাপ উপলক্ষে দেশ-বিদেশের বিভিন্ন ব্র্যান্ড ও ডিজাইনাররা ফুটবল-অনুপ্রাণিত সানগ্লাস ও ব্যাগ নিয়ে এসেছেন বাজারে। কোনো সানগ্লাসের ফ্রেমে দেখা যাচ্ছে প্রিয় দলের পতাকার রং, কোথাও আবার লেন্সের পাশে ফুটবলের গ্রাফিক মোটিফ। আর্জেন্টিনার নীল-সাদা, ব্রাজিলের হলুদ-সবুজ কিংবা ফ্রান্সের নীল-লাল রঙের সমন্বয়ে তৈরি সানগ্লাসগুলো তরুণদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। বিশেষ করে রঙিন বা মিরর লেন্সের সানগ্লাস বিশ্বকাপের প্রাণচঞ্চল আবহের সঙ্গে মানিয়ে যায়। বিশ্বকাপের সময়ে ক্রসবডি, স্লিং, টোট ও ব্যাকপ্যাকেও দেখা যাচ্ছে ফুটবলের উপস্থিতি। জাতীয় পতাকার রং, স্টেডিয়ামের সিলুয়েট কিংবা তারকা খেলোয়াড়দের জার্সি নম্বর ব্যবহার করা হচ্ছে ডিজাইনে। অনেকেই ব্যাগে ফুটবল চাবির রিং বা দলের লোগো যুক্ত করে নিজের সমর্থনের পরিচয় তুলে ধরছেন। বর্তমান সময়ে ফুটবল জার্সির সঙ্গে ডেনিম, স্নিকার ও সানগ্লাস মিলিয়ে যে স্ট্রিট ফ্যাশন তৈরি হয়েছে, সেখানে একটি স্টাইলিশ ব্যাগ পুরো লুককে আরও আকর্ষণীয় করে তোলে বৈকি। 

গহনায় বিশ্বকাপ
বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে গহনাতেও। অনলাইন পেজ ‘অরুণিমা’য় পাওয়া যাচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিল থিমের হ্যান্ডপেইন্ট করা কানের দুল, নেকলেস, লকেট ও চুড়ি।
উদ্যোক্তা ফারজানা ফারিয়া মৌ নিজেও একজন ফুটবলপ্রেমী। সেই ভালোবাসা থেকেই প্রথমে তিনি ব্রাজিল ও আর্জেন্টিনা থিমের বালা তৈরি করেন। ক্রেতার ব্যাপক সাড়া পাওয়ার পর ধীরে ধীরে তৈরি করেন ফুটবল-থিমের নেকলেস, কানের দুল, লকেটসহ বিভিন্ন ধরনের জুয়েলারি। মোট কথা ফুটবল বিশ্বকাপ এখন ফ্যাশন অঙ্গনকেও রাঙাচ্ছে। 

আরও পড়ুন

×