ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

আকাশজুড়ে মেঘের ছায়া

আকাশজুড়ে মেঘের ছায়া
×

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৭:২৫

| প্রিন্ট সংস্করণ

বেলী ফুলের মায়া
শাকেরা শিমু

শুভ্র তারা ফুটেছে আজ 
আমার কুসুমবাগে,
মিষ্টি মধুর ঘ্রাণ সে ছড়ায়
গভীর অনুরাগে।

মিটমিটিয়ে জ্বলতে থাকে
রাত্রি কিবা দিনে,
মন টেকে না এখন আমার
তারার মালা বিনে।

খোঁপায় যবে জড়াই আমি 
শুভ্র তারার মালা,
এক নিমেষে দূর হয়ে যায়
মনের সকল জ্বালা।

স্নিগ্ধ সাদা এই তারাটার
নামটা বেলি ফুল,
রূপ ও ঘ্রাণে যার কোথাও
নেই যে কোনো তুল।

 

 

গভীর মায়ার টান
শাহানাজ শিউলী

মেঘের ডাকে আকাশ যখন সাজে
মেঘকে ডাকে কদম ফুলের ঘ্রাণ,
সবুজ পাতায় থোকা থোকা ফুল
প্রেমের ছোঁয়ায় জাগিয়ে তোলে প্রাণ।

আকাশজুড়ে কালো মেঘের ছায়া
শ্রাবণ নামে কদমফুলের বুকে,
হলুদ-সাদার পাপড়িগুলো মেলে
বাদল-ধারা জড়িয়ে নেয় সুখে।

টাপুর-টুপুর ঝরে মেঘের জল
কদম শাখা দোলে সমীরণে,
ভেজা কদম গভীর মায়ার টানে
হারিয়ে যায় মেঘের আলিঙ্গনে।

সবুজ পাতা ভিজে বাদল-জলে
সুখের ছোঁয়ায় আকুল করে মন,
কদম-সুবাস বক্ষে টেনে মেঘ
সজল হাওয়ায় মাতে অনুক্ষণ।

মেঘ-বৃষ্টি-কদমফুলের প্রেম
ফোঁটায় ফোঁটায় পড়ে অবিরাম,
মেঘ-বৃষ্টি ভাসে শ্রাবণ-জলে
মেঘের বুকে কদম লেখে নাম।

 

মহাকালের তরী
মুহিতুল মুন্না 

সংকটে কাঁদে ভীরু যাত্রীরা
মাস্তুলে একা কান্ডারি;
এ জাহাজ তবুও ছুটে চলেছে
আর কত দূর, পাঞ্জেরি?
উত্তাল ঝড়ে বুক থরে থরে 
চলেছে মরুর তরী;
যাত্রীরা সবে আর্তনাদে শুধায়,
আর কত দূর, পাঞ্জেরি?
ভারী আসমান কালো মেঘে ঘেরা
মহাপ্রলয়ের ঘের;
কখন এ তরী দেব মোরা পাড়ি
বলো হে কান্ডারি, ফের? 
আরেকটু পথ বাকি সব রথ
ধৈর্য ধরো হে যাত্রী;
তিমিরবিনাশী আলোকের পথ
পার হবো এই রাত্রি।
সাহসী হৃদয়ে হাতে হাত রেখে
চলো পাড়ি দিই পথ
বিজয়ের রথে একসঙ্গে হেঁটে
জয় করি ভবিষ্যৎ!

 

ক্যাকটাস
জহিরুল হক বিদ্যুৎ

নিরর্থক খুঁজতে যাই নদী,
দেখি হাতের তালুজুড়ে শুধু ধু-ধু মরুভূমি।
ভালোবাসা দান করতে গিয়ে
বারবার ভুল মন্ত্র উচ্চারণ করি।
প্রতিদান? সে তো ক্যাকটাসের কাঁটার মতো
রক্তক্ষরণ ছাড়া কিছুই পাই না।
কেউ হিসাব রাখে না এই পৃথিবীতে
কতবার মেঘ হয়ে ঝরেছি কারও উঠোনে,
কার তৃষ্ণার্ত ঠোঁটে জল হয়ে ছুঁয়ে দিয়েছি।
সবাই হিসাব রাখে শুধুই রিক্ততার
আর কারও ভাতের থালাজুড়ে
কেবলই খুঁজে পাই দীর্ঘশ্বাস।
ভালোবাসা নদীর পার ভাঙার মতো
এক নিঃশব্দ বিপর্যয়,
সবটুকু মাটি হারিয়ে ফেলার পর বুঝি
কারও জন্য কতটুকু করতে পারিনি।
 

আরও পড়ুন

×