হুমায়ূন আহমেদকে নিয়ে পাঠচক্র
ঈশ্বরদীতে ‘মিসির আলী’ পাঠ
হুমায়ূন আহমেদ [১৩ নভেম্বর ১৯৪৮–১৯ জুলাই ২০১২]
দুর্জয় ইসলাম লিমন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ০৭:৫৯
| প্রিন্ট সংস্করণ
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মদিন ঘিরে তাঁর সাহিত্যকর্ম ও সৃষ্টিশীলতাকে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি পালন করেন সুহৃদরা। বরিশাল বিশ্ববিদ্যালয়, অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ও পাবনার ঈশ্বরদীর সুহৃদ সমাবেশের আয়োজনে অনুষ্ঠিত হয় পাঠচক্র ও আলোচনা...
প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সাপ্তাহিক ঈশ্বরদী কার্যালয়ে সভায় হুমায়ূনের সৃষ্ট জনপ্রিয় সাহিত্য চরিত্র ‘মিসির আলী’কে নিয়ে বিস্তারিত আলোচনা ও পাঠপ্রতিক্রিয়া ব্যক্ত করেন সুহৃদরা। বক্তারা বলেন, মিসির আলী বাংলা সাহিত্যের একটি অন্যতম জনপ্রিয় ও ব্যতিক্রমী চরিত্র। মনোবিজ্ঞানের শিক্ষক এ চরিত্রটি মানুষের মনস্তত্ত্ব, আচরণ, স্বপ্ন এবং রহস্যময় ঘটনার বিশ্লেষণে বিশেষ পারদর্শী। প্রচলিত গোয়েন্দা চরিত্রের মতো অপরাধীকে খুঁজে বের করাই তাঁর প্রধান কাজ নয়; বরং যুক্তি, বিজ্ঞান ও মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মাধ্যমে রহস্যের অন্তর্নিহিত কারণ খুঁজে বের করাটাই তাঁর মূল বৈশিষ্ট্য। ১৯৮৫ সালে প্রকাশিত হুমায়ূন আহমেদের ‘দেবী’ উপন্যাসের মধ্য দিয়ে মিসির আলী চরিত্রের আত্মপ্রকাশ ঘটে। উপন্যাসে রানু নামের এক নারীর রহস্যময় অভিজ্ঞতা ও মানসিক অবস্থার ব্যাখ্যা খুঁজতে গিয়ে মিসির আলীর অনুসন্ধিৎসু ভূমিকা পাঠকদের মুগ্ধ করে। পরবর্তী সময়ে নিশিন্দা, নিশাদ, অন্য দিন, বৃক্ষমানবসহ বিভিন্ন উপন্যাসে চরিত্রটি আরও বিকশিত হয়। সভায় হুমায়ূন আহমেদের জীবন ও কর্ম নিয়েও আলোচনায় তাঁর অনন্য সব সৃষ্টি, রহস্য, মনস্তত্ত্ব ও মানবজীবনের জটিলতা মিলিয়ে মিসির আলী বাংলা কথাসাহিত্যে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন বলে মত প্রকাশ করেন সুহৃদরা। হুমায়ূনের সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মতপ্রকাশের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। সুহৃদ উপদেষ্টা মনিরুল ইসলাম বাবুর সভাপতিত্বে আলোচনা যুক্ত হন সাংবাদিক সেলিম সরদার, সুহৃদ আব্দুস সামাদ, আরিফুল ইসলাম, ফিরোজ আহমেদ, নাজমুল হক রঞ্জন, দুর্জয় ইসলাম লিয়ন মণ্ডল, হাসান চৌধুরী প্রমুখ। কর্মসূচি সমন্বয় করেন সুহৃদ ঈশ্বরদী ইউনিটের সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ।
সাংগঠনিক সম্পাদক, ঈশ্বরদী, পাবনা
- বিষয় :
- সুহৃদ সমাবেশ