প্যারেন্টিংয়ের ৭-৭-৭ পদ্ধতি
শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা ও যত্নের ধরন বদলানো জরুরি
সুরাইয়া হেনা
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ | ০৭:৫৬
| প্রিন্ট সংস্করণ
একজন শিশু যখন প্রথম হাঁটতে শেখে, তখন তাকে হাত ধরে এগিয়ে নিতে হয়। একটু বড় হলে সেই হাত ছেড়ে কয়েক পা নিজে হাঁটার সুযোগ দিতে হয়। আবার এমন সময়ও আসে, যখন পাশে দাঁড়িয়ে শুধু উৎসাহ দেওয়া, ভুল হলে বুঝিয়ে বলা আর প্রয়োজনের সময় ভরসা দেওয়াই সবচেয়ে জরুরি হয়ে ওঠে। সন্তানের বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে অভিভাবকের ভূমিকার এ পরিবর্তনই সুস্থ অভিভাবকত্বের একটি গুরুত্বপূর্ণ দিক।
সন্তানকে বড় করার কোনো একক নিয়ম নেই। তবে বয়সের সঙ্গে সন্তানের প্রয়োজন, অনুভূতি ও শেখার ধরন কীভাবে বদলায় এবং সেই অনুযায়ী অভিভাবকের আচরণ কীভাবে বদলানো যায়, তা হিসাব করে চলার সহজ একটি মাধ্যম হলো ৭-৭-৭ নিয়ম। বিশ্বের অনেক দেশেই এ পদ্ধতিটি বেশ চর্চা করা হচ্ছে।
৭-৭-৭ নিয়ম আসলে কী?
সন্তান বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার শেখা, চিন্তাভাবনা, আবেগ প্রকাশ এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও ধীরে ধীরে পরিবর্তিত হয়। তাই সব বয়সে একইভাবে শাসন, নির্দেশনা বা স্বাধীনতা না দিয়ে বয়স ও পরিপক্বতা অনুযায়ী অভিভাবকের ভূমিকা বদলে নেওয়াই এ নিয়মের মূল কথা। ৭-৭-৭ নিয়মে অভিভাবকত্বের ক্ষেত্রে সন্তানের বয়স ২১ বছর পর্যন্ত তিনটি ভাগে ভাগ করা হয়। ০ থেকে ৭ বছর, ৭ থেকে ১৪ বছর এবং ১৪ থেকে ২১ বছর– প্রতিটি ধাপের সময়কাল ৭ বছর করে। এ তিন ধাপের সময়ের মধ্যে সন্তানের শেখা, বেড়ে ওঠা, চিন্তাভাবনা এবং নিজের সিদ্ধান্ত নেওয়ার ধরন ধীরে ধীরে বদলে যায়। তাই প্রতিটি বয়সে অভিভাবকের ভূমিকা ও যত্নের ধরনও বদলানো জরুরি।
প্রথম ধাপ (০-৭ বছর): খেলার পর্যায়
শিশুর জীবনের প্রথম কয়েকটি বছর পৃথিবীকে চিনে নেওয়ার সময়। এ বয়সে সে খেলে, প্রশ্ন করে, দেখে, ছুঁয়ে বোঝে এবং বড়দের আচরণ অনুকরণ করে শেখে। তাই এ সময় শুধু পড়াশোনার দিকে নজর না দিয়ে নিরাপদ, স্নেহময় ও আনন্দময় পরিবেশ তৈরি করা বেশি জরুরি।
গল্প বলা, ছবি আঁকা, গান শোনা, পাজল মেলানো কিংবা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা শিশুর শেখার গুরুত্বপূর্ণ অংশ হতে পারে। তার ছোট ছোট প্রশ্নের উত্তর দেওয়া, নতুন কিছু করার সুযোগ দেওয়া এবং ভুল করলে ভয় দেখানোর বদলে ধৈর্য ধরে বুঝিয়ে বলা দরকার। ভালোবাসা ও নিরাপত্তার অনুভূতি থেকেই শিশুর আত্মবিশ্বাসের ভিত্তি তৈরি হয়। এতে অভিভাবক ও সন্তানের মধ্যে বিশ্বাস গভীর হয়।
দ্বিতীয় ধাপ (৭-১৪ বছর): শেখার পর্যায়
এই বয়সে শিশু ধীরে ধীরে নিজের পছন্দ, অপছন্দ ও মতামত প্রকাশ করতে শেখে। স্কুল, শিক্ষক, বন্ধু এবং চারপাশের পরিবেশ তার চিন্তাভাবনায় প্রভাব ফেলতে শুরু করে। তাই এ সময় শুধু পড়াশোনা বা পরীক্ষার ফল নয়, দায়িত্বশীল হয়ে উঠতে শেখার বিষয়টিও গুরুত্ব পাওয়া উচিত।
এই ধাপে নিজের ব্যাগ গুছানো, সময়মতো পড়া শেষ করা, ঘরের ছোটখাটো কাজে সাহায্য করা কিংবা নিজের ভুলের ফলাফল বুঝতে শেখানো যেতে পারে। কোনো বিষয়ে সন্তান ভিন্নমত প্রকাশ করলে সঙ্গে সঙ্গে তাকে ভুল না বলে কেন সে এমন ভাবছে– তা জানতে চাওয়া ভালো। এতে নিজের কথা বলার আত্মবিশ্বাস বাড়ে এবং যুক্তি দিয়ে ভাবার অভ্যাস তৈরি হয়।
তৃতীয় ধাপ (১৪-২১ বছর): পরামর্শ দেওয়ার পর্যায়
কৈশোরে সন্তান নিজের পরিচয়, ভবিষ্যৎ এবং সিদ্ধান্ত নিয়ে আরও সচেতন হতে শুরু করে। এ সময় আগের মতো প্রতিটি বিষয়ে নির্দেশ দেওয়া বা সব সিদ্ধান্ত নিজের হাতে রাখার চেষ্টা করলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে। তাই এ পর্যায়ে সন্তানের সঙ্গে খোলামেলা কথা বলা, তার মতামত শোনা এবং প্রয়োজন অনুযায়ী পরামর্শ দেওয়া বেশি গুরুত্বপূর্ণ। পড়াশোনা, ভবিষ্যৎ পরিকল্পনা, বন্ধুত্ব কিংবা ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করা যেতে পারে। বয়স ও পরিপক্বতা অনুযায়ী নিরাপদ সীমার মধ্যে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তাকে দায়িত্বশীল হতে সাহায্য করতে পারে।
শৈশব থেকে তরুণ বয়স পর্যন্ত ভালোবাসা, সঠিক দিকনির্দেশনা এবং বয়স অনুযায়ী স্বাধীনতার ভারসাম্যই সন্তানকে ধীরে ধীরে নিজের জীবন সামলানোর জন্য প্রস্তুত করে। সন্তানের হাত ধরে পথ দেখানো, তারপর ধীরে ধীরে সেই হাত ছেড়ে তাকে নিজের পথ চিনতে দেওয়া আর প্রয়োজন হলে আবার পাশে এসে দাঁড়ানো– বয়সের সঙ্গে অভিভাবকের ভূমিকা বদলানোর মাধ্যমেই সন্তানকে সঠিকভাবে গড়ে তোলা সম্ভব।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, গুড ইনসাইড
মডেল: প্রিয়ন্তী ও আব্দুল্লাহ
- বিষয় :
- শিশু