ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

আমড়ার চার পদ

আমড়ার চার পদ
×

সানজিদা আক্তার মৌসুমী

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ০৭:৩৬

| প্রিন্ট সংস্করণ

বাজারে পাওয়া যাচ্ছে আমড়া। টক-মিষ্টি স্বাদের এই দেশি ফলে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন-সি রয়েছে। আমড়া যেমন কাঁচা খাওয়া যায়, তেমনি এটি দিয়ে নানা পদও তৈরি করা যায়। আমড়া দিয়ে তৈরি করা যায় এমন টক-মিষ্টি স্বাদের রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী সানজিদা আক্তার মৌসুমী

আমড়া-বাইন 
মাছের ঝোল 
উপকরণ: বাইন মাছ ২৫০ গ্রাম (ছোট টুকরা করা), আমড়া দুটি (লম্বা করে কাটা), আলু দুটি (লম্বা করে কাটা), হলুদ ও মরিচ গুঁড়া এক চা চামচ করে, আদা ও রসুন বাটা এক চা চামচ করে, কাঁচামরিচ পাঁচ-ছয়টি (মাঝখান থেকে চেরা), তেল চার টেবিল চামচ, লবণ স্বাদমতো।
প্রস্তুত প্রণালি: বাইন মাছগুলো ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিন। পরে অল্প হলুদ ও লবণ মেখে হালকা ভেজে তুলে রাখুন। একই কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা বাদামি করে ভাজুন। এরপর আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে মসলা ভালোভাবে কষিয়ে নিন। কষানো মসলায় কাটা আমড়া ও আলু দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। এরপর পরিমাণমতো পানি দিন। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দিন। আমড়া ও আলু সেদ্ধ হয়ে ঝোল ঘন হয়ে এলে কাঁচামরিচ ফালি ও জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিন।

আমড়া-ডিমের কারি 
উপকরণ: সেদ্ধ ডিম চার-পাঁচটি, আমড়া ১০-১২টি (খোসা ছাড়িয়ে হালকা চিরে নেওয়া), পেঁয়াজ কুচি আধা কাপ, আদা ও রসুন বাটা এক চা চামচ করে, হলুদ ও মরিচ গুঁড়া পরিমাণমতো, জিরা ও ধনিয়া গুঁড়া এক চা চামচ করে, তেল ও লবণ স্বাদমতো, কাঁচামরিচ চার-পাঁচটি।
প্রস্তুত প্রণালি: ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে হালকা ভেজে তুলে রাখুন। কড়াইতে তেল গরম করে ফোড়ন ও পেঁয়াজ কুচি বাদামি করে ভাজুন। আদা-রসুন বাটা ও গুঁড়া মসলা সামান্য পানি দিয়ে কষিয়ে নিন। চিরে রাখা আমড়া ও লবণ দিয়ে মসলার সঙ্গে ভালো করে কষান। পরিমাণমতো পানি বা নারকেলের দুধ দিয়ে আমড়া সেদ্ধ করুন। আমড়া সেদ্ধ হয়ে ঝোল ফুটে উঠলে ভাজা ডিমগুলো দিয়ে দিন। কাঁচামরিচ দিয়ে আরও ৫ মিনিট ঢেকে রান্না করে নামিয়ে নিন।

আমড়ার আচার   
উপকরণ: আমড়া সাত-আটটি। চিনি বা গুড় এক কাপ, সরিষার তেল এক-দুই টেবিল চামচ, শুকনা মরিচ এক-দুটি এবং পাঁচফোড়ন এক চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, স্বাদমতো লবণ এবং বিট নুন (স্বাদ বাড়ানোর জন্য)। 
প্রস্তুত প্রণালি: প্রথমে আমড়ার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। এবার আমড়াগুলো সামান্য পানি ও লবণ দিয়ে হালকা সেদ্ধ করে নিন। কড়াইতে সরিষার তেল গরম করে শুকনা মরিচ ও পাঁচফোড়নের ফোড়ন দিন। এরপর সেদ্ধ করা আমড়াগুলো তেলের মধ্যে দিন। আমড়ার ভেতর মসলা ঢুকলে চিনি এবং সামান্য পানি  দিয়ে দিন। মিশ্রণটি ঘন হয়ে আঠালো না হওয়া পর্যন্ত অল্প আঁচে রান্না করুন। 

কই মাছ-আমড়ার পাতলা ঝোল  
উপকরণ: কই মাছ চার-পাঁচটি, কাঁচা আমড়া চার-পাঁচটি (খোসা ছাড়িয়ে হালকা চেরা), হলুদ গুঁড়া এক চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া এক চা চামচ, পাঁচফোড়ন বা ফোড়নের জন্য সামান্য জিরা ও শুকনা মরিচ, লবণ স্বাদমতো, সরিষার তেল পরিমাণমতো।
প্রস্তুত প্রণালি: প্রথমে কই মাছ ভালো করে ধুয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখুন। কড়াইতে সরিষার তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই সামান্য পাঁচফোড়ন বা জিরা ও শুকনা মরিচ ফোড়ন দিন। ফোড়নে আমড়ার টুকরাগুলো দিয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে একটু কষিয়ে নিন। আমড়া নরম হওয়া এবং ঝোলের জন্য পরিমাণমতো পানি দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা কই মাছগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিন। ঝোল ঘন হয়ে আমড়া সেদ্ধ হয়ে এলে নামানোর আগে জিরা গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিন।

আরও পড়ুন

×