হুমায়ূন আহমেদকে নিয়ে পাঠচক্র
এডাস্টে ‘নন্দিত নরকে’ আলোচনা
রাজধানীর উত্তরার অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয়ের [এডাস্ট] সভাকক্ষে হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে পাঠচক্রে সুহৃদদের একাংশ
শারমিন আকতার
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ০৮:০১
| প্রিন্ট সংস্করণ
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন ঘিরে তাঁর সাহিত্যকর্ম ও সৃষ্টিশীলতাকে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি পালন করেন সুহৃদরা। বরিশাল বিশ্ববিদ্যালয়, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও পাবনার ঈশ্বরদীর সুহৃদ সমাবেশের আয়োজনে অনুষ্ঠিত হয় পাঠচক্র ও আলোচনা...
সাহিত্য মানুষকে ভাবতে শেখায়, জীবনের গভীরে প্রবেশের পথ দেখায়। প্রিয় লেখকের সৃষ্টির মধ্য দিয়ে তাঁকে নতুন করে আবিষ্কারের আনন্দও আলাদা। কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’ নিয়ে পাঠচক্র ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ের (এডাস্ট) সুহৃদরা। ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত পাঠচক্রের বিষয় ছিল ‘নন্দিত নরকে’ নিয়ে পাঠচক্র ও আলোচনা। হুমায়ূন আহমেদের প্রথম উপন্যাস হিসেবে পরিচিত এ গ্রন্থে মধ্যবিত্ত পরিবারের জীবনসংকট, সম্পর্কের জটিলতা, মানবিক অনুভূতি ও মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব অত্যন্ত সংবেদনশীলভাবে ফুটে উঠেছে। সহজ-সরল ভাষা এবং জীবনের গভীর বাস্তবতাকে তুলে ধরার অনন্য কৌশল উপন্যাসটিকে বাংলা সাহিত্যে বিশেষ মর্যাদা দিয়েছে।
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ড. রিশাদ। তিনি হুমায়ূন আহমেদের সাহিত্যিক বৈশিষ্ট্য, জীবনবোধ ও সৃষ্টিশীলতার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর সাহিত্যকর্মে মানুষের আবেগ, সম্পর্কের টানাপোড়েন, মনস্তাত্ত্বিক জটিলতা এবং সমাজবাস্তবতার যে সহজ অথচ গভীর প্রকাশ ঘটেছে, তা পাঠকের চিন্তা ও অনুভূতিকে নতুনভাবে আলোড়িত করে বলে তিনি উল্লেখ করেন। আলোচনায় হুমায়ূন আহমেদের সাহিত্যজীবনের সূচনা, লেখার স্বতন্ত্র ভঙ্গি এবং সাধারণ মানুষের জীবনকে অসাধারণ দক্ষতায় সাহিত্যে রূপ দেওয়ার ক্ষমতার বিষয়টিও গুরুত্ব পায়। কথাসাহিত্যের পাশাপাশি নাটক ও চলচ্চিত্র নির্মাণেও তাঁর সৃজনশীল অবদান বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। তাঁর লেখার অন্যতম বৈশিষ্ট্য হলো, জটিল জীবনদর্শন ও গভীর মনস্তাত্ত্বিক বিষয়কেও সহজ ভাষায় পাঠকের কাছে পৌঁছে দেওয়া। অংশগ্রহণকারীরা সাহিত্যের বিষয়বস্তু এবং লেখকের দৃষ্টিভঙ্গি সম্পর্কে নতুনভাবে ভাবার সুযোগ পান।
এডাস্ট সুহৃদদের অংশগ্রহণে অনুষ্ঠিত পাঠচক্রে পাঠপ্রতিক্রিয়া ব্যক্ত করেন সুহৃদ অভিজিৎ, সাগর, মামুন, বৃষ্টি, শ্রাবন্তী, রিয়াজ, আলভী, রিয়া, বুশরা ও ইয়াতী।
সুহৃদরা বলেন, এ ধরনের সাহিত্যচর্চা শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলার পাশাপাশি মুক্তচিন্তা, মননশীলতা ও সৃজনশীলতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাহিত্যকে জীবনের অংশ করে তোলার পাশাপাশি নিয়মিত পাঠচক্রের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি এবং সুস্থ সাংস্কৃতিক চর্চার পরিবেশ গড়ে তোলাও এ আয়োজনের প্রত্যাশা। হুমায়ূন আহমেদ আজ নেই, কিন্তু তাঁর সৃষ্ট চরিত্র, গল্প ও উপন্যাস এখনও পাঠকের হৃদয়ে জীবন্ত। ‘নন্দিত নরকে’ নিয়ে এ পাঠচক্র তাই কেবল জন্মদিন স্মরণের আয়োজন নয়, বরং নতুন প্রজন্মের কাছে বাংলা সাহিত্যের এক উজ্জ্বল অধ্যায়কে নতুন করে পরিচিত করার আন্তরিক প্রয়াস।
উপদেষ্টা, সুহৃদ সমাবেশ, এডাস্ট
- বিষয় :
- সুহৃদ সমাবেশ