হুমায়ূন আহমেদকে নিয়ে পাঠচক্র
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘হিমু’ পর্যালোচনা
হুমায়ূন আহমেদ [১৩ নভেম্বর ১৯৪৮–১৯ জুলাই ২০১২]
নূর ইসলাম নিয়ন
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ | ০৭:৫৮
| প্রিন্ট সংস্করণ
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন উপলক্ষে বিশেষ পাঠ পর্যালোচনা ও আলোচনা সভার আয়োজন করেছে সমকাল সুহৃদ সমাবেশ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা। শুক্রবার ববি সুহৃদ সমাবেশের সভাপতি নূর ইসলাম নিয়নের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা শিমুর সঞ্চালনায় সভায় সংগঠনের অন্যান্য সদস্য অংশ নেন।
অনুষ্ঠানের মূল পর্বে হুমায়ূন আহমেদের জীবনদর্শন, বৈচিত্র্যময় সাহিত্যকর্ম, নাটক, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র এবং তাঁর কালজয়ী সৃষ্টি ‘হিমুসমগ্র’ নিয়ে বিশদ পাঠ পর্যালোচনা করা হয়। বক্তারা বলেন, সমকালীন বাংলা সাহিত্যাঙ্গনের বিশাল অংশজুড়ে তাঁর লেখনীর গভীর প্রভাব রয়েছে। বিশেষ করে ‘হিমু’ চরিত্রটির মধ্য দিয়ে লেখক প্রচলিত সামাজিক নিয়মকানুন, ভণ্ডামি ও কৃত্রিমতার বিপরীতে এক অদ্ভুত নির্মোহ ও মানবিক জীবনবোধের পরিচয় দিয়েছেন। খালি পায়ে হলুদ পাঞ্জাবি গায়ে ঘুরে বেড়ানো এই বাউন্ডুলে চরিত্রটি কেবল বিনোদনের খোরাক নয়, বরং সমাজের নানা অসংগতিকে সূক্ষ্মভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়।
সভাপতির বক্তব্যে নূর ইসলাম নিয়ন হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও উপন্যাসের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, ‘হুমায়ূন আহমেদ অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় মানুষের গভীরতম অনুভূতির কথা বলেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর নির্মিত চলচ্চিত্র ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মকে আমাদের গৌরবময় ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত করে।’
সহ-সাংস্কৃতিক সম্পাদক নাফিসা আনোয়ার নাবিলা তরুণ প্রজন্মের পাঠাভ্যাস তৈরিতে হুমায়ূন আহমেদের অবদানের কথা স্মরণ করেন। সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা শিমু বলেন, ‘একজন লেখককে যথার্থভাবে স্মরণ করা মানে তাঁর চিন্তা ও দর্শনকে নতুন করে পাঠ ও বিশ্লেষণ করা। আমরা চাই, বই পড়া ও মুক্ত আলোচনার এই সুস্থ সংস্কৃতি পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়ুক।’
আলোচনায় অংশ নেওয়া অন্যান্য সুহৃদ হুমায়ূন আহমেদের বই পাঠের ব্যক্তিগত অভিজ্ঞতা ও প্রিয় লেখকের প্রতি তাদের ভালো লাগার অনুভূতি ব্যক্ত করেন। সভার শেষ পর্বে সংগঠনের আগামী দিনের সাংগঠনিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এতে ববি শাখার মাসিক পাঠচক্র নিয়মিতভাবে চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে প্রতি মাসে নির্ধারিত বই বা লেখক নিয়ে পাঠ পর্যালোচনা অনুষ্ঠিত হবে। পাশাপাশি ক্যাম্পাসে সৃজনশীল প্রতিযোগিতা ও বিভিন্ন সাহিত্য-সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়েও একমত হন সদস্যরা। শিগগিরই এসব কর্মসূচির সময় ও রূপরেখা চূড়ান্ত করা হবে।
সুহৃদ, বরিশাল বিশ্ববিদ্যালয়
- বিষয় :
- সুহৃদ সমাবেশ