ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

শৈশবের সীমায়

শৈশবের সীমায়
×
×

নূরজাহান নীরা

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ০৭:৫৬

| প্রিন্ট সংস্করণ

সূর্যটা পাটে নেমেছে মাত্র। এখনও পুরোপুরি সন্ধ্যা নামেনি। গোধূলির সোনাঝরা আলো বাঁশঝাড়ের ফাঁক গলিয়ে আছড়ে পড়ছে ঝিলের জলে আর ঘাসের ডগায়। দিনের আলো ফুরিয়ে আসার এই মুহূর্তে পাখির ব্যস্ততা বাড়ে। ঘরের টানে ওরা দল বেঁধে এপাশ-ওপাশ ছুটে চলে।
এই সারি সারি বাঁশবন আর তার গাঘেঁষে ছড়ানো বিস্তীর্ণ মাঠ–এ যেন কৃষকের ঘামে ভেজা স্বপ্নের ক্যানভাস। সবেমাত্র বোনা গম অঙ্কুরিত হয়েছে। কোথাও মাটির বুক চিরে মাথা তুলেছে কচি ডগা, কোথাও উঁকি দিচ্ছে দুটি কচি পাতা। গমের এ সবুজ পাতাগুলোর প্রতি পাখির প্রবল আকর্ষণ। নিয়ম করে কিছুদিন এ পাতা খেলে পাখির শরীরে আসে নতুন শক্তি; যা অনেকেই জানে না। জানে না বিলকিস, সুমি কিংবা শিরিনও। জানলে হয়তো পাখি তাড়ানোর ফাঁকে দু-চারটে পাতা নিজেরাও চিবিয়ে দেখত। অঙ্কুর থেকে চারা বড় হয়ে ওঠা পর্যন্ত রোজ সন্ধ্যায় মাঠে যেতে হয় শিশুদের। মাঠের পশ্চিম কোণে বাঁশঝাড়ে সন্ধ্যার পর পাখির উপদ্রব বাড়ে। কচি পাতাগুলো রক্ষা করতে না পারলে কৃষকের সারা বছরের পরিশ্রম মাটি হয়ে যাবে।
তাই পাখি তাড়ানোর কাজটি বেশ আনন্দের সঙ্গেই করে বিলকিস, সুমি আর শিরিন। মাঠে ঢিল ছুড়ে পাখি তাড়ানোর ফাঁকে ফাঁকে শুরু হয় ওদের নিজস্ব খেলা। বনগাঁদার ফুল, দূর্বা লতা আর সবুজ ঘাস-পাতার ছোঁয়ায় মেতে ওঠে ওদের শৈশব। আজও তার ব্যতিক্রম হয়নি। খেলার নেশায় ওরা বুঝতেই পারেনি কখন পাখিরা ক্ষেত ছেড়ে নিজেদের বাসায় ফিরে গেছে। গোধূলির সোনা রং মিলিয়ে নামতে শুরু করেছে নিকষকালো সন্ধ্যা। হঠাৎ ঝোপঝাড়ের আড়াল থেকে একটা শেয়ালের হুকুমডাক নিস্তব্ধতা ভেঙে দিল। সেই ডাকে চমকে উঠল ওরা তিনজন।
বিলকিস, সুমি আর শিরিন–ভয়ে ও তাড়ায় ছোট ছোট পায়ে দ্রুত ছুটতে শুরু করল বাড়ির পথের দিকে। যে পথ ধরে মাঠের সবুজ ধানের সঙ্গে মিশে আছে ওদেরও সরল কচি প্রাণ আর যে ছোট ছোট পায়ের গতিতে লুকিয়ে আছে ক্ষেতজুড়ে কৃষকের আগামীর সোনালি স্বপ্ন। 
সুহৃদ, নারায়ণগঞ্জ
 

আরও পড়ুন

×