ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রঙিন আলোর নিচে জমাট অন্ধকার

রঙিন আলোর নিচে জমাট অন্ধকার
×
×

ইসরাত ইতু

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ০৭:৫৭

| প্রিন্ট সংস্করণ

জয়িতা, সবাই ডাকে জয়ী। নামের মতো জয়ী হয়ে ওঠা হয়নি তাঁর। গ্রামের আর দশটা মেয়ের মতো গতানুগতিক ছাঁচে গড়া ছিলেন না তিনি। বাইরে থেকে শান্ত মনে হলেও ভেতরে তাঁর ছিল এক বিশাল আকাশ, যেখানে তিনি নিজের মতো করে স্বপ্ন বুনতেন। অজপাড়াগাঁয়ের অভাবের সংসারে জন্ম হলেও তাঁর স্বপ্নের কোনো কমতি ছিল না। ছোটবেলা থেকে বুকের ভেতর একটাই সুপ্ত বাসনা লালন করতেন–একদিন তিনি শহর দেখবেন।
তখন তিনি ক্লাস ফাইভে পড়েন। একদিন ক্লাসে শিক্ষক বললেন, ‘সবাই একটা কাগজে নিজের জীবনের শখ লিখে আন।’ সহপাঠীরা কেউ লিখল চিকিৎসক হবে, কেউ বা শিক্ষক। আর জয়ী? তিনি খাতার মাঝখানে বড় বড় করে লিখলেন–‘আমার স্বপ্ন শহর দেখব।’ সেই লেখা দেখে শিক্ষক ও সহপাঠীরা মুচকি হেসেছিল। তাদের কাছে শহর তো হাতের মুঠোয়, ওটা আবার কোনো স্বপ্ন হতে পারে নাকি! কিন্তু কেউ জানত না, যে মেয়েটি কখনও গ্রামের সীমানা পেরোয়নি, তার কাছে ইট-পাথরের ওই শহরটা ছিল অন্য এক ভুবন।
ভাগ্য হয়তো সেই ছোট্ট চিরকুটটার ওপর দৃষ্টি রেখেছিল। হঠাৎ করেই শহরের এক বিত্তবান পরিবার থেকে তাঁর বিয়ের সম্বন্ধ এলো। জয়িতার মায়াবী রূপ ও লাবণ্য দেখে পাত্রপক্ষ সেদিনই তাঁকে পুত্রবধূ করে শহরে নিয়ে গেল।
বিয়ের পর জয়ীর মনে ছিল বাঁধভাঙা উচ্ছ্বাস। এরপরই শুরু হয় চার দেয়ালের বন্দিদশার দিন। কথা বলার মানুষ নেই, মনের কষ্ট ভাগ করে নেওয়ার কেউ নেই। তখন তাঁর উপলব্ধিতে এলো এই শহরে মানুষ অজস্র। মন বা ভালোবাসা নামক অনুভূতির বড় অভাব। সবাই এখানে বড্ড একা ও যান্ত্রিক।
গ্রামের সেই মেঠো পথ, ধান ক্ষেত, পুকুরপাড় আর মাটির সোঁদা গন্ধের কাছে বারবার ফিরে যেতে ইচ্ছে করত তাঁর। ফেরা আর হয়ে ওঠেনি। কারণ, বিয়ের পর একটি দিনের জন্যও তাঁর স্বামী তাঁকে শহরের অলিগলি ঘুরিয়ে দেখাননি। যে শহর দেখার আকুলতা তাঁকে তিল তিল করে বড় করেছিল, সেই শহরটাই তাঁর কাছে চির অচেনা থেকে গেল। 
এক পড়ন্ত বিকেলে বাসার ছাদে একা হাঁটছিলেন জয়ী। আনমনে হাঁটতে হাঁটতে হঠাৎ ছাদের কার্নিশের কিনারায় পা চলে গিয়েছিল তাঁর। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল–এই যান্ত্রিক জীবনের নিষ্ঠুর খাঁচা ছেড়ে যদি মিলিয়ে যাওয়া যেত! পরক্ষণেই ঝাপসা চোখ দুটো মুছে এক দীর্ঘশ্বাস ফেললেন তিনি। না, হেরে যাওয়ার জন্য তো তিনি জন্ম নেননি। যে আকাশ জয় করার স্বপ্ন তিনি শৈশবে দেখেছিলেন, তা কি এভাবে ফুরিয়ে যেতে পারে?
সব নিস্তব্ধতা ভেঙে তাঁর বুকের ভেতর হঠাৎ জেগে উঠল এক তীব্র প্রতিবাদী সত্তা। তিনি নিজেকে বোঝালেন–এই অচেনা শহর তাঁকে আপন করে নিক বা না নিক, নিজের ভেতরের আলোটাকে তিনি নিভতে দেবেন না। এই যান্ত্রিকতার বিরুদ্ধে লড়াই করে নিজের অস্তিত্বের জানান দিতে হবে। তখন­ তিনি আর আত্মগ্লানিতে কুঁকড়ে থাকা কোনো অবলা নারী নন; সব প্রতিকূলতাকে পেছনে ফেলে জীবনের নতুন এক ভোর দেখার অপেক্ষায় শক্ত পায়ে ছাদ থেকে নিচে নিজের ঘরে ফিরে এলেন জয়ী। 
সুহৃদ, ইডেন কলেজ
 

আরও পড়ুন

×