ঢাকা রোববার, ১৯ জুলাই ২০২৬

যাদুকাটার তীরে দ্বিধার কাব্য

যাদুকাটার তীরে দ্বিধার কাব্য
×

মোস্তাফিজুল হক

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬ | ০৭:৩৪

| প্রিন্ট সংস্করণ

মানিগাঁওয়ের শিমুল বনে সেদিন যেন এক অন্যরকম আগুন লেগেছিল। খাসিয়া পাহাড়ের পাদদেশের বাতাসে জড়িয়ে ছিল বাতাবিলেবুর তীব্র মিষ্টি ঘ্রাণ। যাদুকাটার ভাটিতে টকটকে লাল শিমুলের শোভা চারদিককে করে তুলেছিল নেশা ধরানো সুন্দর। সেই ঘন লাল আভার অদূরের স্কুলে পড়ত মহুয়া। সবে নাইনপড়ুয়া এক প্রদীপ্ত চোখের কিশোরী। 
আমি তখন সদ্য কলেজের আঙিনায় পা রেখেছি। আমাদের এই বয়সে সম্পর্কে জড়ানো মানেই পরিবারের চোখে অপরাধী হওয়া–এই লোকলজ্জার ভয় আমাকে সবসময় আটকে রাখত। একদিন স্কুলের বারান্দায় মহুয়ার সঙ্গে দেখা হলে সে জোড় বেণি দুলিয়ে এক অদ্ভুত বাজি ধরল। ফাগুন মেলার আমন্ত্রণে সে বলেছিল–‘আপনি যদি খেলা শুরুর আগে আসেন, তবে আমি সবচেয়ে কঠিন বাজিটাও জিতে নেব।’ মহুয়া কোনো সুঁইসুতা দৌড়ের 
প্রতিযোগিতার কথা বলেনি। সে আসলে প্রকাশ্যে ভালোবাসার কথা বলার সাহস দেখতে চেয়েছিল। মুখে কিছু না বললেও আমার মনের গভীরে ছিল তীব্র আকুলতা। 
কাঙ্ক্ষিত ফাগুন মেলার সোনারোদের দুপুর এলো। আমি মেলায় গেলাম ঠিকই, কিন্তু আমার ভেতরের দ্বিধা কাটল না। প্রতিবেশী কিশোর-কিশোরী এভাবে প্রকাশ্যে সম্পর্কে জড়ালে লোকে কী বলবে, সেই ভীতি আমাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে রাখল। মহুয়া বারবার আমার দিকে ফিরে তাকালেও ভিড়ের মধ্যে ওর মুখোমুখি দাঁড়ানোর সাহস আমার হলো না। 
একে একে তিনটি খেলায় অংশ নিয়ে মহুয়া প্রতিটিতেই হেরে গেল। খেলা শেষে ওকে খুঁজতে গিয়ে দেখলাম, আমার এক বাচাল বন্ধু নিপু ওর সামনে দাঁড়িয়ে হাসিমুখে কথা বলছে। আমার সব শরীর জমে বরফ হয়ে গেল। কিছু দূর থেকে মহুয়া এক বেদনার্ত প্রকাশ নিয়ে শেষবারের মতো আমার দিকে তাকাল। আমি তখনও এক অদৃশ্য দ্বিধার শেকলে বন্দি, এক পা-ও এগোতে পারলাম না। 
মহুয়া চোখ তুলে নিপুর দিকে তাকাল। ওর চোখে কোনো উচ্ছ্বাস ছিল না–ছিল এক গভীর অভিমান ও হিমহিম দৃঢ়তা। সে যেন আমার ভীরুতাকে চিরতরে প্রত্যাখ্যান করল। নিপুর দেওয়া এক ঠোঙা বাদাম হাতে নিয়ে আমাকে দেখানোর জন্যই একটা লাল গোলাপ নিজের বিনুনির ভাঁজে গুঁজে নিল সে। সেদিনের সেই কঠিন খেলায় সময় আর দ্বিধার কাছে হেরে গেলাম আমি। মহুয়ার লাজুক ঠোঁটের না বলা কথার ঋণ আর শোধ হলো না। 
প্রচণ্ড বিষাদ নিয়ে ঘরে ফিরে এলাম। আমার মার্জিত কিশোর জীবন নিমেষেই এলোমেলো হয়ে গেল। যে মহুয়া ফুল হয়ে আমার জীবনে এসেছিল, সে আমারই দ্বিধার কারণে শাল্মলি হয়ে ধুলোর বুকে ঝরে পড়ল আর আমি যেন মুহূর্তেই ডুবে গেলাম যাদুকাটার নীল জলে।  
সুহৃদ, শেরপুর

আরও পড়ুন

×