ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

ঋতু বদলে ত্বকের যত্ন

ঋতু বদলে ত্বকের যত্ন
×
×

হলুদের সঙ্গে দুধ, মধু, সামান্য তেল মিশিয়ে ত্বকে লাগালে উজ্জ্বলতা বজায় থাকে

শারমিন উদ্দিন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬ | ০৭:৫৭

| প্রিন্ট সংস্করণ

কার্তিক আর অগ্রহায়ণের হাত ধরে প্রকৃতিতে এখন হেমন্তের আবহ। দিনে রোদের তেজ, রাতে ও ভোরে হিমেল হাওয়া, আবহাওয়ার এই পরিবর্তনে বদলে যায় ত্বকের চাহিদাও। বাতাসের আর্দ্রতা কমতে থাকলে ত্বক থেকে পানি হারানোর প্রবণতা বাড়ে। ফলে দেখা দেয় শুষ্কতা, খসখসে ভাব, টানটান অনুভূতি ও ঠোঁট ফাটার সমস্যা। অন্যদিকে, ধুলাবালি ও দূষণও ত্বকে অস্বস্তি তৈরি করতে পারে। এ সময় প্রয়োজন আবহাওয়ার সঙ্গে মানানসই পরিচর্যা।

ক্লিনজারে হোক কোমলতার ছোঁয়া
গরমের দিনে ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণে যে ফেসওয়াশ ব্যবহার করা হতো, হেমন্তে সেটি শুষ্কতা বাড়াচ্ছে কিনা, খেয়াল রাখা জরুরি। মুখ ধোয়ার পর ত্বকে টান ধরলে মৃদু, সুগন্ধিবিহীন ক্লিনজার বেছে নিন। গোসলের সময় শরীরের ত্বকের শুষ্কতা ও রুক্ষতা কমাতে ময়েশ্চারাইজিং উপাদানযুক্ত মৃদু সাওয়ার জেল ব্যবহার করা যেতে পারে। অতিরিক্ত গরম পানি এড়িয়ে চলুন। গোসলের পর ত্বক আলতোভাবে মুছে সামান্য ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার লাগালে আর্দ্রতা ধরে রাখতে সুবিধা হয়।

ময়েশ্চারাইজারেই আর্দ্রতার সুরক্ষা
হেমন্তের রূপচর্চায় ময়েশ্চারাইজারের গুরুত্ব বেশি। শুষ্ক ত্বকের জন্য ঘন ক্রিম এবং তৈলাক্ত ত্বকের জন্য হালকা, নন-কমেডোজেনিক পণ্য বেছে নেওয়া যেতে পারে। গ্লিসারিন, সিরামাইড ও হায়ালুরোনিক এসিডের মতো উপাদান ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সহায়ক। মুখ ধোয়ার পর ত্বক সামান্য ভেজা থাকতেই ময়েশ্চারাইজার লাগান। এতে ত্বকের পানিশূন্যতা কমাতে সাহায্য করবে।

এক্সফোলিয়েশনে চাই সতর্কতা
ঋতু পরিবর্তনের সময় ত্বকের উপরিভাগে মৃত কোষ জমতে থাকে। ফলে ত্বক দেখায় নিস্তেজ ও খসখসে। এক্সফোলিয়েশনের মাধ্যমে এসব কোষ অপসারণে সাহায্য করা যায়। তবে হেমন্তের শুষ্ক আবহাওয়ায় অতিরিক্ত এক্সফোলিয়েশন ত্বকের শুষ্কতা ও জ্বালাপোড়া বাড়াতে পারে। তাই স্বাভাবিক বা তৈলাক্ত ত্বকে প্রয়োজন বুঝে সপ্তাহে একবার এক্সফোলিয়েশন করা যেতে পারে। ব্যবহারের পর ময়েশ্চারাইজার লাগানো জরুরি।

সানস্ক্রিন থাকুক প্রতিদিনের রুটিনে
আকাশ মেঘলা থাকলেও সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকে পৌঁছাতে পারে। তাই হেমন্তেও বাইরে যাওয়ার আগে ব্রড-স্পেকট্রাম এসপিএফ ৩০ বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন। মুখ, গলা, কান ও হাতের খোলা অংশে লাগাতে হবে। দীর্ঘ সময় বাইরে থাকলে প্রায় দুই ঘণ্টা পর এবং ঘামলে বা মুখ ধুয়ে ফেললে আবার লাগান। 

ধুলাবালি থেকে সুরক্ষা
হেমন্তে ধুলাবালি ও দূষণ থেকে ত্বককে সুরক্ষিত রাখতে বাইরে বের হওয়ার সময় মাস্ক ও ছাতা ব্যবহার করুন। ঘরে ফিরে মৃদু ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করুন। বারবার মুখ ধোয়া বা জোরে ঘষা এড়িয়ে চলুন। কারণ এতে ত্বকের স্বাভাবিক সুরক্ষাব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। 

সুস্থ ত্বকে নিয়মিত অভ্যাস
হেমন্তে ত্বকের যত্নে বাহ্যিক পরিচর্যার পাশাপাশি প্রয়োজন সুষম খাবার, পর্যাপ্ত পানি পান ও ভালো ঘুম। খাদ্যতালিকায় রাখুন মৌসুমি ফল, শাকসবজি ও পুষ্টিকর খাবার। মধু, টকদই বা অন্যান্য ঘরোয়া উপাদান সবার ত্বকে মানানসই নাও হতে পারে; তাই ব্যবহারে আগে ত্বকের ছোট অংশে পরীক্ষা করুন। অস্বস্তি হলে ব্যবহার করবেন না। ত্বকে দীর্ঘস্থায়ী চুলকানি, ফাটল বা লালচে ভাব দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।

ঠোঁট ও রাতের পরিচর্যা
হেমন্তে ঠোঁটের কোমলতা বজায় রাখতে নিয়মিত লিপ বাম ব্যবহার করুন। বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজানো কিংবা উঠে আসা চামড়া টেনে তোলা থেকে বিরত থাকুন। বাইরে যাওয়ার আগে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে সুরক্ষায় এসপিএফযুক্ত লিপ বাম লাগাতে পারেন। রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করে ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ঠোঁটে লাগান ঘন, সুগন্ধিবিহীন লিপবাম বা পেট্রোলিয়াম জেলি। নিয়মিত এ অভ্যাস আর্দ্রতা ধরে রাখতে এবং শুষ্কতার অস্বস্তি কমাতে সহায়তা করবে।

ঘরোয়া প্যাক
এ সময়ের ত্বকের যত্নে পাকা কলা, পাকা পেঁপে ইত্যাদি ব্যবহার করতে পারেন। শুধু পাকা কলা কিংবা পাকা পেঁপে দিয়ে পেস্ট বানিয়ে মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট রাখুন। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের শুষ্কতা কমাতে পাকা কলা চটকে তার সঙ্গে সামান্য মধু মিশিয়ে প্যাক তৈরি করা যায়। মুখে লাগিয়ে ১০ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। কলার প্যাক ত্বককে সাময়িকভাবে নরম অনুভব করাতে পারে।
এ সময়ের রূপচর্চায় কমলার খোসা গুঁড়াও ব্যবহার করা যায়। কমলার খোসা গুঁড়ার সঙ্গে এক চা চামচ টক দই এবং এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এটি মুখে লাগিয়ে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
হলুদের সঙ্গে দুধ, মধু, সামান্য তেল মিশিয়ে গোসলের আগে পুরো ত্বকে লাগাতে পারেন। হলুদের সঙ্গে দুধের সর মিশিয়ে ব্যবহার করলেও উপকার পাবেন। হেমন্তে ত্বকে শুষ্কতা বা অস্বস্তি অনুভূত হলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন। পরিষ্কার ত্বকে পাতলা করে জেল লাগিয়ে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বকে আর্দ্রতা ধরে রাখবে। 

আরও পড়ুন

×