ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বেকিংয়ের তিন পদ

বেকিংয়ের তিন পদ
×

আফসানা মিমি

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:২৮

| প্রিন্ট সংস্করণ

সবসময় বাইরের খাবার খাওয়া ঠিক নয়। সঠিক উপকরণ ও পদ্ধতি মেনে ঘরে বানিয়ে ফেলুন ক্যারট কেক, বেকড চিজকেক ও চিকেন বান। রেসিপি দিয়েছেন রন্ধনশিল্পী আফসানা মিমি

বেকড চিজকেক
উপকরণ: বেইজের জন্য ডাইজেস্টিভ বিস্কুটের গুঁড়া ২০০ গ্রাম, গলানো বাটার ৮০ গ্রাম। ফিলিংয়ের জন্য ক্রিম চিজ ৫০০ গ্রাম, হুইপিং ক্রিম ২০০ মিলি, চিনি তিন-চার কাপ, ডিম দুটি, কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ এবং ভ্যানিলা এসেন্স এক চা চামচ। টপিং–বেসিক (প্লেইন), ব্লুবেরি টপিং, চকলেট টপিং অথবা চেরি টপিং।
প্রস্তুত প্রণালি: বেকিং প্যানে বেকিং পেপার দিয়ে তার ওপর প্রথমে বিস্কুটের গুঁড়া ও গলানো বাটার মিশিয়ে নিন। কেক প্যানের তলায় সমান করে চেপে বসিয়ে ১০ মিনিট ফ্রিজে রাখুন। ক্রিম চিজ, চিনি ভালোমতো বিট করুন। এরপর একটা একটা করে ডিম দিয়ে বিট করে নিন। ভ্যানিলা এসেন্স ও কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ বিট করে পাশে রাখুন। অন্য পাত্রে হুইপিং ক্রিম বিট করে ক্রিম চিজের ব্যাটারে একসঙ্গে মিশিয়ে মসৃণ ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি বিস্কুটের বেইজের ওপর ঢেলে ১৬০ ডিগ্রি সেলসিয়াসে ৫০-৬০ মিনিট ওয়াটার বাথ বেক করুন। অর্থাৎ পুডিংয়ের মতো পাত্রের নিচে গরম পানি দিয়ে বেক করে নিতে হবে। বেক হয়ে গেলে ওভেনের ভেতরেই কিছুক্ষণ রেখে ঠান্ডা করুন। তারপর ৬-৮ ঘণ্টা বা সারারাত ফ্রিজে রাখুন। পছন্দমতো ব্লুবেরি, চকলেট বা চেরি টপিং দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

চিকেন বান
উপকরণ: ময়দা দুই কাপ (২৫০ গ্রাম), ইস্ট এক চা চামচ, চিনি দুই টেবিল চামচ, লবণ আধা চা চামচ, ডিম একটি, গুঁড়া দুধ এক টেবিল চামচ, কুসুম গরম দুধ আধা কাপের মতো, বাটার দুই টেবিল চামচ। চিকেনের পুর–চিকেন কিমা ২০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, আদা-রসুন বাটা এক চা চামচ, কাঁচামরিচ এক-দুটি, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, সয়া সস এক চা চামচ, টমেটো সস এক টেবিল চামচ, তেল এক টেবিল চামচ, ওপরের জন্য–ডিমের কুসুম একটি, তিল সামান্য।
প্রস্তুত প্রণালি: ময়দা, ইস্ট, চিনি, লবণ ও গুঁড়া দুধ মিশিয়ে ডিম ও কুসুম গরম দুধ দিয়ে নরম খামির তৈরি করুন। বাটার দিয়ে ৮-১০ মিনিট ভালোভাবে মথে ঢেকে এক ঘণ্টা বা দ্বিগুণ হওয়া পর্যন্ত রাখুন। এদিকে তেলে পেঁয়াজ ও আদা-রসুন ভেজে চিকেন, লবণ, গোলমরিচ, সয়া সস ও টমেটো সস দিয়ে রান্না করে পুরের পানি সম্পূর্ণ শুকিয়ে ঠান্ডা করুন। খামির ছয়-আট ভাগ করে প্রতিটিতে পুর দিয়ে ভালোভাবে বন্ধ করে গোল বান তৈরি করুন। আবার ৩০-৪০ মিনিট ঢেকে রাখুন। ওপরে ডিমের কুসুম লাগিয়ে তিল ছড়িয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ১৫-২০ মিনিট বেক করুন। বের করে ওপর থেকে সামান্য বাটার লাগিয়ে দিন। 

ক্যারট কেক
উপকরণ: ময়দা দুই কাপ, বেকিং পাউডার দুই চা চামচ, বেকিং সোডা আধা চা চামচ, দারচিনি গুঁড়া (সামান্য), লবণ এক চা চামচ, ডিম তিনটি, চিনি এক কাপ, সাদা তেল চার ভাগের তিন কাপ, ভ্যানিলা এসেন্স এক চা চামচ, গাজর কুচি দুই কাপ, কমলা বা লেবুর খোসা কুচি এক চা চামচ (ঐচ্ছিক) এবং কুচানো কাঠবাদাম বা আখরোট, কিশমিশ আধা কাপ।
প্রস্তুত প্রণালি: ওভেন ১৭০ ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে বেকিং প্যান গ্রিজ করে নিন। একটি পাত্রে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, দারচিনি গুঁড়া ও লবণ একসঙ্গে মিশিয়ে রাখুন। অন্য একটি পাত্রে ডিম, চিনি, তেল ও ভ্যানিলা এসেন্স মিশিয়ে নিন। এতে গাজর কুচি, কমলা বা লেবুর খোসা কুচি এবং কুচানো কাঠবাদাম বা আখরোট যোগ করুন। এরপর শুকনো উপকরণগুলো তরল মিশ্রণের সঙ্গে হালকা হাতে ফোল্ড করে ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি প্যানে ঢেলে ৪৫-৫০ মিনিট বেক করুন। টুথপিক দিয়ে পরীক্ষা করুন হয়ে গেছে কিনা। হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার ক্যারট বা গাজরের কেক। চাইলে ক্রিমচিজ ফ্রস্টিং অথবা হুইপ ক্রিম ফ্রস্টিং দিয়েও ডেকোরেশন করতে পারেন।

আরও পড়ুন

×