ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

পাকা তালের স্বাদে

পাকা তালের স্বাদে
×

তালের পিঠা

শিউলি খান

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৮:০৬ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ | ১২:৩৭

| প্রিন্ট সংস্করণ

কথায় আছে, ভাদ্র মাস মানে তাল পাকা গরম। বাজারে এখন মিলছে পাকা তাল। মৌসুমি এ ফল দিয়ে তৈরি করতে পারেন মজার সব খাবার। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী শিউলি খান।

তালের সরুচাকলি পিঠা 
উপকরণ: তাল একটি, চালের গুঁড়া এক কাপ, লবণ এক চিমটি, চিনি আধা কাপ, নারকেল কোরানো আধা কাপ, পানি এক কাপ।

প্রস্তুত প্রণালি: আস্ত একটি তাল থেকে ক্বাথ বের করে ছেঁকে নিতে হবে। এরপর গরম করে সব উপকরণ নিতে হবে। ফ্রাইপ্যান গরম করে তেল ব্রাশ করে তালের পাতলা মিশ্রণকে রুটির মতো ছড়িয়ে দিতে হবে। দুই থেকে তিন মিনিট হয়ে গেলে ভাঁজ করে নিতে হবে। হয়ে এলে নামিয়ে নিন। এভাবে সব তৈরি করে নিতে হবে। হয়ে গেলে গুড়ের সিরার সঙ্গে গরম গরম পরিবেশন করতে হবে।

তালের ক্ষীর 
উপকরণ: তাল একটি (ক্বাথ তৈরি করে ছেঁকে নেওয়া), চিনি এক কাপ, তরল দুধ ঘন করে এক লিটার, কাজুবাদাম তিন টেবিল চামচ, কিশমিশ এক টেবিল চামচ, নারকেল কোরানো আধা কাপ, লবণ এক চিমটি। 

প্রস্তুত প্রণালি: সামান্য পানি দিয়ে তালের ক্বাথ ভালো করে নেড়ে ঘন করতে হবে। এরপর সব উপকরণ দিয়ে অনবরত নেড়ে ঘন করতে হবে। নামিয়ে ডেকোরেশন করে পরিবেশন করুন। 

তালের রসরাজ পিঠা  
উপকরণ: তালের ক্বাথ একটি, ময়দা এক কাপ, সুজি আধা কাপ, চিনি এক কাপ, লবণ আধা চা চামচ, ভাজার জন্য তেল দুই কাপ। সিরার জন্য: দুই কাপ পানি, দুই কাপ চিনি, এলাচ তিনটি।

প্রস্তুত প্রণালি: তালের ক্বাথকে ভালো করে নেড়ে সব উপকরণ দিয়ে চুলায় ১০ মিনিট মথে দিতে হবে। মথা হলে নামিয়ে প্লেটে ঢেলে সমান করে নিতে হবে। গরম অবস্থায় কেটে কেটে বরফির মতো শেপে পিস করে নিতে হবে। তালের পিসগুলোকে ডুবোতেলে বাদামি করে ভেজে তুলে নিয়ে সিরায় দিতে হবে। তৈরি হলে গরম গরম পরিবেশন করতে হবে।

তালের লবঙ্গ লতিকা 
উপকরণ: ডো তৈরি: তালের ক্বাথ আধা কাপ, ময়দা দুই কাপ, তেল সামান্য, লবণ স্বাদমতো। ক্ষীর তৈরি: তরল দুধ এক লিটার, ছানা আধা কাপ, গুঁড়া দুধ তিন টেবিল চামচ, চিনি আধা কাপ–সব

উপকরণ একত্রে ফ্রাইপ্যানে নেড়ে ঘন করে ক্ষীর তৈরি করতে হবে। সিরা তৈরি: চিনি দুই কাপ, পানি দুই কাপ, এলাচ দুটি।

প্রস্তুত প্রণালি: ডো তৈরির উপকরণগুলো ভালো করে মথে লুচির মতো তৈরি করে নিন। এর মধ্যে ক্ষীরের পুর দিয়ে পরোটার মতো ভাঁজ করুন। ভাঁজ করা হয়ে গেলে একটি লবঙ্গ গেঁথে দিন। তৈরি হয়ে গেলে পিঠাগুলোকে ডুবোতেলে বাদামি করে ভেজে নিন। সিরার মধ্যে পিঠাগুলো কিছুক্ষণ ডুবিয়ে রেখে তুলে নিন।

আরও পড়ুন

×