ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

আয়কর রিটার্ন বাধ্যতামূলক যাদের

আয়কর রিটার্ন বাধ্যতামূলক যাদের
×

.

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৫ | ০০:২০ | আপডেট: ২৩ আগস্ট ২০২৫ | ০৬:৩৮

২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিল চলছে। অনেকের মনে প্রশ্ন থাকে, তার জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক কিনা। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ড চলতি করবর্ষের আয়কর নির্দেশিকা সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করেছে। নির্দেশিকায় কাদের জন্য রিটার্ন বাধ্যতামূলক, তা উল্লেখ রয়েছে। 

রিটার্ন দাখিল কারা করবেন, তা মূলত দুই ভাগে চিহ্নিত করা হয়। প্রথমত, যাদের আবশ্যিকভাবে করযোগ্য আয় আছে। দ্বিতীয়ত, বিভিন্ন কারণে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। এসব ক্ষেত্রে সবারই করযোগ্য আয় থাকবে, তেমন নয়। চলতি করবর্ষে সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত। 

এখন যারা রিটার্ন দাখিল করছেন, তারা গত অর্থবছরের আয়ের ওপর কর দিচ্ছেন। কোনো কারণে যদি আপনার আয় এবার করযোগ্য সীমার নিচে থাকে, তাহলেও রিটার্ন দাখিল করা লাগতে পারে, যদি আগের তিন বছরের যে কোনো বছর কর নির্ধারণ হয়ে থাকে বা আয় করযোগ্য হয়ে থাকে। কোম্পানি, কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা শেয়ারহোল্ডার কর্মচারী হলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। এ ছাড়া ফার্ম, ফার্মের অংশীদার বা কোনো ব্যক্তিসংঘ হলে, কোনো ব্যবসায় নির্বাহী বা ব্যবস্থাপনা পদে বেতনভোগী কর্মী হলে এবং গণকর্মচারী হলে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। 

কোনো অনিবাসী যার বাংলাদেশে স্থায়ী স্থাপনা আছে, তাকে রিটার্ন দাখিল করতে হবে। কর অব্যাহতিপ্রাপ্ত বা হ্রাসকৃত হারে করযোগ্য আয় থাকলে রিটার্ন দিতে হবে। করারোপযোগ্য আয় না থাকলেও ২০ লাখ টাকার বেশি ঋণ গ্রহণে, আমদানি নিবন্ধন সনদ বা রপ্তানি নিবন্ধন সনদ প্রাপ্তিতে ও নবায়ন করতে, সিটি করপোরেশন বা পৌরসভা এলাকায় ট্রেড লাইসেন্স নবায়নের জন্য, সাধারণ বীমার তালিকাভুক্ত সার্ভেয়ার লাইসেন্স নবায়ন করতে এবং সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় জমি, বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বিক্রয় বা লিজ বা হস্তান্তর বা বায়নানামা বা আমমোক্তারনামা নিবন্ধন করতে রিটার্ন দাখিল বাধ্যতামূলক। 

চিকিৎসক, দন্তচিকিৎসক, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড সেক্রেটারি, আইনজীবী ও কর আইনজীবী, একচুয়ারি, প্রকৌশলী, স্থপতি, সার্ভেয়ার হিসেবে বা সমজাতীয় পেশাজীবী হিসেবে কোনো স্বীকৃত পেশাজীবী সংস্থার সদস্যপদ নবায়ন করতে রিটার্ন জমা বাধ্যতামূলক। বিয়ের রেজিস্ট্রার হিসেবে লাইসেন্সপ্রাপ্তি বা নবায়ন করতে, ট্রেডবডি বা কোনো বাণিজ্যিক সংগঠনের সদস্যপদ প্রাপ্তি ও বহাল রাখতে, স্ট্যাম্প, কোর্ট ফি ও কার্টিজ পেপারের ভেন্ডর বা দলিল লেখক হিসেবে লাইসেন্স নবায়নে এবং ড্রাগ লাইসেন্স, ফায়ার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বিএসটিআই লাইসেন্স, বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্স, কাস্টমস এজেন্ট লাইসেন্স, ফ্রেইট ফরওয়ার্ডিং লাইসেন্স ও বায়িং হাউস নিবন্ধন প্রাপ্তি ও নবায়নে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। 
যে কোনো এলাকায় গ্যাসের বাণিজ্যিক ও শিল্প সংযোগ প্রাপ্তি ও বহাল রাখতে এবং সিটি করপোরেশন এলাকায় আবাসিক গ্যাস সংযোগ পেতে, সিটি করপোরেশন বা ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় বিদ্যুৎ সংযোগ পেতে, ভাড়ায় চালিত নৌযানের সার্ভে সার্টিফিকেট পেতে ও বহাল রাখতে এবং পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইট উৎপাদনের অনুমতি প্রাপ্তি ও নবায়নে কর রিটার্ন বাধ্যতামূলক। 

সিটি করপোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তিতে, কোম্পানির এজেন্সি বা ডিস্ট্রিবিউটরশিপ পেতে ও বহাল রাখতে, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে ও বহাল রাখতে, আমদানির উদ্দেশ্যে ঋণপত্র খুলতে, ১০ লক্ষাধিক টাকার মেয়াদি আমানত খোলা ও বহাল রাখতে এবং ১০ লক্ষাধিক টাকার সঞ্চয়পত্র কিনতে কর রিটার্ন বাধ্যতামূলক করা হয়েছে। 
পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ, সিটি করপোরেশন বা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে, ব্যবস্থাপনা বা প্রশাসনিক বা উৎপাদন কার্যক্রমের তত্ত্বাবধানকারী পদমর্যাদায় কর্মরত ব্যক্তির বেতন-ভাতা প্রাপ্তিতে, স্বাভাবিক ব্যক্তি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইল ব্যাংকিং বা ইলেক্ট্রনিক উপায়ে টাকা স্থানান্তরের মাধ্যমে এবং মোবাইল ফোনের হিসাব রিচার্জের মাধ্যমে কমিশন, ফি বা অন্য কোনো অর্থ প্রাপ্তির ক্ষেত্রে, অ্যাডভাইজরি, ক্যাটারিং ও ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস, জনবল সরবরাহ, নিরাপত্তা সেবা সরবরাহ বাবদ কোনো কোম্পানি থেকে কোনো অর্থ প্রাপ্তিতে রিটার্ন জমা বাধ্যতামূলক। 

বীমা কোম্পানির এজেন্সি সার্টিফিকেট নিবন্ধন বা নবায়নে, দ্বিচক্র বা ত্রিচক্র মোটরযান ব্যতীত অনান্য মোটরযানের নিবন্ধন, মালিকানা পরিবর্তন বা ফিটনেস নবায়নকালে, এনজিওবিষয়ক ব্যুরোতে নিবন্ধিত এনজিও বা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি থেকে লাইসেন্সপ্রাপ্ত ক্ষুদ্রঋণ সংস্থার অনুকূলে বিদেশি অনুদানের অর্থ ছাড় করতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে লাইসেন্সিং অথরিটির কাছ থেকে লাইসেন্স নবায়নে, কোম্পানি আইন এবং সোসাইটিজ নিবন্ধন আইনের অধীন নিবন্ধিত কোনো ক্লাবের সদস্যপদ লাভ ও নবায়নে, পণ্য সরবরাহ, চুক্তি সম্পাদন বা সেবা সরবরাহের উদ্দেশ্যে টেন্ডার ডকুমেন্টস দাখিলকালে এবং পণ্য আমদানি বা রপ্তানির উদ্দেশ্যে বিল অব এন্ট্রি দাখিলকালে আয়কর রিটার্ন বাধ্যতামূলক। 

আরও পড়ুন

×